১৩ নভেম্বর, ২০২৬ | শুক্রবারবাংলা: ২৮ কার্তিক ১৪৩৩
ধর্ম

মসজিদের পাশে কবর দিলে কি কমে কবরের আজাব, মেলে বিশেষ সওয়াব?

BeFunky-collage-(74)-6af6b304ba079

মৃত্যু পৃথিবীর প্রতিটি প্রাণীর জন্য অবধারিত সত্য। জন্মের মধ্য দিয়ে মানুষের পৃথিবীতে আগমন ঘটে, আর নির্ধারিত সময় শেষে তাকে মৃত্যুবরণ করতে হয়। দুনিয়ার কোনো শক্তি বা নিরাপদ আশ্রয়ই মানুষকে মৃত্যুর হাত থেকে রক্ষা করতে পারে না। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ‘প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।’ (সুরা আলে ইমরান, আয়াত: ১৮৫)

মৃত্যু থেকে পালিয়ে থাকার কোনো সুযোগ নেই। মানুষ পৃথিবীর যে প্রান্তেই অবস্থান করুক না কেন, নির্ধারিত সময়ে মৃত্যুর মুখোমুখি হতে হবে। এ প্রসঙ্গে পবিত্র কোরআনে বলা হয়েছে, ‘তোমরা যেখানেই থাক না কেন, মৃত্যু তোমাদের নাগাল পাবেই, চাই তোমরা সুরক্ষিত কোনো দুর্গেই অবস্থান করো না কেন।’ (সুরা নিসা, আয়াত: ৭৮)

ইসলামি বিধান অনুযায়ী, কোনো মুসলমান মারা গেলে তাকে দাফন করা আবশ্যক। আমাদের সমাজে অনেকের মধ্যেই মসজিদের পাশে কিংবা মসজিদের আঙিনায় কবর দেওয়ার প্রবণতা দেখা যায়। অনেকে আবার জীবদ্দশায় নিজের বা পরিবারের সদস্যদের কবর মসজিদের কাছাকাছি করার ইচ্ছা প্রকাশ করেন।

তাদের বিশ্বাস, মসজিদের আজান, নামাজ, কোরআন তেলাওয়াত ও জিকিরের বরকতে কবরবাসীরা উপকৃত হন। এমন ধারণাও প্রচলিত আছে যে, মসজিদ থেকে ভেসে আসা আজান ও কোরআন তেলাওয়াত মৃত ব্যক্তিরা শুনতে পান। কিন্তু প্রশ্ন হলো, মসজিদের পাশে কবর দিলে কি সত্যিই কবরের আজাব কমে? এতে কি বিশেষ কোনো সওয়াব পাওয়া যায়?

মসজিদের পাশে কবর দেওয়ার বিশেষ ফজিলত আছে কি?

ইসলামি শরিয়তে মসজিদের পাশে কিংবা মসজিদের আঙিনায় কবর দেওয়ার জন্য আলাদা কোনো ফজিলতের কথা উল্লেখ নেই। পবিত্র কোরআন বা নির্ভরযোগ্য হাদিসেও এমন কোনো প্রমাণ পাওয়া যায় না যে, মসজিদের কাছাকাছি দাফন করলে মৃত ব্যক্তির কবরের আজাব কমে যায় কিংবা তার জন্য বিশেষ সওয়াব নির্ধারিত হয়।

একজন মানুষের মৃত্যুর পরও যেসব কাজের সওয়াব অব্যাহত থাকে, সেগুলো মূলত তার জীবদ্দশায় করা নেক আমল এবং তার রেখে যাওয়া কল্যাণকর কাজের সঙ্গে সম্পর্কিত। তিনি কোথায় দাফন হলেন, তার ওপর এসব সওয়াব নির্ভর করে না।

Advertisements

এ প্রসঙ্গে মহানবী হজরত মুহাম্মদ (সা.) বলেছেন, ‘যখন মানুষ মারা যায়, তখন তার আমল বন্ধ হয়ে যায়। তবে তিনটি আমলের সওয়াব অব্যাহত থাকে—সদকায়ে জারিয়া, এমন জ্ঞান যা থেকে মানুষ উপকৃত হয় এবং নেক সন্তান, যে তার জন্য দোয়া করে।’ (সহিহ মুসলিম, হাদিস: ১৬৩১)

