৫ নভেম্বর, ২০২৬ | বৃহস্পতিবারবাংলা: ২০ কার্তিক ১৪৩৩
বিনোদন

কাজ নিয়ে কতটা ব্যস্ত পরীমনি?

IMG_7473

সাম্প্রতিক সময়ে নানা আলোচনা-সমালোচনার কেন্দ্রে রয়েছেন ঢালিউড চিত্রনায়িকা পরীমনি। বিশেষ করে আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে অপ্রীতিকর আচরণের অভিযোগ ঘিরে নতুন করে আলোচনায় এসেছেন তিনি। তবে এসব বিতর্কের বাইরে অভিনয় নিয়ে কতটা ব্যস্ত এই অভিনেত্রী?

নেটিজেনদের অনেকের প্রশ্ন, ‘সারা বছরে পরীমনি কয়টি সিনেমায় অভিনয় করেন?’ আবার কেউ কেউ মনে করছেন, কাজের তুলনায় আলোচনায় বেশি থাকেন এই নায়িকা। তবে বাস্তবতা হলো, পর্দায় উপস্থিতি কম থাকলেও অভিনয় থেকে একেবারে দূরে নেই পরীমনি।

নতুন ওয়েব সিনেমা ‘সেপারেশন’

সম্প্রতি নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের ওয়েব সিনেমা ‘সেপারেশন’-এ অভিনয় করেছেন পরীমনি। এতে তাঁর সহশিল্পী হিসেবে রয়েছেন ইমতিয়াজ বর্ষণ। এর আগে এই নির্মাতার ‘স্বপ্নজাল’ ও ‘গুণিন’ সিনেমায় অভিনয় করে দর্শকদের প্রশংসা পেয়েছিলেন তিনি।

প্রায় শেষ ‘ফারজানা’র কাজ

এদিকে তারেক রহমান পরিচালিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ফারজানা’র কাজও প্রায় শেষ করেছেন পরীমনি। সিনেমাটির বেশির ভাগ অংশের শুটিং ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এত দিন অনেকটা আড়ালে থাকলেও অভিনেত্রীর জন্মদিনের অনুষ্ঠানে প্রকাশ করা হয় সিনেমাটির পোস্টার।

Advertisements

মুক্তির অপেক্ষায় ‘ডোডোর গল্প’

পরীমনি অভিনীত সর্বশেষ বড় পর্দার সিনেমা ‘ফেলুবক্সী’ মুক্তি পায় ২০২৫ সালের জানুয়ারিতে। এর মাধ্যমে টালিউডে অভিষেক হয় তাঁর। অন্যদিকে, সরকারি অনুদানে নির্মিত রেজা ঘটকের ‘ডোডোর গল্প’ রয়েছে মুক্তির অপেক্ষায়।

এ ছাড়া ২০২৪ সালে মুক্তি পাওয়া অনম বিশ্বাস পরিচালিত ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’-এও অভিনয় করেছেন তিনি। সিরিজটিতে ভিন্নধর্মী চরিত্রে দেখা গিয়েছিল পরীমনিকে।

সব মিলিয়ে পরীমনির হাতে সাম্প্রতিক সময়ে রয়েছে ওয়েব সিনেমা ‘সেপারেশন’, চলচ্চিত্র ‘ফারজানা’ এবং মুক্তির অপেক্ষায় থাকা ‘ডোডোর গল্প’। তাই বড় পর্দায় নিয়মিত দেখা না গেলেও অভিনয়ের কাজ চালিয়ে যাচ্ছেন এই চিত্রনায়িকা। এখন দেখার বিষয়, নতুন কাজগুলো মুক্তির পর দর্শকদের কাছে কতটা সাড়া ফেলতে পারে তাঁর অভিনয়।

Advertisements