বাবার কাঁধে চড়ে পরীক্ষা কেন্দ্রে আসা জিন্নাতের এইচএসসি জয়

শারীরিক প্রতিবন্ধকতা দমিয়ে রাখতে পারেনি আফিয়া জিন্নাতের অদম্য ইচ্ছাশক্তিকে। হাঁটতে পারেন না, হাতের সমস্যার কারণে লিখতেও রয়েছে অসুবিধা। তবু সব প্রতিকূলতা পেরিয়ে এবারের এইচএসসি পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়েছেন তিনি।

শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত ময়মনসিংহ শিক্ষা বোর্ডের ফলাফলে জিপিএ-৩.২১ পেয়ে উত্তীর্ণ হন জিন্নাত। তিনি গৌরীপুর সরকারি কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী ছিলেন। এর আগে খলতবাড়ি উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পাস করেন তিনি।
পরীক্ষার দিনগুলোতে বাবার কাঁধে চড়ে মোটরসাইকেলে করে কেন্দ্রে পৌঁছাতেন জিন্নাত। পরে বাবার কাঁধে ভর করেই পরীক্ষার হলে নির্ধারিত আসনে বসতেন। প্রতিদিনের যাতায়াতেও মেয়েকে সহযোগিতা করেছেন তার মা মুর্শিদা বেগম। ঝড়-বৃষ্টি কিংবা শীতের কুয়াশা—কোনো কিছুই মেয়ের পড়াশোনার পথে বাধা হতে পারেনি।
জিন্নাত বলেন, জীবনে তার অনেক স্বপ্ন রয়েছে। সব প্রতিবন্ধকতা জয় করে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করতে চান। তার ভাষায়, ‘একটা কিছু করব, অবশ্যই একটা কিছু করব।’
মা মুর্শিদা বেগম জানান, কলেজ ও প্রাইভেট পড়ায় এক দিনও অনুপস্থিত ছিল না জিন্নাত। মেয়ের নিজের ইচ্ছাশক্তি রয়েছে, আর সেই স্বপ্ন পূরণে পরিবারও সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে।
জিন্নাতের বাবা আব্দুল ওয়াদুদ দীর্ঘদিন প্রবাসে ছিলেন। মেয়ের পড়াশোনা ও ভবিষ্যৎ গড়তে নিরলস চেষ্টা করছেন তিনি। তিনি জানান, প্রতিবন্ধী শিক্ষার্থী হিসেবে পরীক্ষায় অতিরিক্ত সময় পাওয়ার আবেদন করতেও তাকে নানা ভোগান্তির মুখে পড়তে হয়েছে।
আব্দুল ওয়াদুদ বলেন, মেয়ের অদম্য ইচ্ছাশক্তি তাকে অনুপ্রাণিত করে। তিনি চান, সব বাধা পেরিয়ে মেয়ে জীবনে সফল হোক। এ জন্য মেয়েকে এগিয়ে নিতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। মেয়ের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।
সূত্র: যুগান্তর



