২ নভেম্বর, ২০২৬ | সোমবারবাংলা: ১৭ কার্তিক ১৪৩৩
বিনোদন

শুটিং সেটে সালমান-ঐশ্বরিয়ার প্রেমের অজানা ঘটনা জানালেন অভিনেত্রী

images (14)

বলিউড অভিনেতা সালমান খান ও অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনের প্রেমের গল্প একসময় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। তাদের সম্পর্কের ইতি ঘটলেও সেই সময়ের নানা ঘটনা নিয়ে ভক্তদের আগ্রহ এখনো কমেনি। এবার ‘হাম দিল দে চুকে সনম’ সিনেমার শুটিংয়ের স্মৃতিচারণ করতে গিয়ে তাদের প্রেমের কিছু অজানা মুহূর্তের কথা জানালেন অভিনেত্রী স্মিতা জয়কর।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সিনেমাটির শুটিংয়ের অভিজ্ঞতা তুলে ধরেন স্মিতা। তিনি জানান, ছবির কাজ চলার সময় সালমান ও ঐশ্বরিয়ার মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়েছিল। তাদের একসঙ্গে থাকা এবং পরস্পরের প্রতি আচরণে সেই ভালো লাগার বিষয়টি স্পষ্ট বোঝা যেত। বাস্তব জীবনের এই ঘনিষ্ঠতা পর্দার রসায়নেও প্রভাব ফেলেছিল বলে মনে করেন তিনি।

তবে প্রেমের কারণে শুটিংয়ের সময়সূচি নিয়েও কিছুটা বিড়ম্বনায় পড়তে হয়েছিল বলে জানান অভিনেত্রী। তার ভাষ্য অনুযায়ী, সকাল ৭টায় শুটিং শুরু হওয়ার কথা থাকলেও অনেক সময় সকাল ১০টা পেরিয়ে যেত, কিন্তু সালমান ও ঐশ্বরিয়ার দেখা মিলত না। এতে সেটের অন্য সদস্যদের মধ্যে অসন্তোষ তৈরি হতো। অবশ্য তাদের প্রেমের সম্পর্কের কথা বিবেচনা করে বিষয়টি অনেকেই স্বাভাবিকভাবে মেনে নিতেন।

সাক্ষাৎকারে সিনেমাটির ‘আঁখো কি গুস্তাখিয়াঁ’ গানের শুটিংয়ের একটি বিশেষ মুহূর্তের কথাও উল্লেখ করেন স্মিতা। তার বর্ণনা অনুযায়ী, গানের একটি দৃশ্যে সালমানকে টেবিলের চারপাশ ঘুরে আসতে হচ্ছিল। আর ঐশ্বরিয়ার দাঁড়িয়ে থাকার কথা ছিল সামনে। দৃশ্যটির শুটিংয়ের সময় সালমান হঠাৎ ঐশ্বরিয়ার হাত স্পর্শ করেন।

বিষয়টি পরিচালকের চোখ এড়ায়নি। পরিচালক সঞ্জয় লীলা বানসালি তখন সালমানের কাছে জানতে চান, দৃশ্যের মধ্যে তিনি কেন ঐশ্বরিয়ার হাত ধরেছেন। জবাবে সালমানও বিষয়টি গোপন করেননি। স্মিতার দাবি, তিনি জানিয়েছিলেন, অভিনয়ের প্রয়োজনে নয়, ঐশ্বরিয়ার প্রতি নিজের অনুভূতি থেকেই এমনটি করেছিলেন।

সালমান-ঐশ্বরিয়ার সম্পর্ক শেষ পর্যন্ত টেকেনি। তবে তাদের একসঙ্গে অভিনীত ‘হাম দিল দে চুকে সনম’ এখনো দর্শকের কাছে বিশেষ একটি সিনেমা। স্মিতা জয়করের সাম্প্রতিক স্মৃতিচারণ সেই সময়ের প্রেম, আবেগ ও শুটিংয়ের পেছনের গল্প নতুন করে আলোচনায় এনেছে।

Advertisements
Advertisements