১১ নভেম্বর, ২০২৬ | বুধবারবাংলা: ২৬ কার্তিক ১৪৩৩
বাংলাদেশ

চানখারপুলে এনআইসিইউতে ওয়ার্মারে আগুন, দগ্ধ নবজাতকের মৃত্যু

IMG_7593

রাজধানীর চানখারপুলে রয়েল কেয়ার অ্যান্ড সার্জিক্যাল হাসপাতালের নবজাতক নিবিড় পরিচর্যাকেন্দ্রে (এনআইসিইউ) ওয়ার্মারে আগুন লেগে দগ্ধ হওয়া নবজাতক মারা গেছে। পাঁচ দিন মৃত্যুর সঙ্গে লড়াইয়ের পর বুধবার (১১ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের এনআইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঢাকা মেডিকেলের নিবিড় পরিচর্যাকেন্দ্রে দায়িত্ব পালনকারী এক চিকিৎসক দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান, বুধবার দুপুর আড়াইটা থেকে সাড়ে ৩টার মধ্যে শিশুটির মৃত্যু হয়েছে। দগ্ধ হওয়ার পর বিভিন্ন শারীরিক জটিলতায় তার অবস্থার অবনতি হচ্ছিল। বুধবার সকালে তাকে লাইফ সাপোর্টেও নেওয়া হয়েছিল।

নবজাতকের বাবা মোহাম্মদ রব্বানী জানান, শিশুটির মরদেহ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

পরিবার সূত্রে জানা যায়, গত শনিবার (৭ নভেম্বর) ভোর ৪টার দিকে শিশুটির জন্ম হয়। জন্মের পর এনআইসিইউতে রাখার প্রয়োজন হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শয্যা খালি না থাকায় পরামর্শ অনুযায়ী তাকে চানখারপুলের রয়েল কেয়ার অ্যান্ড সার্জিক্যাল হাসপাতালে নেওয়া হয়। জন্মের মাত্র দুই ঘণ্টা পরই ঘটে মর্মান্তিক দুর্ঘটনাটি।

রব্বানীর ভাষ্য অনুযায়ী, শনিবার সকাল ৬টার দিকে নবজাতককে হাসপাতালের এনআইসিইউতে নেওয়ার দুই থেকে তিন মিনিটের মধ্যেই ওয়ার্মারে আগুন ধরে যায়। এতে শিশুটির শরীরের প্রায় ১০০ শতাংশ পুড়ে যায়।

তিনি বলেন, শিশুটিকে হাসপাতালে নেওয়ার পর দ্বিতীয় তলায় দেখিয়ে নিচে নামার সময় ভর্তি-সংক্রান্ত কাগজপত্র তৈরি করা হচ্ছিল। এর মধ্যেই ওয়ার্মারে আগুন লাগে এবং তার নবজাতক ছেলে দগ্ধ হয়।

Advertisements

দুর্ঘটনার পর শিশুটিকে প্রথমে জাতীয় বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেলে আনা হয়। সেখান থেকে আবার রয়েল কেয়ার হাসপাতালে পাঠানো হলেও পরবর্তী সময়ে হাসপাতাল কর্তৃপক্ষের সহযোগিতায় তাকে ঢাকা মেডিকেলের এনআইসিইউতে ভর্তি করা হয়।

হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে অবহেলার অভিযোগ তুলে নবজাতকের বাবা বলেন, ‘আমার ছোট বাচ্চাকে এভাবে হাসপাতালে নিয়ে পুড়িয়ে ফেলল। আমরা এর বিচার চাই।’

এ বিষয়ে রয়েল কেয়ার অ্যান্ড সার্জিক্যাল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক অপর্ণা হালদার দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, ঘটনার সময় এনআইসিইউতে দুটি শিশু ছিল। এর মধ্যে একটি শিশুর ওয়ার্মারে আগুন লাগে। শিশুটিকে তখনো ভর্তি করা হয়নি। বেডে দেওয়ার পর কথা বলার মধ্যেই এক সেকেন্ডের মধ্যে এ দুর্ঘটনা ঘটে।

তার দাবি, শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ঘটনার সময় হাসপাতালে চিকিৎসক, নার্স, আয়া ও ওয়ার্ডবয়সহ প্রয়োজনীয় জনবল উপস্থিত ছিলেন। দুর্ঘটনার পর চিকিৎসক ও নার্সরা দ্রুত ব্যবস্থা নেন।

অপর্ণা হালদার আরও জানান, শিশুটির চিকিৎসার জন্য হাসপাতালের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হয়েছে। ঢাকা মেডিকেলে ভর্তি করানোর ক্ষেত্রেও তারা সহায়তা করেছেন। শিশুটির চিকিৎসা ও পরিবারের প্রয়োজনীয় সহায়তায় ভবিষ্যতেও পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন তিনি।

উল্লেখ্য, নবজাতকের বাবা মোহাম্মদ রব্বানী গাজীপুরে একটি ইলেকট্রনিকসের দোকান পরিচালনা করেন। গত ৬ নভেম্বর রাতে শিশুটির মা স্বপ্নাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ওই রাতেই ভোর ৪টার দিকে তিনি পুত্রসন্তানের জন্ম দেন। এই দম্পতির আরও একটি ছেলে সন্তান রয়েছে।

Advertisements