২৩ নভেম্বর, ২০২৬ | সোমবারবাংলা: ৮ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলাদেশ

প্রথমবারের মতো বাংলাদেশ সফরে জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ দূত

p-6b046f9b48f35

শিক্ষার অধিকারবিষয়ক জাতিসংঘের বিশেষ দূত ফরিদা শহীদ ১২ দিনের সফরে বাংলাদেশে এসেছেন। সোমবার (২৩ নভেম্বর) ঢাকায় পৌঁছে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বিপক্ষীয় সম্পর্কবিষয়ক সচিব ড. মো. নজরুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন। আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন তিনি।

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সাক্ষাৎকালে দ্বিপক্ষীয় সম্পর্কবিষয়ক সচিব ফরিদা শহীদকে বাংলাদেশে স্বাগত জানান। এ সময় তিনি সবার জন্য অন্তর্ভুক্তিমূলক, সমতাভিত্তিক ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকারের অঙ্গীকারের বিষয়টি তুলে ধরেন।

সরকারের শিক্ষা খাতের বিভিন্ন উদ্যোগ সম্পর্কে বিশেষ দূতকে অবহিত করে সচিব জানান, স্নাতক পর্যায় পর্যন্ত মেয়েদের বিনা মূল্যে শিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং কারিগরি, বৃত্তিমূলক ও প্রযুক্তিনির্ভর শিক্ষার প্রসারে কাজ করছে সরকার। একই সঙ্গে প্রত্যন্ত ও শিক্ষাসুবিধাবঞ্চিত অঞ্চলের শিশুদের জন্য শিক্ষার সুযোগ বাড়াতে বিভিন্ন পরিকল্পনা ও কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

ফরিদা শহীদের এই সফর শিক্ষা অধিকারসংক্রান্ত বিভিন্ন বিষয়ে গঠনমূলক সংলাপ ও অর্থবহ আলোচনার ক্ষেত্র তৈরি করবে বলে আশা প্রকাশ করেন দ্বিপক্ষীয় সম্পর্কবিষয়ক সচিব। তিনি আরও বলেন, সফর শেষে বিশেষ দূতের পর্যবেক্ষণ ও সুপারিশ দেশের শিক্ষা খাতকে আরও শক্তিশালী করতে সরকারের চলমান উদ্যোগে সহায়ক ভূমিকা রাখবে। এ সময় সফরকালে তাঁকে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।

জবাবে বাংলাদেশ সরকারকে উষ্ণ অভ্যর্থনা ও সফরের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ধন্যবাদ জানান ফরিদা শহীদ। বাংলাদেশের শিক্ষানীতি, শিক্ষা খাতের বিভিন্ন উদ্যোগ এবং বিদ্যমান চ্যালেঞ্জ সম্পর্কে জানার সুযোগ পেয়ে তিনি সন্তোষ প্রকাশ করেন। সফর চলাকালে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে গঠনমূলক আলোচনা হবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

Advertisements

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষার অধিকারবিষয়ক জাতিসংঘের বিশেষ দূত হিসেবে এটিই ফরিদা শহীদের প্রথম বাংলাদেশ সফর। ২৩ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত সফরে তিনি সরকারের বিভিন্ন সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন।

এ ছাড়া দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনের পাশাপাশি নাগরিক সমাজের সংগঠন এবং শিক্ষা খাতের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজনের সঙ্গে মতবিনিময় করবেন জাতিসংঘের এই বিশেষ দূত।

Advertisements