এইচএসসিতে শূন্য পাস, ২৬ কলেজকে শোকজ

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় কোনো শিক্ষার্থী পাস করতে না পারায় ঢাকা শিক্ষা বোর্ডের ২৬টি শিক্ষাপ্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানগুলোর অধ্যক্ষকে বোর্ডের জরুরি সভায় উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় কোনো শিক্ষার্থী পাস না করায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে বিধি অনুযায়ী কেন ব্যবস্থা নেওয়া হবে না, তার সুস্পষ্ট লিখিত ব্যাখ্যা দিতে হবে।
এ জন্য কলেজগুলোর অধ্যক্ষকে আগামী ১০ নভেম্বর সকাল ১০টায় বোর্ডের সভাকক্ষে উপস্থিত থাকতে বলা হয়েছে। এ সময় গত পাঁচ বছরের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমসংক্রান্ত প্রয়োজনীয় নথিপত্র সঙ্গে আনতে নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয় গত ৩১ আগস্ট। পরীক্ষায় অংশ নেওয়া ৯ হাজার ৩৯০টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ২৯৩টির কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। অন্যদিকে, শতভাগ শিক্ষার্থী পাস করেছে ১৩৯টি প্রতিষ্ঠানে।
ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে এবার ১ হাজার ৯১টি শিক্ষাপ্রতিষ্ঠান পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ১৯টি প্রতিষ্ঠানের সব শিক্ষার্থী পাস করেছে। বিপরীতে ২৬টি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই উত্তীর্ণ হতে পারেনি।



