সিডনির রাস্তায় গানে গানে শাবনূর-রবি চৌধুরী

নব্বইয়ের দশকের ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর ও সংগীতশিল্পী রবি চৌধুরী। নিজ নিজ অঙ্গনে দীর্ঘদিন ধরে জনপ্রিয়তা ধরে রেখেছেন দুজনই। কাজের বাইরেও তাদের বন্ধুত্বের সম্পর্ক বেশ পুরোনো।
সম্প্রতি অস্ট্রেলিয়ার সিডনিতে মুখোমুখি হন এই দুই তারকা। পুরোনো বন্ধুর সঙ্গে দেখা হওয়ায় আড্ডায় ফিরে আসে স্মৃতিময় নানা মুহূর্ত। সেই আনন্দঘন সময়ের কথা সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গেও ভাগ করে নিয়েছেন তারা।
সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা এক একটি ভিডিওতে দেখা যায়, সিডনির রোদঝলমলে রাস্তায় ঘুরে বেড়ানোর ফাঁকে রবি চৌধুরীর কাছে হঠাৎই একটি গান শোনার আবদার করে বসেন শাবনূর। গায়কের হাঁটার মাঝেই তাল মেলাতে চাইলে রবি চৌধুরী হেসে জবাব দেন, ‘না, গানটা দাঁড়িয়ে গাইতে হবে!’
এরপরই দাঁড়ায়ে সুর তোলেন কালজয়ী গান ‘অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন’-এর পঙ্ক্তিতে। গানের একপর্যায়ে সাবলীলভাবে শাবনূরের নাম জুড়ে দিয়ে তিনি গাইতে থাকেন, ‘তুমি বুকে টেনে নাও না শাবনূর আমাকে’। প্রিয় শিল্পীর কণ্ঠে গান শুনে হাসিমুখে সুর মেলান শাবনূরও।
মুহূর্তটি সামাজিকমাধ্যমে শেয়ার করে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন শাবনূর। স্মৃতিকাতর হয়ে তিনি লেখেন, “সিডনিতে প্রিয় সংগীতশিল্পী রবি চৌধুরীকে কাছে পেয়ে ফিরে গেলাম ‘ভালোবাসি তোমাকে’ চলচ্চিত্রের সেই মধুর স্মৃতিতে। ছবিটির জনপ্রিয় গান ‘অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন’, যার মূল শিল্পী ছিলেন খালিদ হাসান মিলু ও কনকচাঁপা। প্রিয় রবি চৌধুরীর কণ্ঠে আজ সেই গানটির দুলাইন শুনে নস্টালজিয়ায় ডুবে গেলাম। বাংলা আধুনিক গানের জনপ্রিয় এই শিল্পীর সঙ্গে সিডনিতে কাটানো কিছু সুন্দর মুহূর্ত স্মরণীয় হয়ে থাকবে।”
ভিডিওর শেষভাগে দুই তারকা প্রকাশ করেন চমৎকার এক তথ্যের কথা। জানা যায়, কাজের সূত্রে দুজন আলাদা জায়গায় থাকলেও তাদের দুজনের জন্মতারিখ কিন্তু একই দিনে! আর তাই জীবনভর যেন এই বিশেষ দিনটি একসঙ্গেই পালন করতে পারেন, সেই প্রার্থনাই প্রকাশ করেন তারা।
বহু বছর পর নব্বইয়ের দশকের দুই প্রিয় তারকাকে এমন প্রাণবন্ত আড্ডায় দেখে ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন অনুরাগীরা।



