ব্লেন্ডারে ভুলেও দেবেন না এই ৫ জিনিস, নষ্ট হতে পারে যন্ত্র

রান্নাঘরের কাজ সহজ করতে ব্লেন্ডারের ব্যবহার এখন প্রায় প্রতিটি বাড়িতেই দেখা যায়। স্মুদি, মিল্কশেক, স্যুপ কিংবা চাটনি তৈরি—নানা কাজে এটি বেশ কার্যকর। তবে ব্লেন্ডারে সব ধরনের উপাদান ব্যবহার করা নিরাপদ নয়। কিছু খাবার ব্লেন্ডারের ব্লেড ও মোটরের ক্ষতি করতে পারে। এমনকি অসাবধানতায় ঘটতে পারে দুর্ঘটনাও।
তাই ব্লেন্ডার ব্যবহারের আগে জেনে রাখা জরুরি, কোন পাঁচ ধরনের উপাদান এতে দেওয়া থেকে বিরত থাকা উচিত।
১. চুলা থেকে নামানো অতিরিক্ত গরম তরল
গরম স্যুপ বা অন্য কোনো তরল মসৃণ করতে ব্লেন্ডার ব্যবহার করা সুবিধাজনক মনে হতে পারে। তবে ফুটন্ত গরম তরল সরাসরি সাধারণ ব্লেন্ডারে ঢালা বিপজ্জনক। গরম তরল থেকে তৈরি হওয়া বাষ্প জারের ভেতরে চাপ সৃষ্টি করে। ব্লেন্ডার চালু করলে সেই চাপের কারণে গরম তরল ছিটকে বেরিয়ে আসতে পারে। এতে ত্বকে মারাত্মকভাবে পুড়ে যাওয়ার আশঙ্কা থাকে।
তাই ব্লেন্ড করার আগে তরল কিছুটা ঠান্ডা হতে দিন। গরম উপাদান ব্লেন্ড করার উপযোগী যন্ত্র হলে প্রস্তুতকারকের নির্দেশনা মেনে চলুন এবং জারে নির্ধারিত পরিমাণের বেশি তরল দেবেন না।
২. বড় আকারের বরফের টুকরা
সব ব্লেন্ডার বরফ গুঁড়া করার উপযোগী নয়। বিশেষ করে বড় আকারের বা জমাট বাঁধা বরফের টুকরা সাধারণ ব্লেন্ডারে দিলে ব্লেড ও মোটরের ওপর অতিরিক্ত চাপ পড়ে। এতে বরফ ঠিকমতো গুঁড়া না হওয়ার পাশাপাশি যন্ত্রের কার্যক্ষমতাও নষ্ট হতে পারে।
তাই বরফ দিয়ে ঠান্ডা পানীয় তৈরির আগে ব্লেন্ডারে আইস-ক্রাশিং সুবিধা রয়েছে কি না, তা যাচাই করে নিন।
৩. শক্ত আস্ত মসলা
দারুচিনি, জায়ফলসহ বিভিন্ন শক্ত আস্ত মসলা গুঁড়া করার জন্য সাধারণ ব্লেন্ডার সব সময় উপযুক্ত নয়। এসব উপাদান ব্লেডের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করতে পারে। ফলে ব্লেন্ডারের ব্লেড ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি থাকে।
এ ধরনের মসলা গুঁড়া করতে আলাদা স্পাইস গ্রাইন্ডার অথবা উপযুক্ত উচ্চক্ষমতাসম্পন্ন যন্ত্র ব্যবহার করা ভালো। এতে মসলাও ভালোভাবে গুঁড়া হবে, যন্ত্রের ওপরও বাড়তি চাপ পড়বে না।
৪. অতিরিক্ত আঠালো উপাদান
খেজুর, শুকনো ডুমুর কিংবা বাদাম দিয়ে তৈরি ঘন ও আঠালো মিশ্রণ ব্লেন্ডারে দেওয়া থেকে সতর্ক থাকা উচিত। এসব উপাদান ব্লেডের চারপাশে আটকে যেতে পারে। এতে ব্লেড ঘুরলেও খাবার ঠিকমতো মিশতে চায় না এবং মোটরের ওপর বাড়তি চাপ পড়ে।
এ ধরনের উপাদান ব্যবহারের আগে ছোট ছোট টুকরো করে নিন। প্রয়োজনে পর্যাপ্ত তরল যোগ করুন। খুব ঘন মিশ্রণ তৈরির প্রয়োজন হলে ব্লেন্ডারের পরিবর্তে ফুড প্রসেসর ব্যবহার করা বেশি কার্যকর।
৫. খালি ব্লেন্ডারে শুকনো উপকরণ
ময়দা, কোকো পাউডার কিংবা প্রোটিন পাউডারের মতো শুকনো উপাদান খালি ব্লেন্ডারে দিলে সূক্ষ্ম ধুলার মেঘ তৈরি হয়ে রান্নাঘরের চারদিকে ছড়িয়ে পড়তে পারে। এ ছাড়া পাউডার জারের ঢাকনা, কিনারা কিংবা মোটরের বাতাস চলাচলের পথে জমে যেতে পারে। এতে পরিষ্কার করা কঠিন হওয়ার পাশাপাশি যন্ত্রের ক্ষতি হওয়ার আশঙ্কাও থাকে।
শুকনো উপাদান মেশানোর প্রয়োজন হলে অল্প অল্প করে যোগ করুন এবং ব্লেন্ডারের নির্দেশিকা অনুসরণ করুন। বেশি পরিমাণ শুকনো উপাদান মেশাতে মিক্সিং বোল বা ফুড প্রসেসর ব্যবহার করতে পারেন।
ব্লেন্ডারের দীর্ঘস্থায়ী ব্যবহার নিশ্চিত করতে শুধু সঠিক উপাদান নির্বাচন নয়, যন্ত্রটির সক্ষমতা ও প্রস্তুতকারকের নির্দেশনাও মেনে চলা জরুরি। এতে একদিকে যেমন দুর্ঘটনা এড়ানো সম্ভব, অন্যদিকে ব্লেন্ডারও ভালো থাকবে দীর্ঘদিন।



