শিশুখাদ্যে কাপড়ের রং ও সিঁদুরের ব্যবহার, কুমিল্লায় প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা

কুমিল্লার বুড়িচংয়ে শিশুদের জন্য তৈরি বিভিন্ন খাদ্যপণ্যে নিষিদ্ধ কাপড়ের রং ও সিঁদুরের রং ব্যবহারের প্রমাণ পেয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় এসএ ফুড প্রোডাক্টস (মুসলিম ফুড) নামের একটি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই অভিযানে অনিয়মের দায়ে একটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকেও ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
সোমবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে বিকেল পর্যন্ত বুড়িচং বাজার এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে এসএ ফুড প্রোডাক্টসের কারখানায় চানাচুর, বিস্কুট, ঝালমুড়ি, লাড্ডু, মটরভাজা ও চিপস তৈরিতে নিষিদ্ধ শিল্পকারখানার রং এবং সিঁদুরের রং ব্যবহারের বিষয়টি শনাক্ত হয়। পাশাপাশি খাদ্যপণ্য তৈরির পরিবেশও ছিল অস্বাস্থ্যকর। এসব অনিয়মের কারণে প্রতিষ্ঠানটিকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, বিভিন্ন পরীক্ষার ফি নিজেদের ইচ্ছেমতো নির্ধারণ এবং জীবন বিপন্ন হওয়ার ঝুঁকি তৈরি করে এমন কার্যক্রমের অভিযোগে আধুনিক হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান শেষে প্রতিষ্ঠান দুটিকে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার জন্য সতর্ক করা হয়। পাশাপাশি প্রয়োজনীয় সংশোধনের সুযোগ দেওয়া হয়েছে।
যৌথ অভিযানটির নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুমিল্লার সহকারী পরিচালক মো. কাউছার মিয়া। অভিযানে সহযোগিতা করেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নিরাপদ খাদ্য কর্মকর্তা জুয়েল মিয়া।
এ সময় কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) কুমিল্লা শাখার সভাপতি আনোয়ার হোসেন চৌধুরী, জেলা পুলিশের একটি দল, অফিস সহকারী ফরিদা ইয়াসমিন এবং নিরাপদ খাদ্যের নমুনা সংগ্রহকারী মো. সাকিব উপস্থিত ছিলেন।
অভিযান শেষে সহকারী পরিচালক মো. কাউছার মিয়া জানান, জনস্বাস্থ্য সুরক্ষা, নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং ভোক্তাদের অধিকার রক্ষায় এ ধরনের তদারকি ও অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।



