৪ নভেম্বর, ২০২৬ | বুধবারবাংলা: ১৯ কার্তিক ১৪৩৩
শিক্ষা

এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের নতুন সুযোগ, পরীক্ষা আগামী মাসে

Untitled-1-6ae5ae9ac27ce

২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১ ডিসেম্বর এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে গত শনিবার (৩১ অক্টোবর) সচিবালয়ে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন অকৃতকার্য শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়ার কথা জানান। তিনি বলেছিলেন, এক বা দুই বিষয়ে যারা অকৃতকার্য হয়েছে, তাদের আবার পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করবে সরকার। এ জন্য একটি সমন্বিত পরিকল্পনা তৈরি করা হচ্ছে এবং আগামী এক মাসের মধ্যে পরীক্ষা নেওয়ার উদ্যোগ রয়েছে।

মাহদী আমিন আরও জানান, চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় দুই বিষয়ে অকৃতকার্য হয়েছে ৫ লাখ ২২ হাজার ৯০৫ জন শিক্ষার্থী। তাদের জন্য এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার আয়োজন করা হবে।

ফল প্রকাশ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনও অকৃতকার্য শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়ার বিষয়ে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি জানান, এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় মোট ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। এর মধ্যে এক বিষয়ে ফেল করেছে ২ লাখ ৯৮ হাজার ৪০ জন এবং দুই বিষয়ে ফেল করেছে ১ লাখ ২৪ হাজার ৮৬৫ জন।

শিক্ষামন্ত্রীর বক্তব্য অনুযায়ী, এক ও দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে। তাদের জন্য এক মাসের মধ্যে পরীক্ষার আয়োজনের পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের একটি শিক্ষাবর্ষ নষ্ট হওয়া থেকে রক্ষা করাই সরকারের অন্যতম লক্ষ্য।

Advertisements

শিক্ষামন্ত্রী অকৃতকার্য শিক্ষার্থীদের হতাশ না হয়ে নতুন করে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, পরীক্ষায় খারাপ ফল করাই জীবনের শেষ নয়। সামনে আরও ভালো করার সুযোগ রয়েছে। যারা এক বা দুই বিষয়ে অকৃতকার্য হয়েছে, তারা যথাযথ প্রস্তুতি নিলে পরবর্তী পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের পড়াশোনা এখানেই শেষ নয়। তাই হতাশ না হয়ে আগামী দিনের জন্য প্রস্তুতি নিতে হবে এবং ভালো ফল অর্জনের চেষ্টা অব্যাহত রাখতে হবে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে অকৃতকার্য শিক্ষার্থীদের সাপ্লিমেন্টারি পরীক্ষা। এ পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা নতুন করে উত্তীর্ণ হওয়ার সুযোগ পাবে।

Advertisements