চল্লিশ পেরোলেই শরীরের যত্নে বাড়তি সতর্কতা, সুস্থ থাকতে স্ট্যানফোর্ডের ৫ পরামর্শ

বয়স চল্লিশের ঘরে পা রাখার পর শরীরে নানা পরিবর্তন আসতে শুরু করে। আগের মতো কর্মক্ষমতা থাকে না, অল্প পরিশ্রমেই ক্লান্তি ভর করে। কখনো বাড়ে ওজন, কখনো পেশি ও হাড়ের শক্তি কমতে থাকে। পঞ্চাশের কোঠায় পৌঁছালে এসব পরিবর্তনের প্রভাব আরও স্পষ্ট হতে পারে। তবে বয়স বাড়লেই যে অসুস্থতা অনিবার্য, তা নয়। বরং মধ্যবয়সে জীবনযাপনে কিছু পরিবর্তন আনতে পারলে পরবর্তী জীবনে সুস্থ থাকার সম্ভাবনা অনেকটাই বাড়ে।
যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড মেডিসিনের বিশেষজ্ঞরা চল্লিশ ও পঞ্চাশের কোঠায় শারীরিক ও মানসিক সুস্থতা ধরে রাখতে পাঁচটি অভ্যাসের ওপর গুরুত্ব দিয়েছেন। তাঁদের মতে, সুস্থ জীবনযাপনের শুরু করার জন্য কখনোই দেরি হয়ে যায় না।
১. পেশি ও হাড়ের শক্তি ধরে রাখুন
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরে পেশির পরিমাণ ও শক্তি কমতে থাকে। চল্লিশের পর থেকে প্রতিবছর প্রায় ১ শতাংশ পেশি হারাতে পারেন একজন ব্যক্তি। চিকিৎসাবিজ্ঞানে এই অবস্থাকে বলা হয় সারকোপেনিয়া। পেশিক্ষয় শুধু শারীরিক শক্তিই কমায় না, শরীরের ভারসাম্য ও বিপাকক্রিয়াতেও প্রভাব ফেলে। এ সমস্যা মোকাবিলায় নিয়মিত শরীরচর্চার বিকল্প নেই। সপ্তাহে অন্তত দুই দিন পেশির শক্তি বাড়ানোর ব্যায়াম করা প্রয়োজন। স্কোয়াট, লাঞ্জ, পুশআপ কিংবা ডাম্বেল দিয়ে ব্যায়াম হতে পারে ভালো উপায়। পাশাপাশি সপ্তাহে অন্তত ১৫০ মিনিট দ্রুত হাঁটার মতো মাঝারি মাত্রার শরীরচর্চা অথবা ৭৫ মিনিট দৌড়ানো কিংবা সাইকেল চালানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। স্ট্যানফোর্ড লাইফস্টাইল মেডিসিনের পরিচালক অধ্যাপক মাইকেল ফ্রেডরিকসনের মতে, পেশির বৃদ্ধি নিশ্চিত করতে ব্যায়ামের সময় পেশিকে যথেষ্ট পরিশ্রমের মধ্যে নিতে হবে। তবে বয়স, শারীরিক সক্ষমতা ও স্বাস্থ্যগত অবস্থা বিবেচনায় ব্যায়ামের ধরন ঠিক করা জরুরি।
২. খাবারের তালিকায় আনুন পরিবর্তন
মধ্যবয়সে হরমোনের পরিবর্তন এবং শারীরিক পরিশ্রম কমে যাওয়ার কারণে অনেকের ওজন বাড়তে থাকে। একই সঙ্গে হৃদ্রোগ, ডায়াবেটিস ও হাড়ের ক্ষয়জনিত সমস্যার ঝুঁকিও বাড়ে। তাই এ সময় খাবারের বিষয়ে সচেতন হওয়া প্রয়োজন।
