প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে ৪২০টির বেশি শিক্ষামূলক খেলা, বদলাবে পাঠদানের ধরন

শিশুদের কাছে পড়াশোনাকে আরও আনন্দদায়ক, সহজ ও আকর্ষণীয় করে তুলতে প্রাথমিক শিক্ষাব্যবস্থায় নতুন উদ্যোগ নিতে যাচ্ছে সরকার। প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য পাঠ্যক্রমভিত্তিক ৪২০টিরও বেশি শিক্ষামূলক খেলা ও উপকরণ তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। এসব খেলার মাধ্যমে বাংলা, গণিত ও বিজ্ঞানের মতো বিষয়গুলোকে শিশুদের কাছে আরও সহজবোধ্য করে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে প্রাথমিক স্তরের পাঠ্যক্রমে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিতের সমন্বয়ে স্টেম (STEM) শিক্ষা চালুর উদ্যোগও নেওয়া হচ্ছে।
বুধবার (১১ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পর্যটন করপোরেশন ভবনে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব পরিকল্পনার কথা জানানো হয়। ‘প্রাথমিক স্তরে স্টেম শিক্ষা: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও আগামীর ভাবনা’ শীর্ষক সভাটির আয়োজন করে গণসাক্ষরতা অভিযান ও নেটজ বাংলাদেশ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
সভায় প্রতিমন্ত্রী বলেন, প্রাথমিক শিক্ষাকে শুধু পাঠ্যবই পড়া, মুখস্থ করা কিংবা পরীক্ষায় ভালো ফল করার মধ্যে সীমাবদ্ধ রাখা যাবে না। শিশুদের স্বাভাবিক কৌতূহল, সৃজনশীলতা, অনুসন্ধিৎসা ও বিশ্লেষণী ক্ষমতা বিকাশের জন্য বিদ্যালয়ে উপযুক্ত পরিবেশ তৈরি করা প্রয়োজন। ছোটবেলা থেকেই শিশুদের চিন্তা করতে শেখানো, প্রশ্ন করার সুযোগ দেওয়া এবং নিজেরা অনুসন্ধানের মাধ্যমে নতুন বিষয় আবিষ্কারের আগ্রহ তৈরি করতে হবে।
তিনি বলেন, বর্তমান সময় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন ডিজিটাল প্রযুক্তির দ্রুত বিস্তারের সময়। এসব প্রযুক্তি শিশুদের জীবনযাপন ও শেখার পদ্ধতিতে ব্যাপক পরিবর্তন আনছে। অনেক শিশু অবসর ও সৃজনশীলতার সময়ের বড় একটি অংশ ডিজিটাল যন্ত্রের পেছনে ব্যয় করছে। অন্যদিকে, কৃত্রিম বুদ্ধিমত্তার অগ্রগতির কারণে ভবিষ্যতের কর্মক্ষেত্রেও বড় ধরনের পরিবর্তন আসবে। প্রচলিত অনেক কাজের ধরন বদলে যাবে, আবার কিছু কাজের প্রয়োজনীয়তাও কমে আসতে পারে।
এমন বাস্তবতায় আগামী প্রজন্মকে ভবিষ্যতের উপযোগী করে গড়ে তুলতে প্রাথমিক স্তর থেকেই তাদের সমস্যা সমাধান, তথ্য বিশ্লেষণ এবং যুক্তির ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা তৈরি করতে হবে বলে মনে করেন প্রতিমন্ত্রী। তাঁর মতে, শিক্ষার উদ্দেশ্য শুধু বইয়ের তথ্য মুখস্থ করানো নয়; বরং অর্জিত জ্ঞানকে বাস্তব জীবনে কাজে লাগানোর সক্ষমতা তৈরি করা। শিশুদের এমনভাবে গড়ে তুলতে হবে, যেন তারা নতুন পরিস্থিতি বুঝতে পারে, নিজেরা চিন্তা করতে পারে এবং প্রয়োজন অনুযায়ী সঠিক সিদ্ধান্ত নিতে শেখে।
শিক্ষকদের বেতন, মর্যাদা ও সুযোগ-সুবিধা নিয়েও সভায় কথা বলেন ববি হাজ্জাজ। এ প্রসঙ্গে নিজের আগের একটি বক্তব্যের ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, সরকারি ও বেসরকারি প্রাথমিক শিক্ষকদের বেতনের তুলনা করতে গিয়ে তিনি শিক্ষকদের বেতনকে সম্পূর্ণ পর্যাপ্ত বলে মন্তব্য করেছেন—এমন ধারণা সঠিক নয়। শিক্ষকতা অত্যন্ত সম্মানজনক ও গুরুত্বপূর্ণ একটি পেশা। কারণ, একজন শিক্ষকই ভবিষ্যৎ প্রজন্মের চিন্তাভাবনা, জ্ঞান ও মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
