১৩ নভেম্বর, ২০২৬ | শুক্রবারবাংলা: ২৮ কার্তিক ১৪৩৩
জীবনযাপন

এলিফ্যান্ট প্যারেন্টিং: সন্তানের স্বাধীনতা ও নিরাপত্তার মধ্যে ভারসাম্য

IMG-20261113-WA0018

সন্তানকে ভালোবাসা, আগলে রাখা এবং তার প্রতিটি প্রয়োজনে পাশে থাকা—অভিভাবকত্বের গুরুত্বপূর্ণ অংশ। তবে অতিরিক্ত শাসন বা নিয়ন্ত্রণ যেমন শিশুর স্বাভাবিক বিকাশে বাধা হতে পারে, তেমনি প্রয়োজনের সময় যথাযথ দিকনির্দেশনা না পাওয়াও তার জন্য ক্ষতিকর। এই দুইয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখার একটি ধারণা হলো ‘এলিফ্যান্ট প্যারেন্টিং’। এ পদ্ধতিতে অভিভাবকেরা সন্তানকে আবেগগত নিরাপত্তা ও ভালোবাসা দেওয়ার পাশাপাশি নিজের মতো করে বেড়ে ওঠার সুযোগ করে দেন।

সন্তান প্রতিপালনে অভিভাবকদের আচরণ ও দৃষ্টিভঙ্গিতে নানা পার্থক্য দেখা যায়। এলিফ্যান্ট প্যারেন্টিং তেমনই একটি প্রচলিত ধারণা। তবে এটি গবেষণায় স্বীকৃত কোনো নির্দিষ্ট অভিভাবকত্বের ধরন নয়। বরং মা-বাবার কিছু বিশেষ আচরণ ও সন্তান লালনপালনের পদ্ধতি বোঝাতে শব্দটি ব্যবহৃত হয়। এই পদ্ধতির প্রধান বৈশিষ্ট্য হলো সন্তানের সঙ্গে এমন একটি নিরাপদ সম্পর্ক তৈরি করা, যেখানে সে স্বাধীনভাবে নিজের অভিজ্ঞতা অর্জন করতে পারে। আবার কোনো সমস্যায় পড়লে মা-বাবার কাছে ফিরে এসে আশ্রয়, সান্ত্বনা ও সহযোগিতা পাওয়ার নিশ্চয়তাও থাকে।

যেসব আচরণে বোঝা যায় আপনি এলিফ্যান্ট প্যারেন্ট

সন্তানের অনুভূতিকে প্রাধান্য দেওয়া

এলিফ্যান্ট প্যারেন্টরা সন্তানের আবেগ ও মানসিক অবস্থাকে গুরুত্ব দেন। তার দিন কেমন কাটল, কোনো বিষয়ে মন খারাপ কি না কিংবা কোনো সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে কি না, তা জানার চেষ্টা করেন। পরীক্ষায় খারাপ ফল করলে সরাসরি বকাঝকা না করে এর পেছনের কারণ খুঁজে দেখেন। সন্তানের দুঃখ, ভয় কিংবা হতাশাকে ছোট করে দেখেন না।

সন্তানের মতামত মন দিয়ে শোনা

Advertisements

পরিবারের সিদ্ধান্তে শুধু বড়দের মতামতই গুরুত্বপূর্ণ—এমন ধারণায় বিশ্বাসী নন তারা। সন্তান কী ভাবছে, কী পছন্দ করছে কিংবা কোনো বিষয়ে তার আপত্তি আছে কি না, তা জানার চেষ্টা করেন। খেলাধুলা ও দৈনন্দিন কাজের ক্ষেত্রেও শিশুর পছন্দকে গুরুত্ব দেন। তবে তার সিদ্ধান্ত যেন নিরাপদ ও বয়সের উপযোগী হয়, সেদিকেও নজর রাখেন।

নিজের সমস্যার সমাধান নিজেকেই করতে শেখানো

সন্তান কোনো সমস্যায় পড়লেই অভিভাবক সবকিছু সমাধান করে দেন না। বরং পরিস্থিতি বুঝে তাকে নিজে চিন্তা করার সুযোগ দেন। ভুল করলে তা থেকে শিক্ষা নেওয়া এবং সমস্যার সমাধান খুঁজে বের করার অভ্যাস গড়ে তুলতে সহায়তা করেন। এতে শিশুর আত্মনির্ভরশীলতা ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়তে পারে।

নতুন অভিজ্ঞতা অর্জনে উৎসাহ দেওয়া

নতুন কিছু শেখা কিংবা চেষ্টা করার ক্ষেত্রে সন্তানকে অযথা বাধা দেন না এলিফ্যান্ট প্যারেন্টরা। যেমন, শিশু খেলার মাঠে একটু উঁচুতে উঠতে চাইলে তাকে সঙ্গে সঙ্গে থামিয়ে না দিয়ে কাছাকাছি থেকে নজর রাখেন। কীভাবে নিরাপদে কাজটি করা যায়, তা বুঝিয়ে দেন। অর্থাৎ ঝুঁকি সম্পর্কে সচেতন করলেও নতুন অভিজ্ঞতা থেকে তাকে বঞ্চিত করেন না।

