১৩ নভেম্বর, ২০২৬ | শুক্রবারবাংলা: ২৮ কার্তিক ১৪৩৩
বিশ্ব

কুকুরের সঙ্গে কেটেছে শৈশব, দীর্ঘ লড়াই শেষে মানুষের সমাজে ফিরেছিলেন ওকসানা মালয়া

Untitled-4-6a5bee-720×405

ছোটবেলায় মানুষের ভালোবাসা ও যত্ন পাওয়ার কথা ছিল যে শিশুটির, তার শৈশব কেটেছে কুকুরের সঙ্গে। মানুষের ভাষা, সামাজিক আচরণ কিংবা স্বাভাবিক জীবনযাপনের বদলে সে শিখেছিল কুকুরের মতো হাঁটতে, ঘেউ ঘেউ করতে এবং মাটিতে ঘুমাতে। ইউক্রেনের ওকসানা মালয়ার জীবনের গল্প শুনলে মনে হতে পারে, এটি বুঝি কোনো উপন্যাস কিংবা সিনেমার কাহিনি। কিন্তু অবিশ্বাস্য হলেও ঘটনাটি বাস্তব। শৈশবে পরিবারের চরম অবহেলার শিকার হয়ে দীর্ঘ সময় কুকুরের সঙ্গে বসবাস করেছিলেন তিনি। পরবর্তী সময়ে মানুষের সমাজে ফিরে আসার জন্য তাঁকে লড়তে হয়েছে দীর্ঘদিন।

১৯৮৩ সালে ইউক্রেনের খেরসন অঞ্চলের নোভা ব্লাহোভিশচেঙ্কা গ্রামে জন্ম ওকসানার। তার শৈশবের শুরুটা অন্য শিশুদের মতোই ছিল। কিন্তু পরিবারের আর্থিক সংকট, বাবা-মায়ের অতিরিক্ত মদ্যপান এবং অবহেলার কারণে তার জীবন ক্রমেই অনিরাপদ হয়ে ওঠে। পরিবারের সদস্যসংখ্যা ছিল অনেক, অথচ সবার জন্য পর্যাপ্ত বিছানার ব্যবস্থাও ছিল না। পরবর্তী সময়ে এক সাক্ষাৎকারে নিজের শৈশবের দুর্দশার কথা এভাবেই তুলে ধরেছিলেন ওকসানা।

মাত্র তিন বছর বয়সে এক শীতের রাতে ঘটে যায় তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা। প্রচণ্ড ঠান্ডা থেকে বাঁচতে ঘর ছেড়ে বাড়ির উঠানে থাকা কুকুরের ঘরে আশ্রয় নেয় ছোট্ট ওকসানা। সেখানে নাইডা নামের একটি কুকুরের পাশে রাত কাটায় সে। কিন্তু সাময়িক আশ্রয় নেওয়ার সেই ঘটনাই ধীরে ধীরে তার জীবনের গতিপথ বদলে দেয়।

পরিবারের কাছ থেকে প্রয়োজনীয় যত্ন ও স্নেহ না পাওয়ায় ওকসানা কুকুরগুলোর সঙ্গেই বেশি সময় কাটাতে শুরু করে। একপর্যায়ে তাদের আচরণ অনুকরণ করতে থাকে সে। চার হাত-পায়ে চলাফেরা, মাটিতে ঘুমানো, উচ্ছিষ্ট খাবার খাওয়া এমনকি মানুষের ভাষার পরিবর্তে ঘেউ ঘেউ করে নিজের অনুভূতি প্রকাশ করাও তার অভ্যাসে পরিণত হয়। এভাবে প্রায় পাঁচ বছর কুকুরের পরিবেশে কাটে তার শৈশবের গুরুত্বপূর্ণ সময়।

১৯৯১ সালে এক প্রতিবেশীর নজরে আসে ওকসানার অস্বাভাবিক আচরণ। মানুষের সঙ্গে স্বাভাবিকভাবে কথা না বলে কুকুরের মতো ঘেউ ঘেউ করছিল সে। বিষয়টি প্রশাসনের নজরে এলে তাকে উদ্ধারের উদ্যোগ নেওয়া হয়। পুলিশ যখন সেখানে পৌঁছায়, তখন কুকুরগুলো ওকসানাকে ঘিরে পাহারা দিচ্ছিল। পরে খাবারের সাহায্যে কুকুরগুলোকে সরিয়ে তাকে উদ্ধার করা সম্ভব হয়।

