প্রিয়াঙ্কার স্বামী নিকের ২১ বছরের লড়াই, যে রোগ বদলে দিয়েছে জীবন

মাত্র ১৩ বছর বয়সে জানতে পারেন টাইপ-১ ডায়াবেটিসে আক্রান্ত তিনি। এরপর পেরিয়ে গেছে ২১ বছর। দীর্ঘ এই সময়ে রোগটির সঙ্গে প্রতিনিয়ত লড়াই করে যেতে হচ্ছে মার্কিন গায়ক ও অভিনেতা নিক জোনাসকে। বাইরে থেকে স্বাভাবিক জীবনযাপন করলেও প্রতিদিনের খাবার, শরীরচর্চা কিংবা ব্যক্তিগত নানা সিদ্ধান্তে ডায়াবেটিসের প্রভাব রয়েছে তার জীবনে। এবার দীর্ঘদিনের এই শারীরিক লড়াই এবং মানসিক অভিজ্ঞতা নিয়ে খোলামেলা কথা বলেছেন প্রিয়াঙ্কা চোপড়ার স্বামী।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক খোলা চিঠিতে ডায়াবেটিসকে ‘পুরোনো বন্ধু’ বলে সম্বোধন করেছেন নিক। তবে দীর্ঘ ২১ বছরের সম্পর্ক হলেও এই রোগকে এখনো পুরোপুরি মেনে নিতে পারেননি তিনি। আন্তর্জাতিক ডায়াবেটিস সচেতনতা মাস উপলক্ষে নিজের অভিজ্ঞতা তুলে ধরে ৩৪ বছর বয়সী এই তারকা জানিয়েছেন, প্রতিদিন কীভাবে অসংখ্য ছোট ছোট সিদ্ধান্তের মধ্য দিয়ে তাকে রোগটি সামলাতে হয়।

চিঠিতে নিক লিখেছেন, ‘হ্যালো বন্ধু! প্রায় ২১ বছর হয়ে গেল, তাই না? কিন্তু তোমার একটুও বদল ঘটেনি। আশ্চর্য লাগে, আমরা প্রতিদিন কতবার নিজেদের মধ্যে কথা বলি! খাবারের তালিকায় মাত্র ১৭ গ্রাম কার্বোহাইড্রেট থাকলে ইনসুলিন নেওয়ার কথা ভাবা, কিংবা ফোনে বারবার নিজের রক্তের শর্করার মাত্রা পরীক্ষা করা—সপ্তাহে এই ধরনের শয়ে শয়ে সিদ্ধান্ত নিতে হয় আমাকে। বাইরের মানুষ হয়তো এগুলো খেয়ালও করে না। তবে এটাই বাস্তব সম্পর্ক, কারণ ডায়াবেটিস হলো আপনার শরীর, মন এবং যন্ত্রের মধ্যকার এক অবিরাম কথোপকথন।’
কৈশোরে রোগটি ধরা পড়ার পর থেকেই নিকের জীবনযাপনে আসে নানা পরিবর্তন। ডায়াবেটিসের অনিশ্চিত আচরণ এবং প্রতিদিনের শারীরিক চ্যালেঞ্জের কারণে একসময় নিজের জীবনের ওপর নিয়ন্ত্রণ হারানোর অনুভূতিও তৈরি হয়েছিল তার। স্বাভাবিক জীবনের পাশাপাশি প্রতিনিয়ত রক্তে শর্করার মাত্রা পর্যবেক্ষণ, খাবারের হিসাব রাখা এবং প্রয়োজন অনুযায়ী ইনসুলিন গ্রহণ করতে হয় তাকে। এসব সামলাতে গিয়ে মাঝেমধ্যে তার মনেও প্রশ্ন জাগে, এই রোগ না থাকলে জীবনটা কেমন হতো!
নিজের চিঠিতে সেই অনুভূতির কথাও তুলে ধরেছেন নিক। তার ভাষায়, ‘এমন বহু দিন আসে যখন মনে হয়, তুমি (ডায়াবেটিস) না থাকলে আমার জীবনটা ঠিক কেমন হতো!’
শুধু শারীরিক চ্যালেঞ্জই নয়, ছোটবেলা ও কৈশোরে এই রোগের কারণে মানসিকভাবেও কঠিন সময় পার করতে হয়েছে তাকে। স্কুল কিংবা বন্ধুদের সঙ্গে আড্ডায় অনেক সময় নিজেকে অন্যদের থেকে আলাদা মনে হতো। রোগটি নিয়ে নানা সীমাবদ্ধতা ও অনিশ্চয়তা তার মধ্যে বিচ্ছিন্নতাবোধ তৈরি করেছিল। তবে সময়ের সঙ্গে নিজের অভিজ্ঞতা প্রকাশ্যে বলতে শুরু করেন এই গায়ক। একই রোগে আক্রান্ত মানুষের সঙ্গে যোগাযোগ বাড়তে থাকলে নিজের মধ্যে একাত্মতা ও মানসিক স্বস্তি খুঁজে পান তিনি।

নিকের মতে, নিজের অসুস্থতার কথা প্রকাশ্যে তুলে ধরার অন্যতম উদ্দেশ্য হলো অন্যদের সাহস জোগানো। বিশেষ করে যেসব কিশোর-কিশোরী নতুন করে টাইপ-১ ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছে, তাদের কাছে নিজের অভিজ্ঞতা পৌঁছে দিতে চান তিনি। যেন তারা বুঝতে পারে, এই রোগে আক্রান্ত হওয়া মানেই জীবনের স্বপ্ন থেমে যাওয়া নয়।
চিঠিতে নিক লিখেছেন, ‘আমি আমার এই লড়াইয়ের গল্প সেই ১৩ বছরের কিশোর-কিশোরীদের জন্যই ভাগ করে নিচ্ছি, যারা সদ্য এই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালের বিছানায় শুয়ে চরম ভয়ে দিন কাটাচ্ছে। আমি চাই তারা দেখুক যে, এত বড় শারীরিক চ্যালেঞ্জ প্রতিদিন সামলে নিয়েও আজও একজন মানুষ কীভাবে নিজের স্বপ্নগুলো সত্যি করে চলেছে।’
সংগীত ও অভিনয়জগতে নিজের অবস্থান তৈরি করার পাশাপাশি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস সচেতনতা নিয়েও কাজ করছেন নিক। তার এই অভিজ্ঞতা নতুন করে মনে করিয়ে দেয়, দীর্ঘমেয়াদি কোনো রোগ নিয়ে বেঁচে থাকা মানুষের সংগ্রাম সব সময় বাইরে থেকে বোঝা যায় না। স্বাভাবিক জীবনযাপনের আড়ালেও প্রতিদিন চলে নানা হিসাব-নিকাশ ও মানসিক লড়াই।



