১৬ নভেম্বর, ২০২৬ | সোমবারবাংলা: ১ অগ্রহায়ণ ১৪৩৩
জীবনযাপন

শীতে ত্বকের আর্দ্রতা ধরে রাখতে গ্লিসারিন কতটা কার্যকর?

Glycerin_for_face

শীত এলেই ত্বকে দেখা দেয় শুষ্কতা ও রুক্ষ ভাব। আবহাওয়ার আর্দ্রতা কমে যাওয়ায় ত্বক হারাতে থাকে স্বাভাবিক কোমলতা। এ সময় ত্বকের যত্নে অনেকেই ব্যবহার করেন বিভিন্ন ধরনের প্রসাধনী। তবে নামীদামি প্রসাধনীর পাশাপাশি ত্বকের আর্দ্রতা ধরে রাখতে কার্যকর ভূমিকা রাখতে পারে গ্লিসারিন।

উদ্ভিজ্জ তেল বা প্রাণীজ চর্বি থেকে পাওয়া প্রাকৃতিক এই যৌগটি ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। এটি বাতাস ও আশপাশের পরিবেশ থেকে পানি শোষণ করে ত্বকের বাইরের স্তর আর্দ্র রাখতে ভূমিকা রাখে। ত্বকের উপরিভাগের আর্দ্রতা বাড়ানোর ক্ষেত্রে ল্যাকটিক অ্যাসিড, গ্লাইকোলিক অ্যাসিড, হায়ালুরোনিক অ্যাসিড, প্রোপিলিন গ্লাইকল ও বিউটিলিন গ্লাইকলের মতো উপাদানের তুলনায় গ্লিসারিন বেশ কার্যকর।

ত্বকের যত্নে গ্লিসারিনের উপকারিতা

গ্লিসারিন ত্বকের আর্দ্রতা ধরে রাখার পাশাপাশি ত্বকের স্বাভাবিক সুরক্ষাস্তর মজবুত করতেও সাহায্য করে। এর কয়েকটি উল্লেখযোগ্য উপকারিতা হলো—

ত্বকের আর্দ্রতা বজায় রাখে: গ্লিসারিন ত্বকের বাইরের স্তরে আর্দ্রতা ধরে রাখে। ফলে শীতের শুষ্ক আবহাওয়াতেও ত্বক থাকে সজীব ও কোমল।

ত্বকের সুরক্ষাস্তর শক্তিশালী করে: এটি ত্বকের প্রাকৃতিক সুরক্ষাস্তর উন্নত করতে সাহায্য করে। ফলে বাইরের পরিবেশের ক্ষতিকর উপাদান থেকে ত্বক কিছুটা সুরক্ষা পায়।

Advertisements

ধুলাবালি ও জ্বালাপোড়া থেকে সুরক্ষা দেয়: ত্বকের সুরক্ষাস্তর ভালো রাখতে সহায়তা করায় বাইরের ধুলাবালি ও জ্বালাপোড়া সৃষ্টিকারী উপাদানের প্রভাব কমাতে ভূমিকা রাখতে পারে।

ক্ষত নিরাময়ে সহায়তা করে: ত্বকের আর্দ্রতা বজায় রেখে ক্ষতিগ্রস্ত ত্বকের স্বাভাবিক নিরাময়প্রক্রিয়ায় সহায়তা করে।

রুক্ষতা দূর করে: শুষ্ক ও খসখসে ত্বককে নরম রাখতে সাহায্য করে। পাশাপাশি সোরিয়াসিসের মতো কিছু ত্বকের সমস্যায় শুষ্কতা কমাতেও ভূমিকা রাখতে পারে।

গ্লিসারিন ব্যবহারে যেসব বিষয়ে সতর্ক থাকবেন

গ্লিসারিন সাধারণত ত্বকের জন্য উপকারী হলেও এর ব্যবহারে কিছু বিষয়ে সতর্ক থাকা জরুরি। বিশেষ করে বাতাসে আর্দ্রতা খুব কম থাকলে গ্লিসারিন আশপাশ থেকে পর্যাপ্ত পানি সংগ্রহ করতে পারে না। এ অবস্থায় এটি ত্বকের ভেতরের স্তর থেকে আর্দ্রতা টেনে নিতে পারে, ফলে ত্বক আরও শুষ্ক হয়ে যাওয়ার আশঙ্কা থাকে।

এ ছাড়া ঘন বা অপরিশোধিত গ্লিসারিন সরাসরি ত্বকে ব্যবহার করলে অস্বস্তি কিংবা জ্বালাপোড়া হতে পারে। তাই সরাসরি গ্লিসারিন ব্যবহারের পরিবর্তে গ্লিসারিনযুক্ত লোশন বা ক্রিম বেছে নেওয়া ভালো।

মুখে গ্লিসারিন ব্যবহারের নিয়ম

মুখে গ্লিসারিন ব্যবহারের আগে ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে মুখ পরিষ্কার করে নিতে হবে। এরপর সামান্য গ্লিসারিন পানির সঙ্গে মিশিয়ে পাতলা করে তুলার প্যাড বা টিস্যুর সাহায্যে আলতোভাবে মুখে লাগানো যায়। কয়েক মিনিট অপেক্ষা করার পর পরিষ্কার পানি দিয়ে মুখ ধুয়ে নিতে হবে।

গ্লিসারিনের সঙ্গে গোলাপজল মিশিয়েও ব্যবহার করা যায়। গোলাপজল ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সহায়তা করে। এ ছাড়া প্রতিদিনের ব্যবহারের লোশন বা ক্রিমের সঙ্গেও অল্প পরিমাণ গ্লিসারিন মিশিয়ে নেওয়া যেতে পারে।

সম্ভাব্য পার্শ্বপ্রতিক্রিয়া

গ্লিসারিন ব্যবহারে সাধারণত বড় ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায় না। তবে কারও কারও ক্ষেত্রে এতে অ্যালার্জিজনিত প্রতিক্রিয়া হতে পারে। ব্যবহারের পর ত্বক লাল হয়ে যাওয়া, চুলকানি বা জ্বালাপোড়ার মতো সমস্যা দেখা দিলে গ্লিসারিন ব্যবহার বন্ধ করতে হবে।

শীতকালে ত্বকের আর্দ্রতা ধরে রাখতে গ্লিসারিন কার্যকর উপাদান হলেও সঠিক নিয়মে ব্যবহার করাই গুরুত্বপূর্ণ। ত্বকের ধরন ও পরিবেশের আর্দ্রতা বিবেচনায় নিয়ে গ্লিসারিনযুক্ত প্রসাধনী বেছে নিলে শুষ্কতা মোকাবিলায় উপকার পাওয়া যেতে পারে।

Advertisements