সম্পর্কটা কি একতরফা হয়ে যাচ্ছে? যে ৫ কারণে বদলে যেতে পারে সমীকরণ

সম্পর্কের শুরুতে দুজনের মধ্যে কথোপকথন, খোঁজখবর নেওয়া কিংবা একসঙ্গে সময় কাটানোর আগ্রহ বেশ স্বতঃস্ফূর্ত থাকে। একজন অন্যজনের সারাদিনের খবর নেন, ছোটখাটো বিষয় মনে রাখেন এবং নতুন করে একে অপরকে জানার চেষ্টা করেন। সব মিলিয়ে মনে হয়, সম্পর্কটি ধীরে ধীরে গভীরতার দিকে এগোচ্ছে।
কিন্তু সময়ের সঙ্গে কখনো কখনো সেই চিত্র বদলে যায়। কথোপকথন শুরু করা, দেখা করার পরিকল্পনা করা কিংবা যোগাযোগ ধরে রাখার দায়িত্ব যেন একজনের ওপরই এসে পড়ে। তখন মনে প্রশ্ন জাগে, অন্য ব্যক্তির আগ্রহ কি কমে গেছে? সম্পর্কটি কি ধীরে ধীরে একতরফা হয়ে উঠছে?
বিশেষজ্ঞদের মতে, সম্পর্কের এমন পরিবর্তনের পেছনে একাধিক কারণ থাকতে পারে। সব সময় আগ্রহ হারিয়ে ফেলা এর একমাত্র কারণ নয়। জেনে নেওয়া যাক, যে পাঁচ কারণে সম্পর্ক হঠাৎ একতরফা মনে হতে পারে।
১. শুরুর দিকের উত্তেজনা কমে যাওয়া
নতুন সম্পর্কের শুরুতে দুজনের মধ্যেই কৌতূহল ও আগ্রহ বেশি থাকে। একে অপরের সঙ্গে কথা বলা, সময় কাটানো কিংবা নতুন কিছু জানার মধ্যে আলাদা আনন্দ কাজ করে। তবে সময়ের সঙ্গে প্রাথমিক উত্তেজনা কমে আসা স্বাভাবিক। ফলে যোগাযোগের পরিমাণও আগের তুলনায় কমতে পারে।
তবে যোগাযোগ কমে যাওয়া আর আগ্রহ হারিয়ে ফেলা এক বিষয় নয়। সম্পর্কটি যদি আরও স্বচ্ছন্দ ও স্থিতিশীল হয়, তাহলে কম কথোপকথনের মধ্যেও পারস্পরিক আগ্রহ বজায় থাকতে পারে। কিন্তু একজন যদি যোগাযোগ ধরে রাখার কোনো চেষ্টাই না করেন, তাহলে দুজনের প্রত্যাশা নিয়ে খোলামেলা আলোচনা করা প্রয়োজন।
২. যোগাযোগের ক্ষেত্রে প্রত্যাশার পার্থক্য
সম্পর্কে যোগাযোগ নিয়ে সবার চাহিদা এক রকম হয় না। কেউ দিনের মধ্যে কয়েকবার ছোট ছোট মেসেজ পাঠিয়ে যোগাযোগ রাখতে পছন্দ করেন। আবার কারও কাছে কয়েক দিন পরপর কথা বলাও স্বাভাবিক।
এই পার্থক্য থেকেই অনেক সময় ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। একজনের কাছে নিয়মিত যোগাযোগ ভালোবাসা ও আগ্রহের প্রকাশ হলেও অন্যজন হয়তো বিষয়টিকে ততটা গুরুত্ব দেন না।
তাই কম মেসেজ পেলেই আগ্রহ কমে গেছে, এমন সিদ্ধান্তে পৌঁছানো ঠিক নয়। বরং দুজনের যোগাযোগের প্রত্যাশা নিয়ে আলোচনা করা এবং কোন পদ্ধতিতে উভয়েই স্বাচ্ছন্দ্যবোধ করেন, তা বোঝার চেষ্টা করা জরুরি।
৩. সম্পর্ক এগিয়ে নেওয়ার দায়িত্ব একজনের ওপর পড়া
যেকোনো সম্পর্ক টিকিয়ে রাখতে দুজনেরই কিছুটা উদ্যোগ প্রয়োজন। কখনো একজন দেখা করার পরিকল্পনা করতে পারেন, আবার অন্য সময় অপরজন কথোপকথন শুরু করতে পারেন। এভাবে দুজনের অংশগ্রহণেই সম্পর্ক এগিয়ে যায়।
