ভালো সঙ্গী হতে গিয়ে নিজের পরিচয়ই হারাচ্ছেন না তো?

সম্পর্ক ভালো রাখতে সঙ্গীর পছন্দ, অনুভূতি ও প্রয়োজনকে গুরুত্ব দেওয়া জরুরি। তার দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টা করা, প্রয়োজনে নিজের সিদ্ধান্তে ছাড় দেওয়া কিংবা অপ্রয়োজনীয় বিরোধ এড়িয়ে চলা—এসবই সুস্থ সম্পর্কের অংশ। তবে সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টায় নিজের ইচ্ছা, অনুভূতি ও ব্যক্তিগত স্বাধীনতাকে বিসর্জন দেওয়া কখনোই স্বাস্থ্যকর নয়। আপোস করতে করতে একসময় নিজের পরিচয় হারিয়ে ফেলছেন কি না, সেটিও খেয়াল রাখা প্রয়োজন।
বিশেষজ্ঞদের মতে, সম্পর্কের প্রতি যত্নশীল হওয়া আর নিজের অস্তিত্বকে উপেক্ষা করা এক বিষয় নয়। একজন ভালো জীবনসঙ্গী হওয়ার চেষ্টায় নিজেকেই হারিয়ে ফেলছেন কি না, তা বোঝার পাঁচটি লক্ষণ রয়েছে।
১. ইচ্ছা না থাকলেও সবকিছুতে সম্মতি দেন
আপনার অপছন্দের কোনো পরিকল্পনা কিংবা অস্বস্তিকর কোনো সিদ্ধান্তেও সঙ্গীর মন খারাপের ভয়ে রাজি হয়ে যান। নিজের চাওয়া-পাওয়ার কথা বোঝানোর চেয়ে হ্যাঁ বলাই সহজ মনে হয়। অথচ সুস্থ সম্পর্কে প্রয়োজনে না বলার স্বাধীনতাও থাকা জরুরি। নিজের মত প্রকাশ করলে সম্পর্ক নষ্ট হয়ে যাবে—এমন ভয় থাকা উচিত নয়।
২. নিজের জন্য সময় বের করা বন্ধ করে দিয়েছেন
বন্ধুদের সঙ্গে দেখা করা, শখ পূরণ কিংবা একান্তে কিছুটা সময় কাটানোর অভ্যাস হারিয়ে যাচ্ছে। আপনার অবসর সময়ের প্রায় পুরোটাই সঙ্গীকে ঘিরে কাটছে। একসঙ্গে সময় কাটানো সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ হলেও ব্যক্তিগত আগ্রহ ও সামাজিক সম্পর্ক বজায় রাখাও সমান প্রয়োজন। ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে নিজের পছন্দের বিষয়গুলো ছেড়ে দেওয়ার প্রয়োজন নেই।
৩. অনুভূতি প্রকাশের আগেই নিজেকে থামিয়ে দেন
সঙ্গীর কোনো আচরণে কষ্ট পেলেও তা প্রকাশ করেন না। বরং নিজেকেই বোঝান, হয়তো আপনি বেশি সংবেদনশীল হয়ে পড়ছেন। কোনো কথা বললে সঙ্গী কীভাবে প্রতিক্রিয়া দেখাবেন, তা ভেবে বারবার নিজের অনুভূতি চেপে রাখেন। এতে সাময়িকভাবে বিরোধ এড়ানো গেলেও মনের মধ্যে হতাশা ও ক্ষোভ জমতে থাকে। সম্পর্কে নিজের অস্বস্তি ও কষ্টের কথা নির্ভয়ে বলার সুযোগ থাকা প্রয়োজন।
৪. সঙ্গীর মন ভালো থাকাকেই নিজের সাফল্য মনে করেন
সঙ্গীর মন খারাপ হলেই ভাবতে শুরু করেন, নিশ্চয়ই আপনার কোনো ভুল হয়েছে। তার মেজাজ ঠিক রাখা কিংবা প্রতিটি মতবিরোধ এড়িয়ে চলার দায়িত্বও নিজের কাঁধে তুলে নেন। সঙ্গীর অনুভূতির প্রতি যত্নশীল হওয়া ভালো, কিন্তু তার সব আবেগের দায় আপনার একার নয়। তার খারাপ সময় কাটানোর অর্থ এই নয় যে আপনি একজন জীবনসঙ্গী হিসেবে ব্যর্থ।
৫. সম্পর্কের বাইরে নিজের চাওয়া-পাওয়া ভুলে গেছেন
কোনো পরিকল্পনা করার সময় নিজের পছন্দের চেয়ে সঙ্গীর ইচ্ছাকেই বেশি গুরুত্ব দেন। ধীরে ধীরে নিজের আগ্রহ, ব্যক্তিগত লক্ষ্য ও মতামতগুলোও অস্পষ্ট হয়ে যায়। সঙ্গীর সঙ্গে মানিয়ে নিতে গিয়ে নিজের জন্য কী চান, সেটিই আর বুঝতে পারেন না। এমন পরিস্থিতিতে নিজের পছন্দের বিষয়গুলো নতুন করে খুঁজে দেখা এবং ব্যক্তিগত লক্ষ্য নিয়ে ভাবার জন্য সময় বের করা জরুরি।
মনে রাখা প্রয়োজন, সুন্দর সম্পর্ক মানে দুজনের একজনের সবসময় ছাড় দেওয়া নয়। বরং পারস্পরিক শ্রদ্ধা, ব্যক্তিগত স্বাধীনতা এবং একে অপরের স্বতন্ত্র পরিচয়কে গুরুত্ব দেওয়ার মধ্য দিয়েই একটি সম্পর্ক সুস্থ ও দীর্ঘস্থায়ী হয়ে ওঠে।



