১৩ বছরের প্রেম, বিচ্ছেদ পেরিয়ে গৌতমকেই কেন জীবনসঙ্গী করেন কাজল

বন্ধুত্ব থেকে প্রেম, এরপর বিচ্ছেদ। তবে সম্পর্কের ইতি ঘটলেও বন্ধুত্বে ভাটা পড়েনি তাদের। দুজনই আলাদা সম্পর্কে জড়িয়েছিলেন, কিন্তু একে অপরের প্রতি টান রয়ে গিয়েছিল। একসময় তারা উপলব্ধি করেন, জীবনটা একসঙ্গে কাটানোর জন্যই হয়তো তাদের আবার কাছাকাছি আসা। শেষ পর্যন্ত সাবেক প্রেমিক গৌতম কিচলুকেই জীবনসঙ্গী হিসেবে বেছে নেন দক্ষিণী অভিনেত্রী কাজল আগরওয়াল।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজেদের প্রেম, বিচ্ছেদ এবং পুনরায় এক হওয়ার গল্প শুনিয়েছেন অভিনেত্রী। জানিয়েছেন, কীভাবে কোভিড মহামারির সময় তাদের সম্পর্কের সমীকরণ বদলে যায়।
নিজের প্রেমের গল্প বলতে গিয়ে কাজল বলেন, ‘আমি সত্যিই ভাগ্যবতী। নিজের সবচেয়ে ভালো বন্ধুকেই বিয়ে করেছি।’
এক বন্ধুর বিয়ের অনুষ্ঠানে গৌতমের সঙ্গে পরিচয় হয় কাজলের। সেই পরিচয় থেকেই ধীরে ধীরে তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। প্রায় ১৩ বছর আগে প্রেমের সম্পর্কে জড়ান তারা। তবে একপর্যায়ে নানা কারণে সেই সম্পর্ক ভেঙে যায়।
কিন্তু বিচ্ছেদের পরও তাদের বন্ধুত্ব অটুট ছিল। দুজনই পরবর্তী সময়ে অন্য মানুষের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন। তারপরও একে অপরের প্রতি বিশেষ টান অনুভব করতেন তারা। বিষয়টি বুঝতে পারার পর একসময় উপলব্ধি করেন, তাদের একসঙ্গে থাকাই উচিত।
কাজলের ভাষায়, ‘আমরা আলাদা হয়ে গিয়েছিলাম। বন্ধু থেকেছি, অন্য মানুষের সঙ্গেও সম্পর্কে জড়িয়েছি। তারপর বুঝতে পেরেছি, আসলে আমাদের একসঙ্গেই থাকার কথা।’

কোভিড মহামারি তাদের এই উপলব্ধিকে আরও গভীর করে তোলে। কাজল জানান, যখন পুরো পৃথিবী অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছিল, তখনই তারা আবার একসঙ্গে থাকার সিদ্ধান্ত নেন। তবে এবার সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে কোনো দ্বিধা রাখতে চাননি অভিনেত্রী। গৌতমকে স্পষ্ট জানিয়ে দেন, বিয়েতে রাজি হলেই কেবল নতুন করে সম্পর্ক শুরু করবেন।
কাজল বলেন, ‘আমি ওকে বলেছিলাম, এবার হয় আমাকে বিয়ে করো, নয়তো বিদায়। এবার আর অন্য কোনো পথ নেই।’
অভিনেত্রীর মতে, দীর্ঘদিনের পরিচয় ও একসঙ্গে পথচলার কারণে তাদের একে অপরকে নতুন করে জানার তেমন কিছু বাকি ছিল না। দুজনই পরস্পরের ভালো-মন্দ, পছন্দ-অপছন্দ এবং জীবনের নানা উত্থান-পতন সম্পর্কে জানতেন। ফলে সম্পর্ককে নতুনভাবে শুরু করার ক্ষেত্রে তাঁদের মধ্যে বোঝাপড়ার অভাব ছিল না।
মহামারির সময় কাজের ব্যস্ততা কিছুটা কমে যাওয়ায় ব্যক্তিগত জীবনকে সময় দেওয়ার সুযোগ পান তারা। কাজল বলেন, ‘লকডাউন আমাদের নিজেদের জীবনটাকে নতুন করে দেখার সুযোগ করে দিয়েছিল। সব সময় কাজের পেছনে ছুটতে ছুটতে ব্যক্তিগত জীবনের দিকে তাকানোর অবকাশ ছিল না। সেই সময়টাতেই আমরা একে অপরকে আরও বেশি করে সময় দিতে পেরেছিলাম।’
এভাবেই দীর্ঘদিনের সম্পর্ক, বিচ্ছেদ এবং বন্ধুত্বের পথ পেরিয়ে আবার এক হন কাজল ও গৌতম। ২০২০ সালের অক্টোবরে ঘরোয়া আয়োজনে বিয়ে করেন তারা। কোভিড মহামারির বিধিনিষেধের কারণে অল্পসংখ্যক অতিথির উপস্থিতিতে ছোট পরিসরেই সম্পন্ন হয় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা।



