তৃতীয় স্ত্রীকে নিয়ে নতুন ঠিকানায় আমির খান, ছাড়ছেন পুরোনো বাড়ি

বলিউড অভিনেতা আমির খানের সংসারে আবারও বাসা বদলের প্রস্তুতি। তৃতীয় স্ত্রী গৌরী স্প্র্যাটকে নিয়ে এবার ভাড়া বাড়ি ছাড়তে হচ্ছে এই অভিনেতাকে। যে বাড়িতে ঘরোয়া আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছিলেন, সেই ভবনই যাচ্ছে পুনর্নির্মাণের আওতায়। ফলে নতুন ঠিকানার খোঁজে রয়েছেন আমির ও গৌরী।
গত ৫ জুলাই মুম্বাইয়ের পালি হিলের একটি ভাড়া বাসায় বিয়ে করেন ৬১ বছর বয়সী আমির খান ও গৌরী স্প্র্যাট। এর আগে প্রায় দেড় বছর আগে ইউনিয়ন পার্কের নিজের বাড়ি ছেড়ে নার্গিস দত্ত রোডের কাছাকাছি ওই ভবনে উঠেছিলেন অভিনেতা। নিজের বাড়িতে পুনর্নির্মাণের কাজ চলায় ভাড়া বাসায় থাকছিলেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম ‘দ্য ফ্রি প্রেস জার্নাল’-এর প্রতিবেদনের বরাতে এবিপির খবরে বলা হয়েছে, পালি হিলের ওই ভবনে চারটি ফ্ল্যাট ভাড়া নিয়েছেন আমির। তবে ভবনটির মালিকপক্ষ পুনর্নির্মাণের চুক্তি করায় চলতি বছরের শেষ দিকে অথবা আগামী বছরের শুরুতে সেখান থেকে সরে যেতে পারেন এই দম্পতি। এরই মধ্যে তাঁদের পছন্দ ও প্রয়োজন অনুযায়ী নতুন বাসা সাজানোর কাজ চলছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটির একটি সূত্র।
এদিকে মুম্বাইয়ের বান্দ্রায় আমিরের একাধিক সম্পত্তি রয়েছে। এ ছাড়া পঞ্চগনিতে রয়েছে তাঁর একটি ফার্মহাউস। ‘ম্যাজিকব্রিকস’-এর এক প্রতিবেদনেও উঠে এসেছে অভিনেতার এসব সম্পত্তির তথ্য।
তবে পুরোনো ভবন ছাড়ার বিষয়টি শুধু বাসা বদলের মধ্যেই সীমাবদ্ধ নয়। ‘দ্য ফ্রি প্রেস জার্নাল’-এর আরেক প্রতিবেদনে বলা হয়েছে, পুনর্নির্মাণের পর ওই কমপ্লেক্সে আরও কয়েকটি ফ্ল্যাট কিনতে ১০০ কোটি রুপির বেশি বিনিয়োগ করেছেন আমির। বেলা ভিস্তা ও মেরিনা অ্যাপার্টমেন্টস নিয়ে গড়ে ওঠা কমপ্লেক্সটির একাধিক ফ্ল্যাট একত্র করে বড় একটি ‘স্কাই ভিলা’ তৈরির পরিকল্পনা রয়েছে তাঁর।
পরিকল্পনা অনুযায়ী, নতুন এই আবাসে পরিবারের সবাইকে নিয়ে একসঙ্গে থাকতে চান আমির খান। ফলে আপাতত ভাড়া বাড়ি ছাড়লেও ভবিষ্যতে নিজের পছন্দমতো সাজানো একটি স্থায়ী ঠিকানায় ফেরার অপেক্ষায় রয়েছেন বলিউডের এই তারকা।



