৩১ অক্টোবর, ২০২৬ | শনিবারবাংলা: ১৫ কার্তিক ১৪৩৩
শিক্ষা

দিনাজপুর শিক্ষাবোর্ড আট বছরের মধ্যে পাসের হার সর্বনিম্ন, ৪৯ প্রতিষ্ঠানের সবাই ফেল

dinaajpurboard-20261031123101

দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় পাসের হার ৪৫ দশমিক ৯৮ শতাংশ। গত আট বছরের মধ্যে এবারই সর্বনিম্ন পাসের হার দেখেছে বোর্ডটি। এ বছর ৪৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করতে পারেননি। আর শতভাগ পাস করেছে মাত্র ছয়টি প্রতিষ্ঠান।

‎শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় ফলাফলের পরিসংখ্যান তুলে ধরে সংবাদ সম্মেলন করেন দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. বোরহান উদ্দিন।

‎বোর্ড সূত্রে জানা যায়, দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে আটটি জেলার ৬৬৮টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এবার মোট ১ লাখ ১১ হাজার ৭৮৭ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে পাস করেছে ৫১ হাজার ৩৯৮ জন। পাসের হার ৪৫ দশমিক ৯৮ শতাংশ।

‎এ বছর জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৯৫৩ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ছাত্র ১ হাজার ৩৮৩ জন এবং ছাত্রী ১ হাজার ৫৭০ জন। জিপিএ-৫ পাওয়ার সংখ্যায় ছাত্রদের তুলনায় ছাত্রীরা এগিয়ে রয়েছে।

‎বোর্ডের পরিসংখ্যান অনুযায়ী, ২০১৬ সালে পাসের হার ছিল ৭৪ দশমিক ৬৪ শতাংশ, ২০১৭ সালে ৬৫ দশমিক ৪৪ শতাংশ, ২০১৮ সালে ৬০ দশমিক ২১ শতাংশ, ২০১৯ সালে ৭১ দশমিক ৭৮ শতাংশ, ২০২০ সালে ১০০ শতাংশ, ২০২১ সালে ৯২ দশমিক ৪৩ শতাংশ, ২০২২ সালে ৭৯ দশমিক ০৮ শতাংশ, ২০২৩ সালে ৭৪ দশমিক ৪৮ শতাংশ, ২০২৪ সালে ৭৭ দশমিক ৫৬ শতাংশ এবং ২০২৫ সালে ৫৭ দশমিক ৪৯ শতাংশ শিক্ষার্থী পাস করেন।

‎তবে ২০২০ সালে করোনাভাইরাস মহামারির কারণে পরীক্ষা অনুষ্ঠিত না হওয়ায় ভিন্ন পদ্ধতিতে ফল প্রকাশ করা হয়েছিল। আর ২০২১ সালে সীমিতসংখ্যক বিষয়ে পরীক্ষা নেয়া হয়।

Advertisements

‎এবার বিভাগভিত্তিক ফলাফলে এগিয়ে রয়েছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। এ বিভাগে পাসের হার ৬৬ দশমিক ৭৭ শতাংশ। মানবিক বিভাগে পাসের হার ৩৯ দশমিক ৯৩ শতাংশ এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৩৫ দশমিক ৭৩ শতাংশ।

‎ফলাফলে ছেলেদের পাসের হার ৪১ দশমিক ৩১ শতাংশ, আর মেয়েদের পাসের হার ৫০ দশমিক ২৬ শতাংশ। অর্থাৎ, পাসের হারে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে রয়েছে।

Advertisements