১৩ নভেম্বর, ২০২৬ | শুক্রবারবাংলা: ২৮ কার্তিক ১৪৩৩
বাংলাদেশ

প্রথম মৃত্যুবার্ষিকীতে খালেদা জিয়ার স্মৃতিচারণে বিশেষ আয়োজন

Khaleda-Zia_gFhKPtK

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি হাতে নিয়েছে নাগরিক সমাজ। এর অংশ হিসেবে আগামী ২৮ ডিসেম্বর রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজন করা হবে বিশেষ স্মরণসভা। পাশাপাশি তার জীবন, রাজনৈতিক দর্শন ও দেশের প্রতি অবদান তুলে ধরে প্রকাশ করা হবে একটি স্মারকগ্রন্থ।

সংগৃহীত

শুক্রবার (১৩ নভেম্বর) নাগরিক সমাজের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন জাতীয় অধ্যাপক ড. মাহবুব উল্লাহ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্মরণসভায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং বেগম খালেদা জিয়ার পরিবারের সদস্যদের উপস্থিত থাকার আশা করা হচ্ছে। এ ছাড়া দেশের বিশিষ্ট রাজনীতিবিদ, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, সাংবাদিক, পেশাজীবী, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট নাগরিকদেরও আমন্ত্রণ জানানো হবে।

স্মারকগ্রন্থের জন্য মৌলিক লেখা আহ্বান

খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীর স্মরণসভাকে আরও তাৎপর্যপূর্ণ ও স্মরণীয় করে রাখতে বিশেষ স্মারকগ্রন্থ প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে তার ব্যক্তিজীবন, রাজনৈতিক দর্শন, নেতৃত্ব, কর্মময় জীবন, দেশ ও জাতির প্রতি অবদান এবং জীবনের বিভিন্ন অজানা ঘটনা তুলে ধরা হবে।

এ জন্য দেশের বিশিষ্ট ব্যক্তিত্ব, রাজনীতিবিদ, সাংবাদিক, লেখক, গবেষক, শিক্ষাবিদ, অর্থনীতিবিদ, পেশাজীবী এবং খালেদা জিয়ার সঙ্গে সরাসরি কাজ করেছেন এমন ব্যক্তিদের কাছ থেকে মৌলিক ও বিশ্লেষণধর্মী লেখা চাওয়া হয়েছে।

স্মারকগ্রন্থে যেসব বিষয়ে লেখা থাকবে

স্মারকগ্রন্থের জন্য মোট ১২টি বিষয় নির্ধারণ করা হয়েছে। এগুলো হলো—

Advertisements

১. খালেদা জিয়ার জীবন, ব্যক্তিত্ব ও নেতৃত্ব: তার রাজনৈতিক ও ব্যক্তিগত জীবন, নেতৃত্বের ধরন, মূল্যবোধ, ব্যক্তিত্ব এবং রাষ্ট্রনায়ক হিসেবে ভূমিকা।

২. আপসহীন গণতান্ত্রিক রাজনীতি ও আন্দোলন: গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম, বিভিন্ন রাজনৈতিক আন্দোলন, স্বৈরাচারবিরোধী অবস্থান এবং রাজনৈতিক জীবনে তার আপসহীনতার ইতিহাস।

৩. পররাষ্ট্রনীতি, সার্বভৌমত্ব ও দেশপ্রেম: বাংলাদেশের জাতীয় নিরাপত্তা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, প্রতিরক্ষা ও কৌশলগত স্বার্থ এবং আঞ্চলিক ভূরাজনীতিতে জাতীয় স্বার্থ সংরক্ষণে তার ভূমিকা।

৪. নারীশিক্ষা, নারী নেতৃত্ব ও সামাজিক উন্নয়ন: নারীশিক্ষার বিস্তার, নারীর ক্ষমতায়ন, সামাজিক অগ্রগতি এবং বাংলাদেশের নারী নেতৃত্বের বিকাশে তার অবদান।

৫. বাংলাদেশের সংসদীয় রাজনীতির ইতিহাসে খালেদা জিয়া: সংসদীয় গণতন্ত্রের বিকাশ, সংসদীয় রাজনীতিতে তার ভূমিকা, বিরোধী দলের অবস্থান এবং রাষ্ট্র পরিচালনায় তার রাজনৈতিক অবদান।

৬. খালেদা জিয়ার অর্থনৈতিক দর্শন: স্বনির্ভরতা, উন্নয়ন ও অর্থনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠার চিন্তা, বেসরকারি খাতের বিকাশ, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং স্বনির্ভর বাংলাদেশ গঠনে তার নীতি ও দর্শন।

৭. নির্বাচন, গণতন্ত্র ও সংগ্রাম: নির্বাচনব্যবস্থা, ভোটাধিকার প্রতিষ্ঠা, গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করা, রাজনৈতিক অধিকার এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তার ভূমিকা।

৮. সংবাদপত্রের স্বাধীনতা ও গণমাধ্যম: গণমাধ্যমের স্বাধীনতা, মতপ্রকাশের অধিকার, সাংবাদিকতা এবং সংবাদপত্রের সঙ্গে তার সরকারের সম্পর্ক ও সংশ্লিষ্ট অভিজ্ঞতা।

৯. প্রত্যক্ষ স্মৃতিচারণ ও অজানা অধ্যায়: খালেদা জিয়ার সঙ্গে সরাসরি কাজ করার অভিজ্ঞতা, ব্যক্তিগত স্মৃতি, রাজনৈতিক জীবনের অজানা ঘটনা এবং কর্মময় জীবনের বিভিন্ন অনালোচিত অধ্যায়।

১০. সরকার, আমলাতন্ত্র, সুশাসন ও দায়িত্ব: রাষ্ট্র পরিচালনা, প্রশাসনিক সংস্কার, আমলাতন্ত্র, জবাবদিহি, সুশাসন এবং সরকারি দায়িত্ব পালনে তার ভূমিকা।

১১. জীবনের শেষ সময়ে বেগম খালেদা জিয়া: জীবনের শেষ পর্যায়ের অভিজ্ঞতা, চিকিৎসা, পারিবারিক ও রাজনৈতিক পরিমণ্ডলে তার অবস্থান এবং এ সময়ের প্রত্যক্ষ স্মৃতিচারণ।

১২. নান্দনিকতা, ব্যক্তিত্ব ও আত্মমর্যাদা: তার রুচিবোধ, সৌন্দর্যচেতনা, ব্যক্তিগত জীবনযাপন, আত্মমর্যাদাবোধ, মানবিক গুণাবলি এবং ব্যক্তিত্বের বিশেষ বৈশিষ্ট্য।

লেখা পাঠানোর শেষ সময় ৩০ নভেম্বর

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, স্মারকগ্রন্থের জন্য আগ্রহীদের আগামী ৩০ নভেম্বর ২০২৬-এর মধ্যে নিজেদের মৌলিক লেখা ই-মেইলে পাঠাতে হবে।

লেখা পাঠানোর ঠিকানা: nagorikshoronshova@gmail.com

খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, নেতৃত্ব, গণতান্ত্রিক আন্দোলন এবং রাষ্ট্র পরিচালনায় অবদানসহ বিভিন্ন দিক নিয়ে গবেষণাধর্মী ও অভিজ্ঞতাভিত্তিক লেখাকে স্মারকগ্রন্থে গুরুত্ব দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

Advertisements