১৩ নভেম্বর, ২০২৬ | শুক্রবারবাংলা: ২৮ কার্তিক ১৪৩৩
বিশ্ব

নারী রোগী দেখায় পুরুষ চিকিৎসকদের ওপর অঘোষিত নিষেধাজ্ঞা

pak-af

আফগানিস্তানে নারী রোগীদের চিকিৎসাসেবা দেওয়ার ক্ষেত্রে পুরুষ চিকিৎসকদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। আনুষ্ঠানিকভাবে কোনো নিষেধাজ্ঞার ঘোষণা না এলেও দেশটির বিভিন্ন প্রদেশে পুরুষ চিকিৎসকদের নারী রোগী পরীক্ষা ও চিকিৎসা করতে বাধা দেওয়া হচ্ছে। এমনকি নারী রোগীর সঙ্গে পুরুষ অভিভাবক বা মাহরাম না থাকলে চিকিৎসাসেবা না দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। এতে গুরুতর স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন দেশটির নারীরা।

হেরাতের ৩৭ বছর বয়সী ফরিদা (ছদ্মনাম) এমন পরিস্থিতিরই শিকার হয়েছেন। এক রাতে দাঁতের অসহনীয় ব্যথায় ঘুম ভেঙে যায় তার। পরবর্তী কয়েক দিনে যন্ত্রণা আরও বাড়তে থাকে। ফরিদা জানান, দীর্ঘদিন ধরেই তার দাঁতের সমস্যা ছিল। মুখের দুই পাশের মোলার দাঁত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছিল। ব্যথার কারণে রাতে ঘুমানো এবং স্বাভাবিকভাবে খাবার খাওয়াও কঠিন হয়ে উঠেছিল।

চলতি বছরের শুরুতে ইরান থেকে আফগানিস্তানে ফিরে হেরাত শহরে বসবাস শুরু করেন ফরিদা ও তার পরিবার। জোরপূর্বক দেশে ফেরত পাঠানো অন্য অনেক অভিবাসীর মতো তারাও সেখানে নতুন করে কাজ ও উপার্জনের সুযোগ খুঁজে পাচ্ছিলেন না। আর্থিক সংকটের কারণে চিকিৎসা করানোও তাদের জন্য কঠিন হয়ে পড়ে।

তবে অসহনীয় দাঁতের ব্যথা সহ্য করতে না পেরে জুলাইয়ের শুরুতে হেরাতের বাকরাবাদ এলাকার একটি দন্তচিকিৎসা কেন্দ্রে যান তিনি। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক জানান, ক্ষতিগ্রস্ত কয়েকটি দাঁত তুলে ফেলতে হবে। এরপর ইমপ্লান্ট বা কৃত্রিম দাঁত বসানোর মাধ্যমে চিকিৎসা সম্পন্ন করা হবে।

এ জন্য ক্লিনিক থেকে ফরিদার একটি চিকিৎসা পরিকল্পনা তৈরি করা হয়। সেখানে কয়েক দফায় ক্লিনিকে আসা এবং সম্পূর্ণ চিকিৎসার খরচ আগাম পরিশোধের কথা উল্লেখ ছিল। পরিকল্পনা অনুযায়ী তৃতীয়বার যাওয়ার কথা ছিল ইমপ্লান্ট বসানোর জন্য। কিন্তু সেদিন ক্লিনিকে পৌঁছানোর পর তাকে জানানো হয়, আপাতত তার চিকিৎসা করা সম্ভব নয়।

ক্লিনিকের পক্ষ থেকে বলা হয়, ‘এখন আপনার চিকিৎসা করতে পারব না। বাড়ি চলে যান, আমরা নিজেরাই আপনাকে ফোন করব। কারণ, একটি সমস্যা দেখা দিয়েছে।’

Advertisements

চিকিৎসা অসম্পূর্ণ রেখেই বাড়ি ফিরতে বাধ্য হন ফরিদা। এরপর তার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে। ঠিকমতো খাবার খেতে কিংবা পানি পান করতেও পারছিলেন না তিনি। দুই দিন পর ক্লিনিকে ফোন করে চিকিৎসার বিষয়ে জানতে চাইলে কর্তৃপক্ষ জানায়, তার চিকিৎসা আর সম্পন্ন করা সম্ভব হবে না।