বিশেষজ্ঞদের পছন্দের খাদ্যাভ্যাসগুলোর একটি হলো মেডিটেরানিয়ান ডায়েট। এতে শাকসবজি, ফলমূল, ডাল, বাদাম, গোটা শস্য এবং স্বাস্থ্যকর চর্বিযুক্ত খাবারকে প্রাধান্য দেওয়া হয়। রান্নায় অলিভ অয়েল ব্যবহার করা হয়। অন্যদিকে অতিরিক্ত চিনি, প্রক্রিয়াজাত খাবার, কোমল পানীয়, ফাস্ট ফুড ও লাল মাংসের পরিমাণ সীমিত রাখা হয়।
চল্লিশের পর খাবারে প্রোটিনের পরিমাণের দিকেও নজর দিতে হবে। পেশিক্ষয় ঠেকাতে প্রতিদিন প্রতি কেজি শরীরের ওজনের বিপরীতে প্রায় ১ থেকে ১ দশমিক ২ গ্রাম প্রোটিন গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি রক্তে শর্করা ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে প্রতিদিন ২৫ থেকে ৩১ গ্রাম আঁশযুক্ত খাবার খাওয়া উপকারী। তবে ক্যালরির পরিমাণ কমানোর সময় পুষ্টির ঘাটতি যেন না হয়, সেদিকেও খেয়াল রাখতে হবে।
৩. ঘুমকে অবহেলা করবেন না
মধ্যবয়সে ঘুমের ধরনেও পরিবর্তন আসতে পারে। হরমোনের ওঠানামা, মানসিক চাপ ও শারীরিক নানা সমস্যার কারণে অনেকের ঘুমের ব্যাঘাত ঘটে। অথচ পর্যাপ্ত ঘুম না হলে শুধু সারাদিনের ক্লান্তিই বাড়ে না, দীর্ঘ মেয়াদে হৃদ্রোগ, ডায়াবেটিস ও মস্তিষ্কের কার্যক্ষমতা কমে যাওয়ার ঝুঁকিও তৈরি হয়।
স্ট্যানফোর্ড মেডিসিনের স্লিপ মেডিসিন বিভাগের প্রধান ক্লিট কুশিদার মতে, একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রতিদিন অন্তত সাত ঘণ্টা মানসম্মত ঘুম প্রয়োজন।
ঘুমের মান ভালো রাখতে প্রতিদিন একই সময়ে ঘুম থেকে ওঠার অভ্যাস করুন। সকালে কিছুক্ষণ প্রাকৃতিক আলোতে থাকুন। রাতে ঘুমানোর আগে মুঠোফোন, টেলিভিশন কিংবা অন্যান্য পর্দার ব্যবহার কমিয়ে আনুন। ভারী খাবার ও ব্যায়ামও ঘুমের ঠিক আগে এড়িয়ে চলা ভালো। বিশেষ করে পর্যাপ্ত সময় ঘুমানোর পরও যদি দিনের বেলা অতিরিক্ত ক্লান্তি থাকে, নাক ডাকার সমস্যা হয় কিংবা ঘুমের মধ্যে শ্বাস আটকে আসে, তাহলে বিষয়টি অবহেলা করা ঠিক নয়। স্লিপ অ্যাপনিয়া বা অনিদ্রার মতো সমস্যার জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।
৪. অসুস্থ হওয়ার অপেক্ষা নয়, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা
অনেক দীর্ঘমেয়াদি রোগের শুরুতে তেমন কোনো লক্ষণ দেখা যায় না। উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস কিংবা ক্যানসার নীরবে শরীরে বাসা বাঁধতে পারে। তাই অসুস্থ বোধ করার অপেক্ষা না করে বয়স ও ঝুঁকি অনুযায়ী নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানো জরুরি।
বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, রক্তচাপ, রক্তে শর্করা ও কোলেস্টেরলের মাত্রা নিয়মিত পর্যবেক্ষণ করা উচিত। যুক্তরাষ্ট্রের প্রিভেন্টিভ সার্ভিসেস টাস্ক ফোর্সের নির্দেশনা অনুযায়ী, ৪৫ বছর বয়স থেকে কোলোরেক্টাল ক্যানসার শনাক্তে পরীক্ষা শুরু করা প্রয়োজন। নারীদের ৪০ বছর বয়স থেকে প্রতি দুই বছর অন্তর ম্যামোগ্রাম এবং পুরুষদের ৫৫ বছর বয়স থেকে চিকিৎসকের সঙ্গে আলোচনা করে প্রোস্টেট ক্যানসার পরীক্ষার বিষয়টি বিবেচনা করা যেতে পারে।
এ ছাড়া বয়স ও স্বাস্থ্যগত ঝুঁকি অনুযায়ী ফ্লু, কোভিড-১৯ এবং ৫০ বছর বয়সে শিংগলসের টিকা নেওয়ার বিষয়েও চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
৫. মানসিক চাপ কমান, সম্পর্কের যত্ন নিন
মধ্যবয়সে দায়িত্বের পরিধি অনেক বেড়ে যায়। কর্মক্ষেত্রের চাপ, আর্থিক চিন্তা, সন্তান ও পরিবারের দায়িত্ব—সবকিছু সামলাতে গিয়ে অনেকেই নিজের মানসিক স্বাস্থ্যের দিকে নজর দিতে ভুলে যান। কিন্তু দীর্ঘদিনের মানসিক চাপ শরীরের ওপরও নেতিবাচক প্রভাব ফেলে। এটি হৃদ্যন্ত্রের স্বাস্থ্যের ক্ষতি করতে পারে এবং রোগপ্রতিরোধ ক্ষমতাকে প্রভাবিত করতে পারে।
স্ট্যানফোর্ড সেন্টার অন স্ট্রেস অ্যান্ড হেলথের পরিচালক ডেভিড স্পিগেল মানসিক চাপ সামলাতে মেডিটেশন ও শ্বাস-প্রশ্বাসের ব্যায়ামের পরামর্শ দিয়েছেন। পাশাপাশি পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটানো, পছন্দের কাজে যুক্ত থাকা এবং সামাজিক সম্পর্ক বজায় রাখাও জরুরি।
সামাজিক বিচ্ছিন্নতা যে স্বাস্থ্যের জন্য কতটা ক্ষতিকর, তা উঠে এসেছে ২৩ লাখ প্রাপ্তবয়স্কের তথ্য বিশ্লেষণ করা একটি গবেষণায়। সেখানে দেখা গেছে, সামাজিক বিচ্ছিন্নতা অকালমৃত্যুর ঝুঁকি প্রায় ৩০ শতাংশ বাড়িয়ে দিতে পারে। গবেষকদের তুলনায় এই ঝুঁকির প্রভাব দিনে ১৫টি সিগারেট খাওয়ার সমতুল্য। অর্থাৎ, সুস্থ থাকার জন্য শুধু শরীরচর্চা কিংবা পুষ্টিকর খাবারই যথেষ্ট নয়। নিজের মনের যত্ন নেওয়া, প্রিয়জনদের সঙ্গে যোগাযোগ রাখা এবং আনন্দের মুহূর্ত তৈরি করাও সমান গুরুত্বপূর্ণ।
চল্লিশ বা পঞ্চাশে পৌঁছানো মানেই শরীরের কাছে হার মেনে নেওয়া নয়। বরং এই সময়টিই হতে পারে নিজের স্বাস্থ্যের দায়িত্ব নতুন করে নেওয়ার উপযুক্ত সুযোগ। নিয়মিত ব্যায়াম, সুষম খাবার, পর্যাপ্ত ঘুম, স্বাস্থ্য পরীক্ষা এবং মানসিক প্রশান্তি—এই পাঁচ অভ্যাস ভবিষ্যতের সুস্থ জীবনের ভিত্তি গড়ে দিতে পারে।



