নামাজরত অবস্থায় জুতা চুরি হলে কী করবেন?

মসজিদে নামাজ আদায় করতে গিয়ে জুতা হারানোর ঘটনা নতুন নয়। বিশেষ করে জুমার নামাজে মুসল্লিদের ভিড়ের সুযোগ নিয়ে অনেক সময় অন্যের জুতা নিয়ে যায় চোরেরা। কিন্তু নামাজ শুরু করার পর নিজের জুতা চুরি হওয়ার বিষয়টি বুঝতে পারলে করণীয় কী? জুতা উদ্ধারের জন্য নামাজ ভেঙে চোরকে ধরতে যাওয়া যাবে কি?
সম্প্রতি এ বিষয়ে একজন জানতে চেয়েছেন, তিনি এক মসজিদে জুমার নামাজ পড়তে গিয়ে দরজার পাশে রাখা জুতার বাক্সে নিজের জুতা রেখেছিলেন। নামাজ চলাকালে এক ব্যক্তি তার ১ হাজার ৭০০ টাকা মূল্যের জুতা নিয়ে পালিয়ে যায়। বিষয়টি বুঝতে পেরে তিনি নামাজ ছেড়ে চোরকে ধরার চেষ্টা করেন। তবে অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি। এরই মধ্যে জামাত শেষ হয়ে গেলে তিনি বাসায় গিয়ে জোহরের নামাজ আদায় করেন।
প্রশ্ন ছিল, জুতা চুরি হওয়ার কারণে জুমার নামাজ ছেড়ে দেওয়া শরিয়তসম্মত হয়েছে কি না?
এ বিষয়ে ইসলামী বিধান অনুযায়ী, এমন পরিস্থিতিতে নামাজ ছেড়ে দেওয়া অন্যায় বা নাজায়েজ হয়নি। কারণ, নামাজরত অবস্থায় উল্লেখযোগ্য মূল্যের কোনো সম্পদ চুরি হওয়া বা নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিলে তা রক্ষার জন্য নামাজ ছেড়ে দেওয়া জায়েজ।
এ বিষয়ে একাধিক তাবেয়ির আমলের বর্ণনা রয়েছে। তারা নামাজরত অবস্থায় নিজেদের বাহন চলে যেতে দেখলে নামাজ ছেড়ে দিয়ে তা রক্ষার উদ্যোগ নিয়েছেন। এ ছাড়া কোনো কোনো ফকিহের মতে, এক দিরহাম অর্থাৎ ৩ দশমিক ০৬১৪ গ্রাম রুপার সমমূল্যের সম্পদ রক্ষার জন্যও নামাজ ছেড়ে দেওয়া জায়েজ। বর্তমান বাজারমূল্য অনুযায়ী, এর পরিমাণ প্রায় ৯১৮ টাকা।
তবে নামাজে দাঁড়ানোর আগেই নিজের জুতা ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র নিরাপদ স্থানে রাখা উচিত। এতে নামাজের একাগ্রতা বজায় থাকবে এবং এ ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিও এড়ানো সম্ভব হবে।