কিন্তু সব সময় যদি একজনকেই যোগাযোগ করতে, দেখা করার প্রস্তাব দিতে কিংবা সম্পর্ক ধরে রাখার চেষ্টা করতে হয়, তাহলে সেটি উদ্বেগের কারণ হতে পারে।
এমন পরিস্থিতিতে কিছুটা পিছিয়ে এসে দেখা যেতে পারে, অন্য ব্যক্তিও সম্পর্কের জন্য উদ্যোগী হচ্ছেন কি না। তবে কাউকে পরীক্ষা করা বা ইচ্ছাকৃতভাবে দূরত্ব তৈরি করা উদ্দেশ্য হওয়া উচিত নয়। বরং সম্পর্কের দায়িত্ব দুজন সমানভাবে নিতে আগ্রহী কি না, সেটি বোঝাই গুরুত্বপূর্ণ।
৪. আকর্ষণ থাকলেও প্রতিশ্রুতির আগ্রহ না থাকা
কেউ আপনার সঙ্গে কথা বলতে, সময় কাটাতে কিংবা আপনার সঙ্গ উপভোগ করতে পারেন। এমনকি আপনার প্রতি আকর্ষণও থাকতে পারে। কিন্তু এর অর্থ এই নয় যে তিনি একটি প্রতিশ্রুতিবদ্ধ সম্পর্কে জড়াতে চান।
কেউ কেউ বর্তমানের ভালো লাগা ও সঙ্গ উপভোগ করলেও ভবিষ্যৎ নিয়ে ভাবতে আগ্রহী হন না। ফলে সম্পর্কের কথোপকথন অন্তরঙ্গ মনে হলেও দুজনের উদ্দেশ্যের মধ্যে পার্থক্য থেকে যেতে পারে।
এ ধরনের পরিস্থিতিতে শুধু স্নেহপূর্ণ কথা কিংবা মাঝেমধ্যে পাওয়া মনোযোগের ওপর নির্ভর করা ঠিক নয়। বরং অন্য ব্যক্তির আচরণ, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সম্পর্ক নিয়ে তাঁর অবস্থান আপনার প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, তা খেয়াল করা প্রয়োজন।
৫. ব্যক্তিগত জীবনের পরিবর্তন ও ব্যস্ততা
কাজের চাপ, পারিবারিক দায়িত্ব, মানসিক ক্লান্তি কিংবা ব্যক্তিগত কোনো কঠিন পরিস্থিতির কারণে একজন মানুষের যোগাযোগের ধরন বদলে যেতে পারে। আগে যিনি নিয়মিত খোঁজ নিতেন, তিনিও হয়তো কোনো কারণে আগের মতো সময় দিতে পারছেন না।
তাই হঠাৎ যোগাযোগ কমে গেলেই আগ্রহ হারিয়ে ফেলেছেন বা ইচ্ছাকৃতভাবে দূরে সরে যাচ্ছেন, এমনটা ধরে নেওয়া উচিত নয়।
এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হলো, তিনি নিজের পরিস্থিতি সম্পর্কে আপনাকে জানাচ্ছেন কি না এবং সুযোগ পেলে আবার যোগাযোগ স্থাপনের চেষ্টা করছেন কি না। অন্য ব্যক্তির পরিস্থিতি বোঝার পাশাপাশি নিজের চাহিদা ও অনুভূতিকেও গুরুত্ব দিতে হবে।
সম্পর্কে সব সময় সমান পরিমাণে কথা বলা বা সময় দেওয়া সম্ভব না-ও হতে পারে। তবে দুজনের মধ্যে আগ্রহ, উদ্যোগ ও পারস্পরিক বোঝাপড়া থাকা জরুরি। কোনো সম্পর্ক যদি দীর্ঘদিন ধরে কেবল একজনের চেষ্টায় টিকে থাকে, তাহলে সেটি নিয়ে খোলামেলা কথা বলা এবং নিজের প্রত্যাশা স্পষ্ট করাই হতে পারে সবচেয়ে ভালো সিদ্ধান্ত।