তিনি আরও বলেন, মেধাবী ও যোগ্য ব্যক্তিদের শিক্ষকতা পেশায় আকৃষ্ট করতে হলে তাঁদের যথাযথ সম্মান, মর্যাদা ও আর্থিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা জরুরি। এ প্রসঙ্গে কৃষকের উদাহরণ টেনে প্রতিমন্ত্রী বলেন, একজন কৃষক যেমন ভবিষ্যতে ভালো ফলনের আশায় সেরা বীজ সংরক্ষণ করেন, তেমনি আগামী দিনের যোগ্য ও মেধাবী প্রজন্ম গড়ে তুলতে সবচেয়ে মেধাবী মানুষদের শিক্ষকতা পেশায় নিয়ে আসতে হবে।
শিশুদের জন্য আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরির পরিকল্পনা তুলে ধরে প্রতিমন্ত্রী জানান, শিক্ষার্থীরা যেন শুধু উপস্থিতি নিশ্চিত করতে কিংবা বাধ্য হয়ে বিদ্যালয়ে না আসে, বরং নতুন কিছু শেখার আগ্রহ ও আনন্দ নিয়ে প্রতিদিন স্কুলে আসে, সরকার সেই পরিবেশ গড়ে তুলতে চায়। এ লক্ষ্যেই প্রথম থেকে পঞ্চম শ্রেণির পাঠ্যক্রমের সঙ্গে সামঞ্জস্য রেখে ৪২০টির বেশি শিক্ষামূলক খেলা তৈরির কাজ চলছে। পাশাপাশি পাঠ্যবইয়ের বিভিন্ন অধ্যায়ের বিষয়বস্তু বুঝতে সহায়ক খেলনা ও বাস্তবভিত্তিক শিক্ষা উপকরণ ব্যবহারের পরিকল্পনাও রয়েছে।
তিনি উদাহরণ দিয়ে বলেন, প্রথম শ্রেণির শিক্ষার্থীদের যোগ-বিয়োগ শেখানোর ক্ষেত্রে বিভিন্ন ধরনের খেলনা বা হাতে-কলমে ব্যবহারযোগ্য উপকরণ কাজে লাগানো যেতে পারে। একইভাবে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের পরিসীমা ও ক্ষেত্রফলের ধারণা বোঝাতে বাস্তব উপকরণ ব্যবহার করলে বিষয়গুলো তাদের কাছে আরও সহজ ও স্পষ্ট হয়ে উঠবে। শুধু তাত্ত্বিক ব্যাখ্যার পরিবর্তে শিশুরা যখন নিজেরা উপকরণ ব্যবহার করে শিখবে, তখন পাঠের বিষয়বস্তু বুঝতে এবং মনে রাখতে সুবিধা হবে।
কোন শ্রেণির কোন অধ্যায়ে কী ধরনের শিক্ষা উপকরণ ব্যবহার করা হলে শিক্ষার্থীরা সবচেয়ে বেশি উপকৃত হবে, তা নির্ধারণে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) কাজ শুরু করেছে বলেও জানান তিনি। এ ক্ষেত্রে দেশীয় উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আলোচনা করার পরিকল্পনা রয়েছে। স্থানীয়ভাবে মানসম্মত ও পাঠ্যক্রমের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ শিক্ষাসামগ্রী তৈরি করা গেলে সেগুলো তুলনামূলক সাশ্রয়ী মূল্যে বিদ্যালয়গুলোতে সরবরাহ করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
সভায় ‘প্রাথমিক স্তরে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত শিক্ষাসংক্রান্ত সমীক্ষার ফলাফল’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন স্কিল ইন্সপায়ারের প্রধান পরামর্শক মো. আতাউল গনি ওসমানি। এতে প্রাথমিক পর্যায়ে স্টেম শিক্ষা চালুর সম্ভাবনা, বাস্তবায়নের চ্যালেঞ্জ এবং এ বিষয়ে ভবিষ্যৎ পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরা হয়।
গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী, জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির মহাপরিচালক ফরিদ আহমদ, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) প্রাথমিক শিক্ষাক্রম বিভাগের সদস্য ও ঊর্ধ্বতন বিশেষজ্ঞ অধ্যাপক মো. নুরুন্নবী আলম এবং নেটজ বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর শহিদুল ইসলাম। সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন গণসাক্ষরতা অভিযানের উপপরিচালক তপন কুমার দাশ।
নতুন এই উদ্যোগ বাস্তবায়িত হলে প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের প্রচলিত মুখস্থনির্ভর পাঠদানের পাশাপাশি খেলাধুলা, হাতে-কলমে শেখা ও বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে জ্ঞান অর্জনের সুযোগ তৈরি হতে পারে। এতে শিশুদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ার পাশাপাশি সৃজনশীলতা, যুক্তিবোধ ও সমস্যা সমাধানের দক্ষতা বিকাশেও ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।



