১৬ নভেম্বর, ২০২৬ | সোমবারবাংলা: ১ অগ্রহায়ণ ১৪৩৩
জীবনযাপন

সবাইকে ভালো রাখতে গিয়ে নিজেকেই ভুলে যাচ্ছেন না তো?

IMG-20261112-WA0004(1)

অন্যকে ভালো রাখতে গিয়ে আমরা প্রায়ই নিজের কথা ভুলে যাই। কারও মন খারাপ হলে তাকে সান্ত্বনা দিই, কেউ কষ্ট পেলে পাশে দাঁড়াই, প্রিয় মানুষের সামান্য অবহেলাতেও মন খারাপ করি। অথচ নিজের মন খারাপের দিনে নিজের প্রতিই সবচেয়ে বেশি অবহেলা করি। অন্যের কাছ থেকে ভালোবাসা, গুরুত্ব কিংবা স্বীকৃতি পাওয়ার অপেক্ষায় থাকতে থাকতে ভুলে যাই, নিজের কাছেও আমাদের ভালোবাসা পাওয়ার অধিকার রয়েছে। আর সেই অধিকার প্রতিষ্ঠার প্রথম ধাপ হলো নিজেকে ভালোবাসতে শেখা।

নিজেকে ভালোবাসা মানে নিজেকে স্বার্থপর করে তোলা কিংবা সব সময় নিজের ইচ্ছাকে প্রাধান্য দেওয়া নয়। বরং নিজের অনুভূতি, প্রয়োজন, সীমাবদ্ধতা ও সামর্থ্যকে গুরুত্ব দেওয়া। নিজেকে সম্মান করা এবং নিজের ভালো থাকার দায়িত্ব নিজে নেওয়াই আত্মভালোবাসার মূল কথা।

নিজের যত্ন নিন

শরীর ও মনের যত্ন নেওয়াও আত্মভালোবাসার গুরুত্বপূর্ণ অংশ। পর্যাপ্ত ঘুম, পুষ্টিকর খাবার, নিয়মিত হাঁটাহাঁটি এবং নিজের পছন্দের কাজের জন্য সময় রাখুন। ছোট ছোট অভ্যাসই ধীরে ধীরে ভালো থাকার ভিত্তি তৈরি করে।

ভুলের জন্য নিজেকে ক্ষমা করুন

জীবনে ভুল হবেই। কোনো সিদ্ধান্ত ভুল হয়েছে বলে নিজেকে বারবার দোষারোপ করবেন না। ভুল থেকে শিক্ষা নিন, প্রয়োজন হলে ক্ষমা চান এবং সামনে এগিয়ে যান। মনে রাখবেন, একটি ভুল আপনার পুরো পরিচয় নয়।

Advertisements

ক্ষতিকর সম্পর্ক থেকে দূরে থাকুন

যে সম্পর্ক বারবার আপনাকে ছোট করে, মানসিকভাবে বিপর্যস্ত করে কিংবা নিজের মূল্য নিয়ে সন্দেহ তৈরি করে, সেই সম্পর্কের সীমারেখা নির্ধারণ করুন। কাউকে ভালোবাসার অর্থ এই নয় যে তার সব আচরণ মেনে নিতে হবে।

নিজের সাফল্য উদ্‌যাপন করুন

সাফল্য মানেই বড় কোনো অর্জন নয়। কঠিন একটি দিন পার করা, নতুন কিছু শেখা কিংবা দীর্ঘদিনের পিছিয়ে থাকা কাজটি শুরু করাও সাফল্য। নিজের ছোট অর্জনগুলোকে স্বীকৃতি দিন।

নিজের জন্য সময় রাখুন

প্রতিদিন কিছুটা সময় শুধু নিজের জন্য রাখুন। বই পড়ুন, গান শুনুন, ঘুরতে যান কিংবা নিরিবিলি বসে নিজের সঙ্গে সময় কাটান। অন্যের উপস্থিতি ছাড়াও যে ভালো থাকা সম্ভব, তা অনুভব করার চেষ্টা করুন।

নিজেকে ছোট করে দেখা বন্ধ করুন

নিজের চেহারা, যোগ্যতা, বয়স কিংবা জীবনের অবস্থান নিয়ে নেতিবাচক মন্তব্য করা থেকে বিরত থাকুন। নিজেকে এমনভাবে কথা বলুন, যেভাবে প্রিয় কোনো মানুষকে সান্ত্বনা দিতেন।

প্রয়োজনে সাহায্য চান

সব সমস্যার সমাধান একা করতে হবে, এমন কোনো নিয়ম নেই। মানসিক চাপ দীর্ঘদিন স্থায়ী হলে কিংবা নিজের প্রতি নেতিবাচক ধারণা জীবনকে প্রভাবিত করলে বিশ্বস্ত মানুষ বা মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের সাহায্য নিন।

সবশেষে মনে রাখতে হবে, নিজেকে ভালোবাসা এক দিনের কোনো সিদ্ধান্ত নয়; এটি প্রতিদিনের চর্চা। কোনো দিন নিজের প্রতি ভালো লাগবে, কোনো দিন নিজের দুর্বলতাগুলোই বেশি চোখে পড়বে। তবু নিজেকে ছেড়ে দেওয়া যাবে না। কারণ জীবনের প্রতিটি পরিস্থিতিতে যে মানুষটি আপনার সঙ্গে থাকবেন, তিনি আপনি নিজেই। তাই অন্যের ভালোবাসা পাওয়ার অপেক্ষায় নিজের প্রতি ভালোবাসাটুকু আটকে রাখবেন না। নিজেকে গুরুত্ব দিন, নিজের পাশে দাঁড়ান। আপনিও ভালোবাসা পাওয়ার যোগ্য—নিজের কাছ থেকেও।

Advertisements