অর্থাৎ, কোনো ব্যক্তি জীবদ্দশায় মানুষের কল্যাণে সদকায়ে জারিয়া করে গেলে, উপকারী জ্ঞান রেখে গেলে কিংবা নেক সন্তান রেখে গেলে মৃত্যুর পরও তিনি এসব কাজের প্রতিদান পেতে পারেন। তিনি মসজিদের পাশে নাকি সাধারণ কবরস্থানে দাফন হলেন, তা এ ক্ষেত্রে মুখ্য নয়।

কবরকে বিশেষ মর্যাদা দেওয়া সম্পর্কে ইসলামের সতর্কতা

ইসলামে কবরকে কেন্দ্র করে অতিরিক্ত ভক্তি প্রদর্শন কিংবা কবরকে ইবাদতের স্থানে পরিণত করার বিষয়ে কঠোর সতর্কতা রয়েছে। কোনো ব্যক্তির কবরকে বিশেষ মর্যাদা দিয়ে সেখানে ইবাদত করার প্রবণতা থেকে শিরকের মতো গুরুতর অপরাধের আশঙ্কা তৈরি হতে পারে।

এ বিষয়ে রাসুলুল্লাহ (সা.) সতর্ক করে বলেছেন, ‘সাবধান! তোমাদের আগে যারা ছিল, তারা তাদের নবী ও নেককার ব্যক্তিদের কবরকে মসজিদে পরিণত করেছিল। তোমরা কবরকে মসজিদে পরিণত করো না। আমি তোমাদের এ থেকে কঠোরভাবে নিষেধ করছি।’ (সহিহ মুসলিম, হাদিস: ৫৩২)

এ বিষয়ে শায়খ আহমাদুল্লাহর বক্তব্য

আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ এ প্রসঙ্গে জানিয়েছেন, মসজিদের পাশে বা আঙিনায় কাউকে দাফন করলে তার কবরের আজাব কমে যায় কিংবা বিশেষ কোনো সওয়াব পাওয়া যায়—এমন বক্তব্যের পক্ষে কোরআন-হাদিসে কোনো ভিত্তি নেই। সেখানে কবর দেওয়ার কারণে মৃত ব্যক্তির আজাব মাফ হয়ে যাবে, এমন বিশ্বাসও সঠিক নয়।

তবে তার মতে, মসজিদের আশপাশে কবরস্থান থাকা ভালো। এর ফলে মুসল্লিরা নিয়মিত কবর জিয়ারত করতে পারেন এবং কবরবাসীদের জন্য দোয়া করার সুযোগ পান। কিন্তু মসজিদের পাশে বা আঙিনায় আলাদাভাবে একটি-দুটি কবর তৈরি করা সুন্নাহসম্মত নয়। বরং সাধারণ কবরস্থানে দাফন করাই সুন্নত।

পারিবারিক কবরস্থান করা কি জায়েজ?

সমাজে অনেক পরিবার নিজেদের সদস্যদের দাফনের জন্য আলাদা পারিবারিক কবরস্থান তৈরি করে। এ বিষয়ে শায়খ আহমাদুল্লাহ বলেন, অনেক সময় সামাজিক মর্যাদা প্রদর্শন কিংবা অহংকারের উদ্দেশ্যে এমন কবরস্থান তৈরি করা হয়। এ ধরনের উদ্দেশ্য থেকে বিরত থাকা উচিত।

তবে অহংকার বা লোকদেখানোর মানসিকতা না থাকলে পারিবারিক কবরস্থান তৈরিতে বাধা নেই। ইতিহাসে অনেক সাহাবি ও বিশিষ্ট ইমামকেও সাধারণ কবরস্থানে দাফন করা হয়েছে।

তিনি আরও জানান, কোনো ব্যক্তি কবরস্থানে গিয়ে সালাম দিলে সেই সালামের সঙ্গে সেখানকার সব কবরবাসীই সম্পৃক্ত হন।

সুতরাং, মসজিদের পাশে কবর দেওয়াকে বিশেষ সওয়াব অর্জন কিংবা কবরের আজাব কমানোর উপায় মনে করার কোনো শরয়ি ভিত্তি নেই। বরং মৃত ব্যক্তির জন্য দোয়া করা, সদকায়ে জারিয়া এবং তার রেখে যাওয়া ভালো কাজের ধারাবাহিকতা বজায় রাখাই বেশি গুরুত্বপূর্ণ।

Advertisements