১১ নভেম্বর, ২০২৬ | বুধবারবাংলা: ২৬ কার্তিক ১৪৩৩
বিনোদন

আয়াতুল কুরসি খোদাই করা ঐতিহাসিক পান্নার গয়না পরায় কারিনাকে আইনি নোটিশ

karena-9-20261109160747

পবিত্র কুরআনের আয়াতুল কুরসি খোদাই করা একটি ঐতিহাসিক পান্নার অলংকার পরাকে কেন্দ্র করে আইনি নোটিশ পেয়েছেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। ভোপালের রাজপরিবারের ঐতিহ্যবাহী এই গয়না দীপাবলির সাজে ব্যবহার করায় আপত্তি জানিয়েছেন সামাজিক অধিকারকর্মী আব্বাস হাফিজসহ মুসলিম সম্প্রদায়ের কয়েকজন সদস্য। তাদের আপত্তির পরিপ্রেক্ষিতেই কারিনাকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

সংগৃহীত

দীপাবলি উপলক্ষে এবার বিশেষ ঐতিহ্যবাহী সাজে দেখা যায় কারিনাকে। ডিজাইনার পুনিত বালানার তৈরি বেইজ রঙের কাফতান পরেছিলেন তিনি। পোশাকের সঙ্গে মিলিয়ে ছিল একই রঙের পাগড়ি, যার সামনে যুক্ত করা হয়েছিল একটি আকর্ষণীয় কলগি। এই কলগির সঙ্গেও জড়িয়ে রয়েছে পারিবারিক ইতিহাস। কারিনার স্বামী সাইফ আলী খান নিজের বিয়ের দিন এটি পরেছিলেন।

তবে পুরো সাজের মধ্যে সবচেয়ে বেশি নজর কেড়েছে ৩০ ক্যারেটের একটি পান্নার লকেট। অলংকারটির গায়ে খোদাই করা রয়েছে পবিত্র কুরআনের দ্বিতীয় সূরা আল-বাকারার ২৫৫তম আয়াত, যা আয়াতুল কুরসি নামে পরিচিত। ঐতিহাসিক এই পান্নাটি একসময় ভোপালের বেগমের মালিকানায় ছিল। সাইফ আলী খানের সঙ্গে বিয়ের পর পারিবারিক উত্তরাধিকার সূত্রে গয়নাটি কারিনার কাছে আসে।

সংগৃহীত

কারিনার সাজের দায়িত্বে থাকা রিয়া কাপুর সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি পোস্টে পোশাক ও অলংকারগুলোর বিস্তারিত তুলে ধরেন। সেখানে তিনি জানান, কারিনার পরনে ছিল পুনিত বালানার নকশা করা খাঁটি রুপার কাফতান ও পাগড়ি। এর সঙ্গে যুক্ত করা হয়েছিল ভোপালের নবাবের প্রায় ২০০ বছরের পুরোনো কলগি এবং ভোপালের বেগমের ৩০ ক্যারেটের পান্না, যার গায়ে খোদাই করা রয়েছে আয়াতুল কুরসি।

রিয়া আরও উল্লেখ করেন, অলংকারগুলো সাইফ আলী খানের পরিবারের ঐতিহ্যের অংশ। তার দাদি সাজিদা সুলতান ছিলেন ভোপালের শেষ শাসক নবাবের মেয়ে। সেই সূত্রেই রাজপরিবারের পুরোনো এসব গয়না পরবর্তী প্রজন্মের কাছে এসেছে এবং বর্তমানে কারিনার সংগ্রহে রয়েছে।

সংগৃহীত

অন্যদিকে, দীপাবলির সাজে নিজের কয়েকটি ছবিও ইনস্টাগ্রামে প্রকাশ করেছিলেন কারিনা। ছবিগুলোর ক্যাপশনে তিনি লেখেন, ‘দীপাবলি মানেই ঐতিহ্যকে যথাযথভাবে উদ্‌যাপন করা।’

Advertisements

তবে ঐতিহাসিক ও পারিবারিক ঐতিহ্যের অংশ হিসেবে ব্যবহৃত পান্নার অলংকারটিই শেষ পর্যন্ত বিতর্কের কেন্দ্রে চলে এসেছে। পবিত্র কুরআনের আয়াত খোদাই করা গয়না দীপাবলির সাজে ব্যবহারের বিষয়টি নিয়ে আপত্তি ওঠার পর কারিনার বিরুদ্ধে আইনি নোটিশের ঘটনাটি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

Advertisements