বিয়ে ছাড়া সন্তান জন্ম, কেনিয়ার গৃহকর্মীকে ১০০ দোররার সাজা

সৌদি আরবে বিয়েবহির্ভূত সম্পর্কের মাধ্যমে সন্তান জন্ম দেওয়ায় কেনিয়ার এক নারী গৃহকর্মীকে ১০০ দোররা মারার সাজা দিয়েছেন আদালত। দেশটিতে একটি ছেলেসন্তান জন্ম দেওয়ার পর ওই নারীর বিরুদ্ধে এ রায় দেওয়া হয়।
মঙ্গলবার (১১ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, এক মিসরীয় নাগরিকের সঙ্গে সম্পর্কের জেরে অন্তঃসত্ত্বা হন ওই নারী। তবে সন্তান জন্মের আগেই ওই ব্যক্তি সৌদি আরব ছেড়ে চলে যান। ২০২৫ সালের আগস্টে একটি ছেলেসন্তানের জন্ম দেন ওই গৃহকর্মী।
কয়েক দফা শুনানি শেষে গত অক্টোবর মাসে তাকে ১০০ দোররা মারার সাজা দেওয়া হয়। বিচারপ্রক্রিয়ায় ওই নারীর পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। তবে আদালতের একজন অনুবাদক তাকে সহায়তা করেন।
কেনিয়ায় থাকা নিজের অন্য সন্তানদের কাছে ফিরে যাওয়ার আশায় আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করেননি তিনি। তবে আইনি জটিলতার কারণে এক বছরের বেশি সময় ধরে নবজাতক ছেলেকে নিয়ে সৌদি আরব ছাড়তে পারছেন না। এরই মধ্যে দেশে ফেরার প্রয়োজনীয় নথিপত্রের মেয়াদও শেষ হয়ে গেছে।
দ্য নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে আরও বলা হয়েছে, আদালতের রায়ে সন্তানের বাবাকে খুঁজে বের করা কিংবা তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়নি। এমনকি কবে ওই নারীর সাজা কার্যকর করা হবে, সে বিষয়েও নির্দিষ্ট কোনো সময় উল্লেখ করা হয়নি।
নিজের পরিণতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ওই নারী সংবাদমাধ্যমটিকে বলেন, এতগুলো দোররার আঘাত সহ্য করতে পারবেন কি না, তা নিয়ে তিনি ভীত। তার ভাষায়, ‘এই শাস্তি আমার প্রাপ্য নয়।’
এর আগে ২০২৪ সালে যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে আসে, সৌদি আরবে বিয়েবহির্ভূত সম্পর্কের কঠোর শাস্তির আশঙ্কায় কেনিয়ার অনেক অবিবাহিত মাকে সন্তানসহ ফেলে পালিয়ে গেছেন তাদের সন্তানের বাবারা।



