২ নভেম্বর, ২০২৬ | সোমবারবাংলা: ১৭ কার্তিক ১৪৩৩
শিক্ষা

প্রশিক্ষণবিহীন প্রাথমিক শিক্ষকদের তথ্য চেয়েছে অধিদপ্তর

d81bb3063b8fd8e645b632e7257d469f

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত যেসব প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক এখনো মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করেননি, তাদের বিস্তারিত তথ্য সংগ্রহের উদ্যোগ নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এ জন্য সংশ্লিষ্ট শিক্ষকদের তথ্য নির্ধারিত ছকে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ৩ নভেম্বরের মধ্যে এসব তথ্য জমা দিতে হবে।

রোববার (১ নভেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রশিক্ষণ) নিলুফা রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত যেসব প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক এখনো মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন করেননি, তাদের তথ্য নির্ধারিত ছক অনুযায়ী সংগ্রহ করতে হবে। এ ক্ষেত্রে সিইনএড, ডিপিএড ও বিটিপিটি প্রশিক্ষণ গ্রহণ করেছেন কি না, তা যাচাই করে প্রয়োজনীয় তথ্য পাঠাতে হবে।

এ নির্দেশনা বাস্তবায়নের জন্য বিভাগীয় উপপরিচালক, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা বা থানা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের মাধ্যমে তথ্য সংগ্রহ ও নির্ধারিত সময়ের মধ্যে অধিদপ্তরে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

শিক্ষকদের তথ্য সংগ্রহের জন্য বিজ্ঞপ্তির সঙ্গে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের পৃথক দুটি ছক সংযুক্ত করা হয়েছে। এসব ছকে শিক্ষকের নাম, কর্মরত বিদ্যালয়ের নাম, জেলা ও উপজেলার নাম, চাকরিতে যোগদানের তারিখ এবং বর্তমান কর্মস্থলে যোগদানের তারিখ উল্লেখ করতে হবে।

এ ছাড়া সংশ্লিষ্ট শিক্ষক মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করেছেন কি না, তা উল্লেখ করার পাশাপাশি প্রশিক্ষণ না নিয়ে থাকলে এর কারণও জানাতে হবে। সংগৃহীত তথ্যের ভিত্তিতে প্রশিক্ষণবিহীন শিক্ষকদের একটি পূর্ণাঙ্গ তালিকা তৈরি করা হবে।

Advertisements

অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী, সংশ্লিষ্ট সব শিক্ষকের তথ্য যাচাই করে আগামী ৩ নভেম্বরের মধ্যে নির্ধারিত মাধ্যমে পাঠাতে হবে।

Advertisements