আজীবন সম্মাননায় ভূষিত হচ্ছেন অভিনেত্রী শবনম

প্রয়াত সংগীতশিল্পী বশির আহমেদের স্মৃতি ও সৃষ্টিকর্ম নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে আবারও আয়োজন করা হচ্ছে ‘বশির আহমেদ সম্মাননা’। এবারের আয়োজনে আজীবন সম্মাননা পাচ্ছেন বর্ষীয়ান অভিনেত্রী শবনম।
বশির আহমেদের দুই উত্তরসূরি হোমায়রা বশির ও রাজা বশিরের উদ্যোগে চালু হয় এই সম্মাননা আয়োজন। আগামী ১৮ নভেম্বর বশির আহমেদের জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকার সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে বসবে এবারের আসর। বিকেল ৪টায় শুরু হবে সম্মাননা প্রদান অনুষ্ঠান। এতে শবনম ছাড়াও তরুণ ও গুণী শিল্পীদের সম্মানিত করা হবে।
১৯৪৬ সালে ঢাকার নবাবপুরে জন্ম নেওয়া শবনমের অভিনয়জীবন শুরু হয় করাচির চলচ্চিত্রশিল্পে। ষাটের দশক থেকে পর্দায় যাত্রা শুরু করে নব্বইয়ের দশকের শেষ পর্যন্ত অভিনয় করেছেন তিনি। দীর্ঘ ক্যারিয়ারে উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় সিনেমা। এর মধ্যে উল্লেখযোগ্য ‘আম্মাজান’, যা ছিল তার অভিনীত শেষ সিনেমা।
বাংলা ও উর্দু মিলিয়ে প্রায় ১৮০টি সিনেমায় অভিনয় করেছেন শবনম। বাংলার তুলনায় উর্দু সিনেমায় তার কাজের সংখ্যা বেশি। পাকিস্তানের চলচ্চিত্র অঙ্গনেও ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন তিনি। অভিনয়ের স্বীকৃতিস্বরূপ দেশটির মর্যাদাপূর্ণ নিগার পুরস্কার পেয়েছেন ১২ বার। এবার বশির আহমেদ সম্মাননায় আজীবন সম্মাননা পাওয়ার মধ্য দিয়ে তার দীর্ঘ অভিনয়জীবনের অর্জনে যুক্ত হচ্ছে আরেকটি স্বীকৃতি।



