‘নিজের মুখে কিছু না বলা পর্যন্ত সবই গুঞ্জন’, হৃদয়ের সঙ্গে প্রেমের খবর নিয়ে দীঘি

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত মুখ প্রার্থনা ফারদিন দীঘি। শিশুশিল্পী হিসেবে অভিনয়জগতে যাত্রা শুরু করলেও সময়ের সঙ্গে নিজেকে নায়িকা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন তিনি। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। সম্প্রতি ‘বরবাদ’ সিনেমার নির্মাতা হৃদয়ের সঙ্গে তার প্রেমের সম্পর্ক নিয়ে বিনোদন অঙ্গনে গুঞ্জন ছড়িয়েছে। তবে এ বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন দীঘি।

সম্প্রতি একটি অনুষ্ঠানে গণমাধ্যমের মুখোমুখি হন অভিনেত্রী। সেখানে হৃদয়ের সঙ্গে প্রেমের গুঞ্জন এবং তাকে ঘিরে চলমান নানা আলোচনা নিয়ে প্রশ্ন করা হয়। জবাবে দীঘি জানান, নিজের পক্ষ থেকে কোনো কিছু নিশ্চিত না করা পর্যন্ত তাকে নিয়ে ছড়িয়ে পড়া সব কথাই গুঞ্জন হিসেবে বিবেচিত হবে।
এ ধরনের খবর কে বা কারা ছড়াচ্ছে, তা নিয়েও খুব একটা ভাবেন না বলে জানান তিনি। দীঘির ভাষায়, ‘আমি জানিও না কে ছড়ায়, আমি জানিও না কী গুঞ্জন হয়। আমি এসবের খুব বাইরে। গুঞ্জন হবে, এটা খুব স্বাভাবিক। আমাকে নিয়ে গুঞ্জন হয়েও থাকলে, যতক্ষণ পর্যন্ত আমি নিজের মুখে কিছু বলছি না, ততক্ষণ সেটা গুঞ্জনই।’
ব্যক্তিগত জীবন নিয়ে বিভিন্ন আলোচনা কিংবা গুঞ্জনের প্রতিটি বিষয়ে ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন আছে বলে মনে করেন না দীঘি। তার মতে, শোবিজ অঙ্গনে কাজ করলে একজন শিল্পীকে ঘিরে মানুষের কৌতূহল ও আলোচনা থাকবেই। বিষয়টিকে স্বাভাবিকভাবেই গ্রহণ করা উচিত।
এ প্রসঙ্গে অভিনেত্রী আরও বলেন, একজন গণমাধ্যমকর্মী কিংবা শিল্পী হিসেবে ব্যক্তিগত জীবন নিয়ে মানুষের আগ্রহ থাকাটা অস্বাভাবিক নয়। তাই এসব বিষয় নিয়ে অতিরিক্ত প্রতিক্রিয়া দেখানোরও প্রয়োজন নেই।
দীঘির কথায়, ‘আমার মনে হয়, একজন মিডিয়া পারসন হিসেবে, একজন আর্টিস্ট হিসেবে গুঞ্জন থাকবে। এটাকে হালকাভাবে, খুব স্বাভাবিকভাবে নিতে হবে। এটা নিয়ে বেশি কথা বলার কিছু নেই।’
সব মিলিয়ে হৃদয়ের সঙ্গে প্রেমের সম্পর্কের বিষয়ে কোনো নিশ্চিত বক্তব্য না দিয়ে বিষয়টিকে গুঞ্জন হিসেবেই দেখছেন দীঘি। ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা থাকলেও সেসবকে গুরুত্ব না দিয়ে নিজের মতো করেই চলতে চান এই অভিনেত্রী।



