প্রেমের গুঞ্জনে বিরক্ত স্বস্তিকা, রসিকতা করে বললেন—‘আমি যেন বিশ্বসুন্দরী!’

কলকাতার শোবিজ অঙ্গনের পরিচিত মুখ অভিনেত্রী স্বস্তিকা দত্ত। সিনেমা ও টেলিভিশনে নিয়মিত কাজের পাশাপাশি ব্যক্তিজীবন নিয়েও প্রায়ই আলোচনায় থাকেন তিনি। সম্প্রতি নতুন করে প্রেমের সম্পর্কে জড়ানোর গুঞ্জন ছড়িয়েছে এই অভিনেত্রীকে ঘিরে। তবে এসব গুঞ্জনে বেশ বিরক্ত স্বস্তিকা।
পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম আনন্দবাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে স্বস্তিকা জানিয়েছেন, তিনি কোনো সম্পর্কে নেই; বরং তাঁকে নিয়ে চলছে নানা ধরনের গুঞ্জন।
সম্প্রতি স্বস্তিকার সঙ্গে তাঁর ধারাবাহিকের সহশিল্পী অর্ণব বন্দ্যোপাধ্যায়ের প্রেমের গুঞ্জন ছড়ায়। এমনকি ধারাবাহিকের পরিচালকের সঙ্গেও তাঁর নাম জড়ানোর খবর সামনে আসে।
বিষয়টি নিয়ে বিরক্তি প্রকাশ করে অভিনেত্রী বলেন, ‘আর কিছুই বাকি রইল না। কখনও পরিচালক, কখনও নায়কের সঙ্গে নাম জুড়ে যাচ্ছে আমার। কিন্তু এসবের মধ্যে একটা গুঞ্জন নিয়েই আমার আগ্রহ রয়েছে। আর ওই গুঞ্জনটার জন্য মনখারাপও হচ্ছে। আমার অভিনীত ধারাবাহিক ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জী’ বন্ধ হতে চলেছে। এটাই গুঞ্জন হলে ভালো হতো। কিন্তু সত্যিই তো বন্ধ হয়ে যাচ্ছে ধারাবাহিক।’
নিজেকে ঘিরে একের পর এক প্রেমের খবর ছড়ানোয় রসিকতার সুরে স্বস্তিকা বলেন, ‘আমি যেন বিশ্বসুন্দরী আর ভীষণ প্রতিভাবান! সবাই আমার সঙ্গেই সম্পর্কে জড়াচ্ছেন! কী অদ্ভুত! পরিচালক থেকে নায়ক, কাউকেই বাদ দেওয়া হচ্ছে না। ভাগ্যিস আরও উচ্চ মহলের কারও নাম জুড়ে দেওয়া হয়নি।’
তবে ব্যক্তিগত সম্পর্ক নিয়ে লুকোছাপা করতে চান না স্বস্তিকা। তাঁর মতে, সম্পর্কে জড়ালে নিজেই তা প্রকাশ করবেন। এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘আমার আগেও সম্পর্ক হয়েছিল, সবাই জানতেন। সবারই তো সম্পর্ক হয়। আগামীতেও সম্পর্কে জড়ালে নিশ্চয়ই প্রকাশ করব। সেই সততা আছে আমার।’
সব মিলিয়ে, ব্যক্তিজীবন নিয়ে নানা জল্পনার মধ্যেও স্বস্তিকার মনোযোগ এখন নিজের কাজেই। প্রেমের গুঞ্জনের চেয়ে তাঁর অভিনীত ধারাবাহিক বন্ধ হওয়ার খবরই বরং বেশি ভাবাচ্ছে অভিনেত্রীকে।