ভয় ও দুশ্চিন্তায় পাশে থাকা

শিশু ভয় পেলে, মন খারাপ করলে কিংবা কোনো কারণে কান্না করলে তাকে চুপ করিয়ে দেওয়ার চেষ্টা করেন না। বরং তার অনুভূতি বোঝার চেষ্টা করেন এবং প্রয়োজন অনুযায়ী সান্ত্বনা দেন। এতে শিশু বুঝতে পারে, তার আবেগ প্রকাশের জন্য পরিবার একটি নিরাপদ জায়গা।

নিজের স্বপ্ন সন্তানের ওপর চাপিয়ে না দেওয়া

সন্তান কোন বিষয়ে আগ্রহী, কী করতে ভালোবাসে কিংবা ভবিষ্যতে কী হতে চায়—এসব বিষয়কে গুরুত্ব দেন তারা। নিজের অপূর্ণ স্বপ্ন পূরণের জন্য সন্তানকে নির্দিষ্ট খেলাধুলা, পড়াশোনা বা পেশা বেছে নিতে বাধ্য করেন না। তবে সাময়িক অনীহা বা বিরক্তির কারণে সে যেন চেষ্টা ছেড়ে না দেয়, সে বিষয়েও ইতিবাচকভাবে উৎসাহ দেন।

এলিফ্যান্ট প্যারেন্টিংয়ের ইতিবাচক প্রভাব

এ ধরনের অভিভাবকত্বের ফলে সন্তান ও মা-বাবার মধ্যে ঘনিষ্ঠ ও বিশ্বাসের সম্পর্ক তৈরি হতে পারে। শিশু নিজের অনুভূতি, চিন্তা ও সমস্যার কথা নির্দ্বিধায় প্রকাশ করতে শেখে। একই সঙ্গে তার মধ্যে এই বিশ্বাস তৈরি হয় যে বিপদের সময় পরিবার তার পাশে থাকবে। এমন নিরাপদ সম্পর্ক শিশুর আত্মবিশ্বাস, স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং সমস্যা সমাধানের দক্ষতা বিকাশে সহায়ক হতে পারে। পাশাপাশি জীবনের প্রতিকূল পরিস্থিতি মোকাবিলার মানসিক প্রস্তুতিও তৈরি হয়।

অতিরিক্ত আগলে রাখাও হতে পারে সমস্যার কারণ

সন্তানকে নিরাপদ রাখতে গিয়ে অনেক সময় অভিভাবকেরা অজান্তেই অতিরিক্ত নিয়ন্ত্রণমূলক হয়ে ওঠেন। সন্তানের জীবনে কোনো ধরনের চাপ, ব্যর্থতা কিংবা অস্বস্তি আসতে দিতে চান না তারা। কিন্তু সব কঠিন পরিস্থিতি থেকে শিশুকে দূরে রাখলে নিজের অভিজ্ঞতা থেকে শেখার সুযোগ সীমিত হয়ে যায়।

একঘেয়েমি, চাপ, দুশ্চিন্তা ও সাময়িক ব্যর্থতার মতো অভিজ্ঞতাও শিশুর বেড়ে ওঠার স্বাভাবিক অংশ। এসব পরিস্থিতি মোকাবিলা করতে শেখা তার মানসিক বিকাশের জন্য প্রয়োজনীয়।

অতিরিক্ত সুরক্ষার মধ্যে বেড়ে ওঠা শিশুরা স্নেহ ও যত্ন পেলেও প্রতিকূলতা সামলানোর দক্ষতা যথেষ্টভাবে অর্জন করতে নাও পারে। ফলে বড় হওয়ার পর পড়াশোনা, কর্মজীবন কিংবা ব্যক্তিগত জীবনের দায়িত্ব বাড়লে উদ্বেগ, আত্মবিশ্বাসের ঘাটতি এবং প্রত্যাশা পূরণে ব্যর্থ হওয়ার ভয় দেখা দিতে পারে।

সব মিলিয়ে, এলিফ্যান্ট প্যারেন্টিংয়ের মূল শিক্ষা হলো সন্তানকে ভালোবাসতে গিয়ে তার স্বাধীনতা কেড়ে না নেওয়া। প্রয়োজনের সময় পাশে থাকা, আবার নিজের অভিজ্ঞতা থেকে শেখার সুযোগ করে দেওয়া—এই ভারসাম্যই শিশুর সুস্থ ও আত্মবিশ্বাসী হয়ে ওঠার অন্যতম ভিত্তি হতে পারে।

Advertisements