১৭ নভেম্বর, ২০২৬ | মঙ্গলবারবাংলা: ২ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলাদেশ

বিচ্ছেদের পর মেয়েকে দিতে রাজি না হওয়ায় স্বামীর ছুরিকাঘাতে প্রাণ গেল স্ত্রীর

0be7e6afc51ce2f6b840c50303f76603-6afb2090045c5

কুমিল্লার মুরাদনগরে কন্যাসন্তানকে নিজের কাছে রাখতে চাওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে সুখিয়া বেগম (৩০) নামে এক নারী নিহত হয়েছেন। সোমবার (১৬ নভেম্বর) দুপুরে উপজেলার কোম্পানীগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। 

নিহত সুখিয়া বেগম জেলার দেবীদ্বার উপজেলার বিনাইপাড় গ্রামের মালেক ফকিরের মেয়ে। তার প্রাক্তন স্বামী শরিফ মিয়া একই গ্রামের মধ্যপাড়া এলাকার তাজু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় নয় বছর আগে পারিবারিকভাবে শরিফ মিয়ার সঙ্গে সুখিয়া বেগমের বিয়ে হয়। তবে পারিবারিক কলহের জেরে তাদের দাম্পত্য জীবনে অশান্তি দেখা দেয়। একপর্যায়ে প্রায় পাঁচ মাস আগে তাদের বিবাহবিচ্ছেদ হয়। তাদের সংসারে সুমাইয়া আক্তার নামে আট বছর বয়সী একটি মেয়ে রয়েছে।

বিবাহবিচ্ছেদের পর থেকে মেয়ে সুমাইয়াকে নিজের কাছে নিতে চাইছিলেন শরিফ মিয়া। অন্যদিকে, মেয়েকে সঙ্গে নিয়ে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করতেন সুখিয়া বেগম।

নিহতের পরিবারের সদস্যদের দাবি, মেয়েকে প্রাক্তন স্বামীর কাছে দিতে রাজি না হওয়ায় সোমবার দুপুরে ক্ষুব্ধ হয়ে শরিফ মিয়া তাকে ছুরিকাঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হত্যার পর মরদেহ ঘটনাস্থলে ফেলে পালিয়ে যান শরিফ।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী জানান, বিবাহবিচ্ছেদের পর থেকে ওই দম্পতির মধ্যে বিরোধ চলছিল। সেই বিরোধের জেরেই ওই নারীকে হত্যা করা হয়েছে। অভিযুক্ত শরিফকে আটকের চেষ্টা চলছে।

Advertisements
Advertisements