২৩ নভেম্বর, ২০২৬ | সোমবারবাংলা: ৮ অগ্রহায়ণ ১৪৩৩
জীবনযাপন

শীতে চুলের যত্নে মেনে চলুন যে নিয়মগুলো

ad7d70010d728914654e4570dd6ce5d5

ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে প্রকৃতির পাশাপাশি আমাদের ত্বক ও চুলেও নানা পরিবর্তন দেখা দেয়। বিশেষ করে শীতের শুরুতে আবহাওয়ার আর্দ্রতা কমে যাওয়ায় চুল ও মাথার ত্বকে শুষ্কতার সমস্যা বাড়তে থাকে। এ সময় চুল হারাতে পারে স্বাভাবিক উজ্জ্বলতা ও কোমলতা। দেখা দিতে পারে চুল ভেঙে যাওয়া, আগা ফাটা, অতিরিক্ত জট বাঁধা, রুক্ষতা ও খুশকির মতো সমস্যা।

সংগৃহীত

শীতের শুষ্ক বাতাস চুলের স্বাভাবিক আর্দ্রতা কমিয়ে দেয়। ফলে চুল সহজেই নিষ্প্রাণ ও ভঙ্গুর হয়ে পড়ে। তবে ঋতুর সঙ্গে সামঞ্জস্য রেখে চুলের পরিচর্যায় কিছু পরিবর্তন আনলে এসব সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব। শীতজুড়ে চুলের সুস্থতা ও সৌন্দর্য ধরে রাখতে জেনে নিন প্রয়োজনীয় কিছু যত্নের নিয়ম।

শীতে চুলের সমস্যা কেন বাড়ে?

শীতকালে বাতাসে আর্দ্রতা কমে যাওয়ার কারণে মাথার ত্বক ও চুল শুষ্ক হয়ে পড়ে। চুলের স্বাভাবিক তেল বা সেবাম আর্দ্রতা ধরে রাখতে এবং চুলকে সুরক্ষা দিতে সাহায্য করে। কিন্তু শুষ্ক আবহাওয়ায় এই সুরক্ষা দুর্বল হয়ে গেলে চুলের স্বাভাবিক নমনীয়তা কমে যায়।

এর ফলে চুলে জট তৈরি হয়, আগা ফেটে যায়, চুল ভেঙে পড়তে পারে এবং মাথার ত্বকে শুষ্কতা ও চুলকানি দেখা দেয়। অনেকের ক্ষেত্রে এ সময় খুশকির সমস্যাও বেড়ে যায়।

শীতে চুলের যত্নে যা করবেন

১. ময়েশ্চারাইজিং শ্যাম্পু বেছে নিন

শীতকালে চুল পরিষ্কারের জন্য এমন শ্যাম্পু ব্যবহার করা ভালো, যা চুলের স্বাভাবিক আর্দ্রতা অতিরিক্ত কমিয়ে দেয় না। মৃদু ও ময়েশ্চারাইজিং শ্যাম্পু বেছে নিতে পারেন। চুলের ধরন ও মাথার ত্বকের প্রয়োজন অনুযায়ী সপ্তাহে দুই থেকে তিনবার শ্যাম্পু করা যেতে পারে। তবে মাথার ত্বক তৈলাক্ত হলে প্রয়োজন অনুযায়ী ধোয়া যাবে।

Advertisements

২. কন্ডিশনার ও হেয়ার মাস্ক ব্যবহার করুন

শ্যাম্পুর পর প্রতিবার চুলের দৈর্ঘ্য ও আগায় কন্ডিশনার লাগান। এতে চুলের শুষ্কতা ও জট কমবে। পাশাপাশি সপ্তাহে অন্তত এক দিন ডিপ কন্ডিশনিং হেয়ার মাস্ক ব্যবহার করতে পারেন। পণ্যের নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট সময় রেখে ধুয়ে ফেলুন। এতে চুলের কোমলতা ও আর্দ্রতা বজায় রাখতে সহায়তা করবে।

৩. চুলে সিরাম লাগান

চুল ধোয়ার পর অতিরিক্ত পানি মুছে নিয়ে সামান্য হেয়ার সিরাম বা লিভ-ইন ক্রিম ব্যবহার করতে পারেন। বিশেষ করে চুলের মাঝের অংশ থেকে আগা পর্যন্ত লাগালে রুক্ষতা ও ফ্রিজিনেস কমাতে সাহায্য করে। এতে চুল তুলনামূলক মসৃণ ও ঝলমলে দেখায়।

