১৭ নভেম্বর, ২০২৬ | মঙ্গলবারবাংলা: ২ অগ্রহায়ণ ১৪৩৩
ধর্ম

‘স্বাধীনতা দেব’ বললেই কি স্ত্রী তালাক হয়ে যাবেন?

depositphotos_444798190-stock-photo-aggressive-muslim-husband-shouting-at

দাম্পত্য জীবনে মতের অমিল বা কোনো বিষয়ে মতবিরোধের জেরে স্বামী-স্ত্রীর মধ্যে নানা কথা হতে পারে। কখনো রাগ বা অভিমানের বশে এমন কিছু শব্দও উচ্চারিত হয়, যা নিয়ে পরে তৈরি হয় সংশয়। বিশেষ করে তালাকের মতো স্পর্শকাতর বিষয়ে কোন কথায় তালাক কার্যকর হয়, তা জানা জরুরি। স্বামী যদি কোনো বিষয়ে স্ত্রীকে প্রথমে নিষেধ করেন, কিন্তু স্ত্রীর বারবার অনুরোধের মুখে বলেন, ‘তুমি যদি স্বাধীনতা চাও, আমি তোমাকে স্বাধীনতা দেব’—তাহলে কি এই কথায় তালাক কার্যকর হবে?

ইসলামি শরিয়তের বিধান অনুযায়ী, ভবিষ্যতে তালাক দেওয়ার প্রতিশ্রুতি বা ইচ্ছা প্রকাশ করে এমন বাক্যের মাধ্যমে তালাক কার্যকর হয় না। তালাক সংঘটিত হওয়ার জন্য শরিয়তসম্মতভাবে কার্যকর শব্দ বা বাক্য ব্যবহার করতে হয়। এ বিষয়ে আল্লামা ইবনে আবেদীন শামী (রহ.) বলেছেন, ভবিষ্যৎকাল নির্দেশক শব্দ ব্যবহারের মাধ্যমে তালাক কার্যকর হয় না।

এ প্রসঙ্গে ইমাম মুহাম্মদ (রহ.)-এর একটি উদাহরণও রয়েছে। কোনো নারী তার স্বামীকে বললেন, ‘তুমি যদি আমাকে তিন তালাক দাও, তাহলে তুমি এক হাজার দিরহাম পাবে।’ জবাবে স্বামী বললেন, ‘হ্যাঁ, আমি তোমাকে তালাক দেব।’ এ কথার মাধ্যমে তালাক কার্যকর হবে না। বরং স্বামী যতক্ষণ পর্যন্ত বাস্তবে তালাক না দিচ্ছেন, ততক্ষণ তিনি ওই এক হাজার দিরহাম পাওয়ার অধিকারী হবেন না।

একইভাবে, ‘আমি তোমাকে স্বাধীনতা দেব’—এ কথাটিও ভবিষ্যৎকাল নির্দেশ করে। তাই শুধু এই বাক্য উচ্চারণের কারণে স্ত্রীর তালাক হয়ে যাবে না।

তবে তালাক অত্যন্ত স্পর্শকাতর একটি বিষয়। এ নিয়ে কথা বলার সময় সতর্ক থাকা জরুরি। রাগের মাথায় কিংবা ঠাট্টাচ্ছলেও তালাকের শব্দ ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে।

হাদিসে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, তিনটি বিষয়ে ঠাট্টা-তামাশা করাও বৈধ নয়। বিষয়গুলো হলো—বিবাহ, তালাক ও দাসমুক্তি। (মাজমাউয যাওয়ায়েদ, হাদিস: ৭৭৬৫)

Advertisements
Advertisements