১৩ নভেম্বর, ২০২৬ | শুক্রবারবাংলা: ২৮ কার্তিক ১৪৩৩
জীবনযাপন

আজ প্রেমের প্রস্তাব দেবেন মেয়েরাই!

OIP

প্রেমের প্রস্তাব দেওয়ার দায়িত্ব কি শুধু ছেলেদের? মেয়েরা কেন পছন্দের মানুষকে মনের কথা জানাতে পারবেন না? এমন প্রচলিত ধারণার বাইরে গিয়ে নারীদের নিজের পছন্দ প্রকাশের স্বাধীনতাকে উদ্‌যাপন করার একটি বিশেষ দিন রয়েছে। এর নাম ‘সেডি হকিন্স ডে’। প্রতি বছর এই দিনে মেয়েরা নিজেদের পছন্দের মানুষকে প্রেমের প্রস্তাব দিতে পারেন, ডেট কিংবা নাচের অনুষ্ঠানে যাওয়ার আমন্ত্রণ জানাতে পারেন। অর্থাৎ, প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে প্রথম পদক্ষেপটি নিতে পারেন মেয়েরাই।

মজার ছলে পালিত হলেও দিবসটির তাৎপর্য বেশ গভীর। সম্পর্কের ক্ষেত্রে নারীদের নিজস্ব সিদ্ধান্ত, আত্মবিশ্বাস এবং উদ্যোগ নেওয়ার অধিকারকে গুরুত্ব দেওয়াই এ দিনের মূল উদ্দেশ্য।

যেভাবে শুরু হয়েছিল সেডি হকিন্স ডে

বাস্তব কোনো ঐতিহাসিক ঘটনা থেকে এই দিবসের সূচনা হয়নি। এর উৎপত্তি একটি জনপ্রিয় কমিক স্ট্রিপের গল্পে। ১৯৩৪ সালে কার্টুনিস্ট আল ক্যাপের ‘লি’ল অ্যাবনার’ কমিক স্ট্রিপে প্রথম পরিচিতি পায় সেডি হকিন্স নামের চরিত্রটি।

কমিকের কাল্পনিক শহর ডগপ্যাচের বাসিন্দা সেডি ছিলেন একজন অবিবাহিত নারী। তার বাবা হেকজেবিয়া হকিন্স মেয়ের বিয়ে নিয়ে বেশ চিন্তিত ছিলেন। কিন্তু সেডির পছন্দের কোনো পাত্র না থাকায় তিনি বিয়ের জন্য ব্যতিক্রমী এক প্রতিযোগিতার আয়োজন করেন।

প্রতিযোগিতার নিয়ম ছিল, শহরের অবিবাহিত মেয়েরা দৌড়ে অবিবাহিত ছেলেদের ধরার চেষ্টা করবেন। যে মেয়ে কোনো ছেলেকে ধরতে পারবেন, তার সঙ্গেই ওই ছেলের বিয়ে হবে। কমিকের এই মজার আয়োজন থেকেই পরবর্তী সময়ে জনপ্রিয়তা পায় ‘সেডি হকিন্স ডে’।

১৯৩৯ সালের মধ্যে যুক্তরাষ্ট্রের ২০০টিরও বেশি কলেজে দিবসটি উপলক্ষে নাচের অনুষ্ঠানের আয়োজন শুরু হয়েছিল বলে জানিয়েছিল ‘লাইফ’ সাময়িকী। পরবর্তী সময়ে ১৯৫০-এর দশকে বিভিন্ন স্কুল ও সামাজিক সংগঠনেও ছড়িয়ে পড়ে এই আয়োজন।

Advertisements

ধীরে ধীরে দিবসটির ধারণা আরও বিস্তৃত হয়। এটি কেবল নাচের অনুষ্ঠান কিংবা জীবনসঙ্গী খোঁজার উপলক্ষ হিসেবে সীমাবদ্ধ থাকেনি। বরং নিজের ভালো লাগা প্রকাশ, পছন্দের মানুষকে কাছে পাওয়ার উদ্যোগ এবং সম্পর্কের ক্ষেত্রে নারীর স্বাধীন সিদ্ধান্ত গ্রহণের প্রতীক হয়ে উঠেছে।

যেভাবে উদ্‌যাপন করতে পারেন দিনটি

সেডি হকিন্স ডে পালনের সবচেয়ে সহজ উপায় হলো নিজের পছন্দের মানুষকে মনের কথা জানানো। দীর্ঘদিন ধরে কাউকে ভালো লাগলে এই দিনটিকে উপলক্ষ করে তাকে ডেটের প্রস্তাব দিতে পারেন। শুধু প্রস্তাব নয়, চাইলে তার পছন্দ অনুযায়ী একটি সুন্দর আয়োজনও করতে পারেন।

যেমন, তারাভরা আকাশের নিচে ছোট্ট পিকনিক, পছন্দের ক্যাফেতে একসঙ্গে সময় কাটানো কিংবা অনেক দিন ধরে দেখতে চাওয়া কোনো অনুষ্ঠানের টিকিট উপহার দেওয়া যেতে পারে। আয়োজন যেমনই হোক, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজের অনুভূতি সাহসের সঙ্গে প্রকাশ করা।

এ ছাড়া বন্ধুদের নিয়ে আয়োজন করতে পারেন বিশেষ পার্টি কিংবা নাচের অনুষ্ঠান। সাজসজ্জায় যোগ করতে পারেন ১৯৫০-এর দশকের আমেরিকান সংস্কৃতির আবহ। পোলকা ডট পোশাক, রঙিন আলোকসজ্জা এবং পুরোনো দিনের জনপ্রিয় গান দিয়ে সাজিয়ে তুলতে পারেন পুরো আয়োজন।

শুধু প্রেম নয়, রয়েছে অন্য বার্তাও

সেডি হকিন্স ডে কেবল প্রেমের প্রস্তাব কিংবা আনন্দ-উৎসবের দিন নয়। নারী ও পুরুষের সম্পর্ক নিয়ে সমাজে প্রচলিত ধারণাগুলো নতুন করে ভাবারও একটি উপলক্ষ এটি।

ডেটিংয়ের ক্ষেত্রে কে আগে প্রস্তাব দেবেন, সম্পর্কের সিদ্ধান্ত কে নেবেন কিংবা নিজের পছন্দ প্রকাশে নারীদের স্বাধীনতা কতটা গুরুত্বপূর্ণ—এসব বিষয় নিয়ে বন্ধুদের সঙ্গে আলোচনা করতে পারেন। পাশাপাশি নারীর অধিকার, আত্মবিশ্বাস ও লিঙ্গসমতা নিয়েও কথা বলার সুযোগ রয়েছে।

সেডি হকিন্স ডে মনে করিয়ে দেয়, ভালো লাগার কথা প্রকাশ করতে প্রথম এগিয়ে আসার অধিকার শুধু ছেলেদের নয়। মেয়েরাও নিজের পছন্দের মানুষকে ভালোবাসার কথা জানাতে পারেন। তাই সংকোচ কিংবা সামাজিক নিয়মের অপেক্ষায় না থেকে মনের কথা প্রকাশের উদ্যোগ নিতে পারেন আজই।

Advertisements