স্বর্ণের দাম ভরিতে কমল ২ হাজার ৭৪১ টাকা

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। ভরিপ্রতি ২ হাজার ৭৪১ টাকা কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করেছে জুয়েলারি ব্যবসায়ীদের সংগঠন। শুক্রবার (৬ নভেম্বর) সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে।
তেজাবি স্বর্ণের দাম কমে যাওয়ায় দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ভ্যাটসহ নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা। আগের দামের তুলনায় যা ২ হাজার ৭৪১ টাকা কম।
এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ৬২৪ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৬ হাজার ৭১৭ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ২৭৪ টাকা কমে হয়েছে ১ লাখ ৮৬ হাজার ৯৯ টাকা। আর সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরির দাম ১ হাজার ৮০৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫২ হাজার ৪০ টাকা।
এর আগে বৃহস্পতিবার (৫ নভেম্বর) ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়ে ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকা নির্ধারণ করা হয়েছিল। একই দিন ২১ ক্যারেটের স্বর্ণের দাম ৫ হাজার ২৪৮ টাকা, ১৮ ক্যারেটের দাম ৪ হাজার ৪৯০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ৩ হাজার ৬১৬ টাকা বাড়ানো হয়েছিল।
অন্যদিকে, স্বর্ণের দাম কমলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৪৯৯ টাকা, ২১ ক্যারেটের ৩ হাজার ৩৮৩ টাকা, ১৮ ক্যারেটের ২ হাজার ৯১৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ২ হাজার ২১৬ টাকা।
চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১৩৪ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৬৫ বার দাম বাড়ানো হয়েছে এবং ৬৯ বার কমানো হয়েছে।