ক্লিনিকের কর্মীদের ভাষ্য, সদগুণ প্রচার ও অসদাচরণ প্রতিরোধ মন্ত্রণালয় থেকে নির্দেশ এসেছে যে পুরুষ দন্তচিকিৎসকেরা আর নারী রোগীদের চিকিৎসা করতে পারবেন না। পরিস্থিতির পরিবর্তন হলে তারা ফরিদাকে ফোন করে জানাবেন। কিন্তু তিন মাস পেরিয়ে গেলেও তার চিকিৎসা শুরু হয়নি।

প্রকাশ্য ঘোষণা ছাড়াই ছড়িয়ে পড়ছে নিষেধাজ্ঞা

পুরুষ দন্তচিকিৎসকদের নারীদের চিকিৎসা দেওয়ার ওপর আফগানিস্তানে আনুষ্ঠানিকভাবে কোনো নিষেধাজ্ঞা জারি করা হয়নি। তবে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান ও জান টাইমসের প্রতিবেদন এবং নারী ও চিকিৎসকদের সাক্ষাৎকারে উঠে এসেছে, দেশজুড়ে কার্যত এমন নিষেধাজ্ঞা চালু করা হয়েছে।

চিকিৎসকদের অভিযোগ, তালেবান নিরাপত্তা বাহিনী বিভিন্ন ক্লিনিকে অভিযান চালিয়ে এবং চিকিৎসকদের সতর্ক করে এই বিধিনিষেধ কার্যকর করছে। কোনো ক্লিনিকে নারী রোগী চিকিৎসা নিতে এলে সংশ্লিষ্ট চিকিৎসকদের কারাদণ্ডের হুমকিও দেওয়া হচ্ছে।

বিভিন্ন প্রদেশের চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, তালেবান কর্তৃপক্ষ পুরুষ চিকিৎসকদের নারী রোগী পরীক্ষা না করার নির্দেশ দিয়েছে। নির্দিষ্ট কিছু শর্ত পূরণ না হলে নারীদের সাধারণ চিকিৎসা কিংবা জরুরি স্বাস্থ্যসেবা দেওয়ার ক্ষেত্রেও বাধার মুখে পড়তে হচ্ছে তাদের। এসব শর্তের মধ্যে রয়েছে নারী রোগীর সঙ্গে পুরুষ অভিভাবক বা মাহরামের উপস্থিতি এবং চিকিৎসার নির্দিষ্ট কিছু প্রক্রিয়ায় নারী নার্সের অংশগ্রহণ।

উত্তর আফগানিস্তানের একটি সরকারি হাসপাতালে ১৫ বছর ধরে কাজ করা শল্যচিকিৎসক সামিম (ছদ্মনাম) বিষয়টি নিয়ে নিজের অভিজ্ঞতা জানিয়েছেন। তার ভাষায়, ‘আমরা সরাসরি নারী রোগীদের পরীক্ষা করতে পারি না, কারণ আমরা তাদের মাহরাম নই। চিকিৎসার প্রক্রিয়া যত সহজই হোক কিংবা রোগীর অবস্থা যত সংকটাপন্নই হোক, তাতে কোনো পরিবর্তন আসে না।’

রোগীর পরিচয় প্রকাশেও বিধিনিষেধ

নারীদের চিকিৎসাসেবা গ্রহণের ক্ষেত্রে বিধিনিষেধের পাশাপাশি তাদের পরিচয় প্রকাশের বিষয়েও নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। উত্তরাঞ্চলীয় বলখ প্রদেশে নারী রোগীদের প্রকৃত নাম ধরে ডাকার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, গত মে মাসে প্রদেশটির হাসপাতাল, বেসরকারি চেম্বার ও ক্লিনিকগুলোকে নারী রোগীদের নামের পরিবর্তে ‘বিবি’ শব্দ ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়। এমনকি চিকিৎসকের ব্যবস্থাপত্র বা প্রেসক্রিপশনেও এই নিয়ম অনুসরণ করতে বলা হয়েছে।

