নব্বইয়ের দশকের প্রেম ও নস্টালজিয়া নিয়ে টিভিতে ফিরছেন কোয়েল মল্লিক

প্রিয়জনের চিঠির অপেক্ষায় দিনের পর দিন কাটানো, মনের মানুষের কণ্ঠ শুনতে এসটিডি বুথে ছুটে যাওয়া কিংবা ক্যাসেটে পছন্দের গান রেকর্ড করে উপহার দেওয়া—নব্বইয়ের দশকের প্রেমে এমন ছোট ছোট আয়োজনই ছিল ভালোবাসা প্রকাশের বিশেষ মাধ্যম। প্রযুক্তির আধুনিকতা তখনো মানুষের সম্পর্ককে এতটা সহজ করে দেয়নি। তাই অপেক্ষা, অভিমান আর সামান্য উপহারেও লুকিয়ে থাকত অনেক আনন্দ।

সেই হারিয়ে যাওয়া সময়ের প্রেম, আবেগ ও সম্পর্কের গল্প নিয়েই টেলিভিশনে আসছে নতুন ধারাবাহিক ‘ডিয়ার ৯০’স’। আর এই ধারাবাহিকের অন্যতম আকর্ষণ অভিনেত্রী কোয়েল মল্লিক। বড় পর্দায় দীর্ঘদিনের পরিচিত এই অভিনেত্রীকে এবার প্রথমবারের মতো টেলিভিশনের ধারাবাহিকে দেখা যাবে।
আগামী ২৩ নভেম্বর থেকে সোনি আট চ্যানেলে প্রচার শুরু হবে ধারাবাহিকটির। নব্বইয়ের দশকের সামাজিক ও সাংস্কৃতিক পরিবেশকে কেন্দ্র করে সাজানো হয়েছে এর গল্প। সে সময়ের প্রেম, বন্ধুত্ব, স্বপ্ন, অপেক্ষা এবং পারস্পরিক সম্পর্কের নানা দিক উঠে আসবে এতে।
বর্তমান সময়ে স্মার্টফোন, ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে মুহূর্তেই প্রিয়জনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব। কিন্তু নব্বইয়ের দশকে একটি চিঠি পাওয়া কিংবা প্রিয় মানুষের সঙ্গে কয়েক মিনিট কথা বলার সুযোগও ছিল অনেক আনন্দের। সেই সময়ের অনুভূতি, আবেগ ও সম্পর্কের সরলতাকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরাই ধারাবাহিকটির অন্যতম উদ্দেশ্য।
সম্প্রতি প্রকাশিত হয়েছে ‘ডিয়ার ৯০’স’-এর প্রোমো। সেখানেও ফুটে উঠেছে নব্বইয়ের দশকের পরিচিত আবহ। গোলাপি শাড়িতে হাসিমুখে পুরোনো দিনের স্মৃতিচারণ করতে দেখা গেছে কোয়েল মল্লিককে। পেছনে বাজছে সেই সময়ের জনপ্রিয় একটি প্রেমের গান। প্রোমো প্রকাশের পর থেকেই ধারাবাহিকটি নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।
নতুন এই কাজ নিয়ে নিজের উচ্ছ্বাসের কথাও জানিয়েছেন কোয়েল। তাঁর মতে, নব্বইয়ের দশকের ভালোবাসার মধ্যে ছিল আলাদা এক সরলতা ও মায়া। তখন প্রিয় মানুষের জন্য অপেক্ষা করা, ছোট্ট কোনো উপহার পাওয়া কিংবা সামান্য একটি মুহূর্তও বিশেষ আনন্দের কারণ হয়ে উঠত।
কোয়েলের কাছে ‘ডিয়ার ৯০’স’-এর গল্প সেই পুরোনো দিনের আবেগ ও স্মৃতিকে আবার মনে করিয়ে দিয়েছে। এমন একটি ভিন্নধর্মী গল্পের অংশ হতে পেরে আনন্দিত তিনি। অভিনেত্রীর আশা, ধারাবাহিকটি দেখতে গিয়ে দর্শকেরাও নিজেদের জীবনের ফেলে আসা দিনগুলোর সঙ্গে গল্পের নানা ঘটনার মিল খুঁজে পাবেন।
সুরিন্দর ফিল্মস প্রাইভেট লিমিটেডের প্রযোজনায় নির্মিত এই ধারাবাহিকের অন্যান্য চরিত্রে অভিনয় করছেন শঙ্খজিৎ সেনগুপ্ত ও অপরাজিতা মুখার্জি। নব্বইয়ের দশকের প্রেম ও সম্পর্কের গল্প নিয়ে নির্মিত ‘ডিয়ার ৯০’স’ দর্শকদের কতটা মুগ্ধ করতে পারে, এখন সেটিই দেখার অপেক্ষা।



