৪ নভেম্বর, ২০২৬ | বুধবারবাংলা: ১৯ কার্তিক ১৪৩৩
শিক্ষা

পেছাল মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা

1762692107_fd436538b71c460a9b3c

২০২৬-২৭ শিক্ষাবর্ষে মেডিকেল ও ডেন্টাল কলেজের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা পূর্বনির্ধারিত ৪ ডিসেম্বর অনুষ্ঠিত হচ্ছে না। পরীক্ষা আরও কিছুদিন পিছিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। তবে নতুন করে পরীক্ষার তারিখ এখনো নির্ধারণ করা হয়নি।

বুধবার (৪ নভেম্বর) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমীন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, পূর্বনির্ধারিত তারিখে ভর্তি পরীক্ষা আয়োজন করা সম্ভব হচ্ছে না। তবে পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

অধিদপ্তরের একটি সূত্র জানিয়েছে, চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য আয়োজিত পুনঃপরীক্ষা বা সাপ্লিমেন্টারি পরীক্ষার ফলাফলের বিষয়টি বিবেচনায় রেখেই মেডিকেল ভর্তি পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ করা হতে পারে। সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ শিক্ষার্থীরা উচ্চশিক্ষায় ভর্তির ক্ষেত্রে অন্য উত্তীর্ণ শিক্ষার্থীদের সমান সুযোগ পাবেন কি না, সে বিষয়ে সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এ বিষয়ে অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমীন বলেন, সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নিয়ে যেসব শিক্ষার্থী উত্তীর্ণ হবেন, তাঁরা বর্তমানে উত্তীর্ণ শিক্ষার্থীদের সমান সুযোগ পাবেন কি না, সে বিষয়ে সরকার যে সিদ্ধান্ত দেবে, অধিদপ্তর সে অনুযায়ী ব্যবস্থা নেবে।

তিনি আরও জানান, ২০২৬-২৭ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি নীতিমালাও এখনো চূড়ান্ত হয়নি। নীতিমালা চূড়ান্ত হওয়ার পর সেই অনুযায়ী ভর্তি পরীক্ষার আয়োজন করা সম্ভব হবে।

Advertisements

উল্লেখ্য, ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দিচ্ছে সরকার। এ বছর প্রায় ছয় লাখ শিক্ষার্থী পরীক্ষায় অকৃতকার্য হয়েছেন। পাসের হার ছিল ৫২ দশমিক ১২ শতাংশ, যা গত ২২ বছরের মধ্যে সর্বনিম্ন।

এমন পরিস্থিতিতে প্রথমবারের মতো চার লাখের বেশি শিক্ষার্থীকে সাপ্লিমেন্টারি বা বিশেষ পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে এসব পরীক্ষা আয়োজন এবং একই মাসের শেষ দিকে ফল প্রকাশের কথা রয়েছে।

সরকারের এই উদ্যোগের মাধ্যমে পুনঃপরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা চলতি শিক্ষাবর্ষেই উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ পেতে পারেন। ফলে তাদের ভর্তি-সুযোগ নিশ্চিত করার বিষয়টি বিবেচনায় নিয়ে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার নতুন সময়সূচি নির্ধারণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Advertisements