৪. তেল দিয়ে ম্যাসাজ করুন

চুলের যত্নে নারকেল, আমন্ড বা আর্গান অয়েল ব্যবহার করতে পারেন। সপ্তাহে এক দিন হালকা গরম তেল মাথার ত্বক ও চুলে আলতোভাবে লাগান। আঙুলের ডগা দিয়ে ম্যাসাজ করলে মাথার ত্বকে আরাম পাওয়া যায়। তবে অতিরিক্ত তেল ব্যবহার বা জোরে ঘষাঘষি করা থেকে বিরত থাকুন।

৫. হিট স্টাইলিং কমিয়ে দিন

শীতকালে চুল এমনিতেই শুষ্ক থাকে। এর মধ্যে নিয়মিত ব্লো-ড্রায়ার, হেয়ার স্ট্রেইটনার বা কার্লার ব্যবহার করলে চুলের ক্ষতি বাড়তে পারে। তাই এসব যন্ত্রের ব্যবহার কমিয়ে আনুন। ব্যবহার করতেই হলে আগে হিট প্রোটেক্ট্যান্ট লাগিয়ে নিন। চুলের আগা ফেটে গেলে প্রয়োজন অনুযায়ী ছেঁটে ফেলুন।

৬. খুশকির সমস্যা হলে বাড়তি সতর্কতা

শীতকালে মাথার ত্বকে খুশকি ও চুলকানি বেড়ে যেতে পারে। এ ক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী অ্যান্টি-ড্যানড্রাফ শ্যাম্পু ব্যবহার করা যেতে পারে। চুলের দৈর্ঘ্য শুষ্ক হয়ে পড়া ঠেকাতে কন্ডিশনার ব্যবহার করুন। সমস্যা দীর্ঘস্থায়ী বা বেশি হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো।

চুল ভালো রাখতে বাড়তি কিছু অভ্যাস

অতিরিক্ত গরম পানি ব্যবহার করবেন না: শীতে গরম পানিতে গোসল আরামদায়ক হলেও অতিরিক্ত গরম পানি চুল ও মাথার ত্বক আরও শুষ্ক করে তুলতে পারে। তাই চুল ধোয়ার সময় স্বাভাবিক বা কুসুম গরম পানি ব্যবহার করুন।

ভেজা চুল নিয়ে বাইরে যাবেন না: ভেজা অবস্থায় চুল তুলনামূলক দুর্বল থাকে। তাই বাইরে যাওয়ার আগে চুল ভালোভাবে শুকিয়ে নিন। শীতের বাতাস ও ধুলাবালু থেকে চুল রক্ষা করতে স্কার্ফ বা টুপি ব্যবহার করতে পারেন।

বালিশের কভার নির্বাচনে সতর্ক হোন: ঘুমের সময় বালিশের সঙ্গে চুলের ঘর্ষণে চুল ভেঙে যেতে পারে। এ সমস্যা কমাতে সিল্ক বা সাটিনের বালিশের কভার ব্যবহার করতে পারেন। উলের টুপি পরলে ভেতরে নরম কাপড়ের আস্তরণ থাকলে ভালো।

চুল বেঁধে রাখুন: শীতের বাতাসে চুল জট পাকানো ও ভেঙে যাওয়ার আশঙ্কা থাকে। তাই চুল খোলা না রেখে হালকাভাবে বেণি বা খোঁপা করে রাখতে পারেন। তবে খুব শক্ত করে চুল বাঁধবেন না।

খাদ্যাভ্যাসে নজর দিন: চুলের সুস্থতা বজায় রাখতে সুষম খাবার খাওয়া জরুরি। খাদ্যতালিকায় মাছ, ডিম, বাদাম, তিসির বীজ, শাকসবজি ও প্রোটিনসমৃদ্ধ খাবার রাখুন। পাশাপাশি পর্যাপ্ত পানি পান করুন।

ঘরের আর্দ্রতা বজায় রাখুন: শীতকালে ঘরের বাতাস অতিরিক্ত শুষ্ক হয়ে গেলে হিউমিডিফায়ার ব্যবহার করতে পারেন। এতে ঘরের আর্দ্রতা বজায় রাখতে সহায়তা হবে।

শীতের শুষ্ক আবহাওয়ায় চুলের বাড়তি যত্ন নেওয়া জরুরি। নিয়মিত পরিষ্কার রাখা, পর্যাপ্ত আর্দ্রতা বজায় রাখা এবং অতিরিক্ত তাপ থেকে দূরে থাকাই এ সময় চুলের পরিচর্যার মূল বিষয়। নিজের চুলের ধরন বুঝে সঠিক পণ্য ও অভ্যাস বেছে নিতে পারলে শীতজুড়েও চুল থাকবে সুন্দর, কোমল ও প্রাণবন্ত।

Advertisements