১১ নভেম্বর, ২০২৬ | বুধবারবাংলা: ২৬ কার্তিক ১৪৩৩
বিনোদন

সিডনিতে নির্ভার সময় কাটাচ্ছেন পূর্ণিমা, বললেন ‘কোনো ঝামেলা নেই’

IMG_7591

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা বর্তমানে বড় পর্দায় তুলনামূলক কম সক্রিয়। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিতই নিজের জীবনের নানা মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তিনি। এবার অস্ট্রেলিয়ার সিডনিতে ঘুরে বেড়ানোর কিছু আনন্দঘন মুহূর্ত শেয়ার করে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে সিডনির একটি মলের ক্যাফে চত্বরে ঘুরে বেড়াতে দেখা যায় পূর্ণিমাকে। ক্যাজুয়াল পোশাকে, চোখে চশমা, সবুজ টি-শার্ট ও ডেনিম জ্যাকেটে হাসিমুখে ধরা দেন তিনি। তার সাবলীল উপস্থিতি নজর কেড়েছে ভক্তদের।

ভিডিওটির ক্যাপশনে পূর্ণিমা লিখেছেন, সিডনির পথে পথে ঘুরে বেড়ানোর পাশাপাশি জমা হচ্ছে সুন্দর সব স্মৃতি। কোনো ঝামেলা নেই, কোনো চাপ নেই—শুধু অফুরন্ত হাসি, নির্ভার কিছু মুহূর্ত আর শহরের জীবন নিজের মতো করে উপভোগ করার আনন্দ। তার ভাষায়, কখনো কখনো কোনো পরিকল্পনা ছাড়াই নিজের মতো করে চলতে থাকলে জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো তৈরি হয়।

পূর্ণিমার এই ভিডিও প্রকাশের পর থেকেই মন্তব্যের ঘরে ভালোবাসা ও প্রশংসা জানাচ্ছেন ভক্তরা। কেউ তার চিরচেনা সৌন্দর্য ও হাসির প্রশংসা করেছেন, আবার কেউ মজার ছলে নিজেদের বয়স বেড়ে যাওয়ার কথাও তুলে ধরেছেন। এক অনুরাগী লিখেছেন, ‘আপনাকে ছোটবেলা থেকে যেমন দেখছি, আপনি এখনো তেমনই আছেন, অথচ আমরা বুড়ো হয়ে গেছি।’

নব্বইয়ের দশকে ঢালিউডে জনপ্রিয়তা পাওয়া পূর্ণিমা দীর্ঘদিন ধরেই দর্শকের ভালোবাসা ধরে রেখেছেন। অভিনয়ে আগের মতো নিয়মিত না থাকলেও তার সৌন্দর্য, ব্যক্তিত্ব ও হাসিমাখা উপস্থিতি এখনো ভক্তদের মুগ্ধ করে। সিডনিতে কাটানো এবারের মুহূর্তগুলোও তার ব্যতিক্রম নয়।

Advertisements