উদ্ধারের পর ওকসানাকে ওদেসা অঞ্চলের বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের একটি পরিচর্যাকেন্দ্রে নেওয়া হয়। সেখানে চিকিৎসক ও বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে শুরু হয় তার পুনর্বাসন। কেন্দ্রের কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, তখন ওকসানা মানুষের মতো কথা বলতে পারত না। এমনকি পানি পান করার ক্ষেত্রেও তার আচরণ ছিল কুকুরের মতো।

Advertisements

মানুষের স্বাভাবিক জীবনযাপনে ফিরিয়ে আনতে তাকে দীর্ঘ সময় ধরে প্রশিক্ষণ দেওয়া হয়। ধীরে ধীরে সোজা হয়ে হাঁটা, কথা বলা, দৈনন্দিন কাজ করা এবং অন্য মানুষের সঙ্গে যোগাযোগের বিষয়গুলো শেখানো হয়। এই প্রক্রিয়া ছিল অত্যন্ত কঠিন ও সময়সাপেক্ষ। কারণ, শৈশবের গুরুত্বপূর্ণ কয়েকটি বছর মানুষের স্বাভাবিক পরিবেশের বাইরে কাটানোর প্রভাব তার আচরণ ও বিকাশে গভীরভাবে পড়েছিল।

দীর্ঘ প্রচেষ্টার পর ওকসানা মানুষের সমাজে কিছুটা স্বাভাবিকভাবে চলাফেরা করতে সক্ষম হন। পরবর্তী সময়ে তিনি ওদেসা অঞ্চলের একটি বিশেষ প্রতিষ্ঠানে বসবাস শুরু করেন। পাশাপাশি স্থানীয় একটি খামারে গরু দোয়ানো ও পশুপালনের কাজের সঙ্গেও যুক্ত হন।

২০১৩ সালে ইউক্রেনের টেলিভিশন অনুষ্ঠান ‘হোভোরিত ইউক্রেন’-এ অংশ নিয়ে নিজের অনুভূতির কথা জানান তিনি। সেখানে তার একটি বিশেষ অনুরোধ ছিল—কেউ যেন তাকে আর ‘ডগ গার্ল’ বা ‘কুকুরের মেয়ে’ বলে না ডাকে। এই পরিচয় তার কাছে ছিল অপমানজনক এবং মানসিক কষ্টের কারণ।

অবাক করার মতো বিষয় হলো, শৈশবে এত অবহেলার শিকার হওয়ার পরও পরিবারের প্রতি তীব্র কোনো ক্ষোভ প্রকাশ করেননি ওকসানা। বরং ভাইদের সঙ্গে দেখা করার ইচ্ছা ছিল তার। মায়ের সঙ্গেও আবার দেখা করতে চেয়েছিলেন তিনি। ব্যক্তিগত জীবনেও ভালোবাসার অভিজ্ঞতা হয়েছিল তার। বিভিন্ন প্রতিবেদনে তার একজন প্রেমিক থাকার কথাও উল্লেখ করা হয়েছে।

তবে মানুষের সমাজে ফিরে এলেও শৈশবের ক্ষত পুরোপুরি কাটিয়ে উঠতে পারেননি ওকসানা। বিশেষজ্ঞদের মতে, দীর্ঘদিন মানুষের স্বাভাবিক পরিবেশ থেকে বিচ্ছিন্ন থাকার কারণে তার মানসিক, জ্ঞানীয় ও সামাজিক বিকাশে দীর্ঘস্থায়ী প্রভাব পড়েছিল। এক সাক্ষাৎকারে নিজের নিঃসঙ্গতার কথা বলতে গিয়ে তিনি জানিয়েছিলেন, কখনো খুব একা বোধ করলে পুরোনো অভ্যাসের টানে অজান্তেই চার হাত-পায়ে ভর দিয়ে বসে পড়েন।

ওকসানা মালয়ার জীবন কেবল ব্যতিক্রমী একটি ঘটনার গল্প নয়; এটি শিশুদের প্রতি পারিবারিক অবহেলা ও মানসিক যত্নের অভাবের ভয়াবহ পরিণতিরও উদাহরণ। একটি শিশুর সুস্থভাবে বেড়ে ওঠার জন্য খাবার ও আশ্রয়ের পাশাপাশি প্রয়োজন ভালোবাসা, নিরাপত্তা এবং মানুষের সঙ্গে স্বাভাবিক যোগাযোগ। সেই প্রয়োজনগুলো থেকে বঞ্চিত হওয়ার কারণে ওকসানাকে জীবনের বড় একটি অংশ ব্যয় করতে হয়েছে নিজেকে নতুন করে গড়ে তোলার সংগ্রামে। তার জীবনের এই অধ্যায় মনে করিয়ে দেয়, শৈশবের অবহেলা কখনো কখনো একজন মানুষের পুরো জীবনেই গভীর ছাপ রেখে যেতে পারে।

Advertisements