মিথ্যা কসমের পরিণতি কতটা ভয়াবহ, কী বলে ইসলাম

মানুষের কথার ওপর বিশ্বাস ও আস্থাই সামাজিক সম্পর্কের অন্যতম ভিত্তি। কিন্তু সেই বিশ্বাস নষ্ট হয় যখন কেউ মিথ্যার আশ্রয় নেয়। বিশেষ করে নিজের বক্তব্যকে সত্য প্রমাণ করতে আল্লাহর নামে মিথ্যা কসম করা শুধু মানুষের সঙ্গে প্রতারণা নয়, বরং আল্লাহর নামেরও অবমাননা। ইসলামে এ ধরনের কাজকে গুরুতর কবিরা গুনাহ হিসেবে বিবেচনা করা হয়েছে।
হাদিস শরিফে রাসুলুল্লাহ (সা.) মিথ্যা কসমকে বড় গুনাহগুলোর একটি হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, কবিরা গুনাহের মধ্যে রয়েছে আল্লাহর সঙ্গে শিরক করা, মা-বাবার অবাধ্যতা করা, মানুষ হত্যা করা এবং মিথ্যা কসম করা। (সহিহ বুখারি, হাদিস: ৯৮৭)
মিথ্যা কসমের অন্যতম ক্ষতিকর দিক হলো, এটি মানুষের পারস্পরিক বিশ্বাস ও আস্থা নষ্ট করে। ব্যবসা-বাণিজ্যে পণ্যের গুণাগুণ নিয়ে মিথ্যা কসম করা, ঋণ অস্বীকার করতে আল্লাহর নাম ব্যবহার করা কিংবা ব্যক্তিগত স্বার্থে মিথ্যা সাক্ষ্য দেওয়া—এসবের মাধ্যমে অন্যের অধিকার ক্ষুণ্ন হয়।
পবিত্র কোরআনে আল্লাহ বলেন, ‘তোমরা আল্লাহর সঙ্গে কৃত অঙ্গীকারকে সামান্য মূল্যে বিক্রি করো না।’ (সুরা নাহল, আয়াত: ৯৫)
আল্লাহর নামে মিথ্যা কসম করে সাময়িকভাবে কেউ পার্থিব সুবিধা পেতে পারে। কিন্তু সেই সুবিধা প্রকৃত সফলতা নয়। বরং এ ধরনের আচরণ মানুষের নৈতিকতা ও চরিত্রকে দুর্বল করে এবং সমাজে অবিশ্বাসের পরিবেশ তৈরি করে।
বিশেষ করে মিথ্যা কসমের মাধ্যমে অন্যের সম্পদ আত্মসাৎ করা কিংবা কারও ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করার পরিণতি অত্যন্ত ভয়াবহ। এ প্রসঙ্গে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কসমের মাধ্যমে কোনো মুসলমানের সম্পদ আত্মসাৎ করে, সে আল্লাহর সঙ্গে এমন অবস্থায় সাক্ষাৎ করবে যে, আল্লাহ তার ওপর অসন্তুষ্ট থাকবেন। (সহিহ বুখারি, হাদিস: ২৬৭৩)
তাই দুনিয়ার সামান্য স্বার্থ হাসিলের জন্য আল্লাহর নাম ব্যবহার করে মিথ্যা বলা থেকে বিরত থাকা প্রত্যেকের দায়িত্ব। মিথ্যা কসমের অভ্যাস থেকে বাঁচতে কথা বলার আগে সতর্ক হওয়া, অপ্রয়োজনে কসম না করা এবং ভুল হলে তা স্বীকার করার মানসিকতা গড়ে তোলা জরুরি।
কেউ মিথ্যা কসম করে ফেললে তার উচিত আন্তরিকভাবে আল্লাহর কাছে তওবা করা। পাশাপাশি এর মাধ্যমে অন্য কারও সম্পদ বা অধিকার নষ্ট করে থাকলে তা ফিরিয়ে দেওয়া এবং ভবিষ্যতে এমন কাজ আর না করার দৃঢ় সংকল্প করা।



