নিলামে রেকর্ড দাম, ৫ মিলিয়ন ডলারে বিক্রি রুশ রাজপরিবারের ব্রেসলেট

রাশিয়ার শেষ রাজপরিবার রোমানভদের ঐতিহাসিক সংগ্রহে থাকা বিশাল এক নীলকান্তমণি বসানো ব্রেসলেট বিক্রি হয়েছে প্রায় ৫ মিলিয়ন ডলারে। সুইজারল্যান্ডের জেনেভায় বিখ্যাত নিলাম প্রতিষ্ঠান সোথবির আয়োজিত নিলামে অলংকারটির দাম উঠেছে ৪১ লাখ সুইস ফ্রাঁ, যা মার্কিন মুদ্রায় প্রায় ৪৯ লাখ ডলার। প্রত্যাশিত দামের তুলনায় কয়েক গুণ বেশি দামে বিক্রি হওয়ায় ঐতিহাসিক এই অলংকারটি নতুন করে আলোচনায় এসেছে।
বুধবার (১১ নভেম্বর) অনুষ্ঠিত নিলামে ব্রেসলেটটির বিশেষ আকর্ষণ ছিল এর মাঝখানে বসানো ১৯৭ দশমিক ৮০ ক্যারেটের কুশন আকৃতির বিশাল নীলকান্তমণি। রত্নটির চারপাশে জ্যামিতিক নকশায় বসানো হয়েছে হীরা। বিখ্যাত ফরাসি গয়না নির্মাতা প্রতিষ্ঠান কার্টিয়ে ব্রেসলেটটি তৈরি করেছে।
নিলামের আগে ব্রেসলেটটির সম্ভাব্য বিক্রয়মূল্য ধরা হয়েছিল ৮ লাখ ৫০ হাজার থেকে ১৭ লাখ সুইস ফ্রাঁ। মার্কিন মুদ্রায় যার পরিমাণ প্রায় ১০ লাখ ২০ হাজার থেকে ২০ লাখ ৪০ হাজার ডলার। তবে নিলামে এর দাম সব পূর্বাভাস ছাড়িয়ে ৪১ লাখ সুইস ফ্রাঁতে পৌঁছায়।
সোথবির তথ্য অনুযায়ী, নীলকান্তমণিটির উৎস রোমানভ পরিবারের ঐতিহাসিক রাজকীয় সংগ্রহ। রাশিয়ার জারদের এই সংগ্রহকে বিশ্বের অন্যতম সমৃদ্ধ ও মূল্যবান রাজকীয় অলংকারের ভান্ডার হিসেবে বিবেচনা করা হয়।
রোমানভরা ছিলেন রাশিয়ার সর্বশেষ রাজপরিবার। ১৯১৭ সালে রুশ বিপ্লবের সময় জার দ্বিতীয় নিকোলাস সিংহাসন ত্যাগ করলে তাদের দীর্ঘ শাসনের অবসান ঘটে। এর পরের বছর বলশেভিকদের হাতে রাজপরিবারের সদস্যরা নিহত হন।
তবে নীলকান্তমণিটি ঠিক কখন রোমানভ পরিবারের সংগ্রহে যুক্ত হয়েছিল, তা নিশ্চিতভাবে জানা যায়নি। সোথবির তথ্য অনুসারে, ১৮৮৩ সালে একটি রাজকীয় অনুষ্ঠানে দ্বিতীয় নিকোলাসের মা সম্রাজ্ঞী মারিয়া ফিওদোরোভনা যে পোশাক পরেছিলেন, তাতে একই ধরনের দুটি নীলকান্তমণি দেখা যায়। ধারণা করা হয়, বর্তমানে নিলামে বিক্রি হওয়া রত্নটি ছিল সেই জোড়ার একটি।
১৯১৭ সালের রুশ বিপ্লবের পর রাজপরিবারের বিপুল সম্পদ ও অলংকারের নিয়ন্ত্রণ নেয় সোভিয়েত সরকার। ১৯২০-এর দশকে রোমানভদের রাজকীয় সংগ্রহের বিভিন্ন অলংকার বিক্রি করে দেওয়া হয়। এর ধারাবাহিকতায় ১৯২৭ সালে গ্যানা ওয়ালস্কা নামের এক উচ্চবিত্ত নারী নীলকান্তমণিটি কিনে নেন বলে জানিয়েছে সোথবি।
সে সময় রত্নটি একটি নেকলেসে বসানো ছিল। ১৯৭১ সালে ওয়ালস্কার সম্পত্তির অংশ হিসেবে বিক্রির সময়ও এটি অন্য একটি ছোট নেকলেসে শোভা পাচ্ছিল। পরে ২০১৫ সালে কার্টিয়ে নীলকান্তমণিটিকে নতুনভাবে নকশা করে হীরাখচিত বর্তমান ব্রেসলেটে স্থাপন করে।
দীর্ঘ ইতিহাস পেরিয়ে রোমানভ রাজপরিবারের স্মৃতিবিজড়িত এই রত্নের প্রায় ৫ মিলিয়ন ডলারে বিক্রি হওয়া আন্তর্জাতিক নিলাম জগতে নতুন করে সাড়া ফেলেছে।



