১৩ নভেম্বর, ২০২৬ | শুক্রবারবাংলা: ২৮ কার্তিক ১৪৩৩
বিশ্ব

মোদিকে প্রশ্ন করা সেই নারী সাংবাদিকের ভিসা বাতিল

2ccbf6f87e5de69a16b05d14b4abeaf9-6af6211e1e529

২০২৬ সালের মে মাসে নরওয়ের অসলো সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সরাসরি প্রশ্ন করে আলোচনায় আসা নরওয়েজিয়ান সাংবাদিক হেলে লিংকে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। বৈধ ভিসা থাকা সত্ত্বেও হায়দরাবাদের উদ্দেশে যাত্রা শুরুর কয়েক ঘণ্টা আগে তার ভিসা বাতিল করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।

তেলেঙ্গানা সরকারের আয়োজনে আগামী ১৩ নভেম্বর থেকে হায়দরাবাদে শুরু হতে যাওয়া দুই দিনব্যাপী ‘ভারত সামিট’-এ বক্তা হিসেবে অংশ নেওয়ার কথা ছিল হেলে লিংয়ের। তবে গত বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান, বিমানবন্দরের উদ্দেশে রওনা হওয়ার মাত্র ১০ মিনিট আগে নরওয়েতে অবস্থিত ভারতীয় দূতাবাস থেকে তাকে ফোন করে জানানো হয়, তিনি ভারতে ভ্রমণ করতে পারবেন না।

হেলে লিংয়ের অভিযোগ, ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের নির্দেশে তার ভিসা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নরওয়ের সংবাদপত্র দাগসাভিসেনে কর্মরত এই সাংবাদিক ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে উদ্দেশ করে দেওয়া এক ভিডিও বার্তায় বলেন, প্রয়োজনীয় ভিসা ও রাজনৈতিক ছাড়পত্র পাওয়ার পর তিনি গণমাধ্যম, সংবাদপত্রের স্বাধীনতা ও গণতন্ত্রবিষয়ক একটি অধিবেশনে বক্তব্য দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।

শেষ মুহূর্তে ভিসা বাতিলের ঘটনাকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে উল্লেখ করেছেন তিনি। তার ধারণা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তার সরকারের সমালোচনা করার কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকতে পারে।

এ ছাড়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত শিল্পপতি গৌতম আদানি ও মুকেশ আম্বানির সমালোচনা করে লেখা তার নিবন্ধও ভিসা বাতিলের পেছনে ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন লিং। একই সঙ্গে ‘ককরোচ জনতা পার্টি’ আন্দোলন নিয়ে ইতিবাচক মতামত প্রকাশ এবং দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকের সাক্ষাৎকার নেওয়ার বিষয়টিও তিনি সম্ভাব্য কারণ হিসেবে উল্লেখ করেছেন।

প্যানেল আলোচনার এখনো সময় বাকি রয়েছে উল্লেখ করে ভিসা বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের প্রতি আহ্বান জানিয়েছেন এই সাংবাদিক।

Advertisements

উল্লেখ্য, চলতি বছরের ১৮ মে নরওয়ের অসলোতে দেশটির প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোরের সঙ্গে যৌথ সংবাদ বিবৃতি শেষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চলে যাওয়ার সময় তাকে প্রশ্ন করেছিলেন হেলে লিং। তিনি জানতে চেয়েছিলেন, ‘প্রধানমন্ত্রী মোদি, বিশ্বের সবচেয়ে স্বাধীন গণমাধ্যমের কিছু প্রশ্নের উত্তর কেন দিচ্ছেন না?’

তবে লিংয়ের প্রশ্নের কোনো জবাব না দিয়েই সেখান থেকে চলে যান মোদি। পরবর্তী সময়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়েও বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছিলেন ওই সাংবাদিক। জবাবে মন্ত্রণালয় বিশ্ব সংস্কৃতিতে ভারতের অবদান তুলে ধরে শূন্য, যোগব্যায়াম ও দাবার মতো বিষয়গুলোর উল্লেখ করেছিল।

Advertisements