ঘুমের জন্য কোন রঙের আলো ভালো, যেগুলো এড়িয়ে চলা জরুরি

রাতে ঠিক সময়ে ঘুম না আসার পেছনে জীবনযাপনের পাশাপাশি ঘরের আলোরও বড় ভূমিকা রয়েছে। বিশেষ করে সন্ধ্যার পর অতিরিক্ত উজ্জ্বল আলো ও নীল আলোর সংস্পর্শে থাকলে ঘুমের স্বাভাবিক ছন্দ ব্যাহত হতে পারে। তাই রাতে ঘুমের পরিবেশ তৈরি করতে আলোর রং ও তীব্রতার দিকে নজর দেওয়া জরুরি।
বিশেষজ্ঞদের মতে, দিনের আলো আমাদের কর্মচঞ্চল রাখে। অন্যদিকে সূর্যাস্তের সময়ের লালচে আলো এবং রাতের অন্ধকার শরীরকে ঘুমের জন্য প্রস্তুত হতে সাহায্য করে। কিন্তু আধুনিক জীবনযাত্রায় রাতে কৃত্রিম আলোর ব্যবহার বেড়ে যাওয়ায় অনেকের ঘুমের স্বাভাবিক চক্র ব্যাহত হচ্ছে।
নীল আলো কেন ঘুমের শত্রু?
রাতেও মুঠোফোন, ট্যাব, কম্পিউটার ও টেলিভিশনের পর্দায় দীর্ঘ সময় কাটান অনেকে। এসব ডিজিটাল যন্ত্র থেকে নির্গত নীল আলো শরীরে মেলাটোনিন হরমোনের নিঃসরণ কমিয়ে দিতে পারে। মেলাটোনিন ঘুম নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফলে নীল আলোর সংস্পর্শে থাকলে সহজে ঘুম আসতে চায় না।
শুধু নীল রঙের বাল্বই নয়, স্মার্টফোন, ট্যাব, টেলিভিশন, কম্পিউটার, গেমিং সিস্টেম, এলইডি ও ফ্লুরোসেন্ট বাতিও নীল আলোর উৎস হতে পারে। এ ছাড়া যেকোনো রঙের অতিরিক্ত উজ্জ্বল আলোতে দীর্ঘ সময় থাকলেও ঘুম আসতে সমস্যা হতে পারে।
ঘুমের জন্য কোন রঙের আলো ভালো?
বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, সন্ধ্যার পর ঘরে হলুদ, কমলা কিংবা লালচে রঙের মৃদু আলো ব্যবহার করা ভালো। এসব উষ্ণ রঙের আলো ঘুমের প্রস্তুতির জন্য তুলনামূলক উপযোগী।
বিশেষ করে লাল আলোকে ঘুমের সময় ব্যবহারের জন্য ভালো বিকল্প হিসেবে বিবেচনা করা হয়। হলুদ ও কমলা আলোও ব্যবহার করতে পারেন। তবে আলো যেন অতিরিক্ত উজ্জ্বল না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।
অন্যদিকে নীল রঙের ডিমলাইট ব্যবহার করা থেকে বিরত থাকুন। নীল আলোর মতো অতটা ক্ষতিকর না হলেও ঘুমের সময় সবুজ রঙের ডিমলাইটও এড়িয়ে চলা ভালো।
ঘুমানোর আগে যেসব অভ্যাস বদলাবেন
ঘুমের অন্তত দুই থেকে তিন ঘণ্টা আগে থেকেই ঘরের আলোর তীব্রতা কমিয়ে আনার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। এ সময় ঘরে উষ্ণ রঙের আলো ব্যবহার করতে পারেন। সন্ধ্যার পর জানালা দিয়ে বাইরের উজ্জ্বল আলো প্রবেশ করলে পর্দা টেনে দেওয়াও ভালো।
এ ছাড়া ঘুমানোর দুই থেকে তিন ঘণ্টা আগে মুঠোফোন, ট্যাব, টেলিভিশন ও কম্পিউটার ব্যবহার বন্ধ করতে পারলে সবচেয়ে ভালো। একান্ত প্রয়োজন হলে এসব যন্ত্রের ব্রাইটনেস কমিয়ে নাইট মোড চালু রাখতে পারেন। তবে এ ক্ষেত্রেও ব্যবহার যতটা সম্ভব সীমিত রাখা উচিত। প্রয়োজনে মানসম্মত ব্লু লাইট ব্লকিং চশমা ব্যবহার করা যেতে পারে।
ঘুমের ঘরে আলো নয়, অন্ধকারই ভালো
ঘুমানোর সময় ঘর যতটা সম্ভব অন্ধকার রাখা সবচেয়ে ভালো অভ্যাস। একান্তই ডিমলাইট প্রয়োজন হলে কম উজ্জ্বলতার লাল, হলুদ কিংবা কমলা আলো বেছে নিতে পারেন। তবে ঘুমের পরিবেশ তৈরির পাশাপাশি নিয়মিত সময়ে ঘুমাতে যাওয়া এবং ঘুমের আগে অতিরিক্ত আলো থেকে দূরে থাকাও জরুরি।
মনে রাখতে হবে, শুধু নির্দিষ্ট সময়ে বিছানায় গেলেই ভালো ঘুম নিশ্চিত হয় না। ঘুমের আগে কী ধরনের আলোতে সময় কাটাচ্ছেন, সেটিও ঘুমের স্বাভাবিক ছন্দ বজায় রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।