চিকিৎসার জন্য পাড়ি দিতে হচ্ছে শত শত মাইল

চিকিৎসাসেবা পাওয়ার ক্ষেত্রে এমন বাধার কারণে অনেক নারীকে নিজ এলাকা ছেড়ে দূরবর্তী শহরে যেতে হচ্ছে। কুনার প্রদেশের রহিমা (ছদ্মনাম) জানান, তার এক বয়স্ক আত্মীয়কে দাঁতের চিকিৎসা করাতে শত শত মাইল দূরে কান্দাহার শহরে যেতে হয়েছিল। কারণ, সেখানে তার ছেলের একটি দন্তচিকিৎসা ক্লিনিক রয়েছে।

ওই নারীর স্বামী জানিয়েছিলেন, কুনার এলাকার প্রায় সব চিকিৎসকই তাকে ব্যক্তিগতভাবে চেনেন। এ কারণে স্থানীয় কোনো পুরুষ দন্তচিকিৎসকের কাছে চিকিৎসা নিতে যাওয়া তার জন্য বিব্রতকর হতে পারে। শেষ পর্যন্ত দূরের শহরে গিয়ে চিকিৎসা নেওয়ার সিদ্ধান্ত নিতে হয় তাকে।

নারী চিকিৎসক তৈরির পথও বন্ধ

নারীদের চিকিৎসা গ্রহণের ওপর বিধিনিষেধের পাশাপাশি তাদের চিকিৎসক হিসেবে গড়ে ওঠার সুযোগও সংকুচিত করেছে তালেবান সরকার। ২০২৪ সালের ডিসেম্বর থেকে নারীদের চিকিৎসাসংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনার সুযোগ বন্ধ হয়ে যায়।

হাসপাতালসংশ্লিষ্ট চিকিৎসকেরাও জানিয়েছেন, তালেবান কর্তৃপক্ষ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে নারী কর্মী নিয়োগের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। ফলে একদিকে নারী চিকিৎসক তৈরির পথ বন্ধ হচ্ছে, অন্যদিকে বিদ্যমান নারী চিকিৎসাকর্মীদের কাজের সুযোগও কমে যাচ্ছে।

এ ছাড়া অবশিষ্ট নারী চিকিৎসকদের ক্ষেত্রেও মাহরাম সঙ্গে রাখার বাধ্যবাধকতা আরোপ করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

এক নারী রোগী জানান, চিকিৎসকের কাছে যাওয়ার সময় বাবাকে সঙ্গে নিয়েছিলেন তিনি। কিন্তু সংশ্লিষ্ট চেম্বারে কোনো নারী কর্মী না থাকায় পুরুষ চিকিৎসকের কাছে যাওয়ার জন্য তাকে অপেক্ষা করতে হয়। পরে তাকে জানানো হয়, মাহরামসহ আরও একজন নারী রোগী এলে তবেই চিকিৎসা দেওয়া সম্ভব হবে।

কর্তৃপক্ষের ব্যাখ্যা ছিল, চিকিৎসার সময় কোনো সমস্যা দেখা দিলে ওই নারী রোগী তাকে সহযোগিতা করতে পারবেন। কারণ, চিকিৎসকের পক্ষে নারী রোগীকে স্পর্শ করার অনুমতি নেই।

আফগানিস্তানে নারীদের স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ ক্রমেই সংকুচিত হচ্ছে। পুরুষ চিকিৎসকদের ওপর অঘোষিত নিষেধাজ্ঞা, নারী স্বাস্থ্যকর্মী নিয়োগে বাধা এবং চিকিৎসাশিক্ষায় নারীদের প্রবেশাধিকার বন্ধ হয়ে যাওয়ায় দেশটির নারী ও কিশোরীদের স্বাস্থ্যসেবা পাওয়া আরও কঠিন হয়ে উঠছে।

Advertisements