২৩ নভেম্বর, ২০২৬ | সোমবারবাংলা: ৮ অগ্রহায়ণ ১৪৩৩
বিনোদন

‘ডুবসাঁতার’ প্রচারের পুরো বিজ্ঞাপন আয় ব্যয় হবে মাতিয়া বানুর চিকিৎসায়

kk_1795268200

নাট্যকার, পরিচালক ও প্রযোজক মাতিয়া বানু শুকুর চিকিৎসার সহায়তায় ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বেসরকারি টেলিভিশন চ্যানেল আই। তার চিকিৎসার খরচ জোগাতে আগামী ২৮ নভেম্বর (শনিবার) বিকেল ৪টা ৪৫ মিনিটে চ্যানেলটিতে প্রচার করা হবে নির্মাতা নূরুল আলম আতিক পরিচালিত সিনেমা ‘ডুবসাঁতার’। বিশেষ এই প্রদর্শনী থেকে পাওয়া বিজ্ঞাপন আয়ের পুরো অর্থ ব্যয় করা হবে মাতিয়া বানু শুকুর চিকিৎসায়।

সংগৃহীত

এ উদ্যোগে বিজ্ঞাপনদাতা ও শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতার আহ্বান জানিয়েছে তার পরিবার।

দুরারোগ্য ক্যান্সার ও কিডনি জটিলতায় আক্রান্ত মাতিয়া বানু শুকু বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। প্রায় দেড় বছর আগে তার শরীরে ক্যান্সার শনাক্ত হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়েছিল। তবে দীর্ঘমেয়াদি ও ব্যয়বহুল চিকিৎসার খরচ বহন করতে গিয়ে আর্থিক সংকটে পড়েছে পরিবার।

এ প্রসঙ্গে তার স্বামী নির্মাতা নূরুল আলম আতিক বলেন, নাটক ও চলচ্চিত্রের সঙ্গে যুক্ত শিল্পীদের জন্য আলাদা কোনো সুযোগ-সুবিধা কিংবা পেনশন ব্যবস্থা নেই। কাজই তাদের একমাত্র ভরসা। ফলে পরিবারের কেউ ক্যান্সারের মতো জটিল রোগে আক্রান্ত হলে চিকিৎসার ব্যয় বহন করা কঠিন হয়ে পড়ে। মাতিয়া বানু শুকুর চিকিৎসার জন্য তারা বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু চিকিৎসার খরচ এখন তাদের সামর্থ্যের বাইরে চলে যাচ্ছে।

ভাষাসৈনিক আবদুল মতিনের জ্যেষ্ঠ কন্যা মাতিয়া বানু শুকু দুই দশকের বেশি সময় ধরে নাটক ও চলচ্চিত্র নির্মাণের সঙ্গে যুক্ত। মধ্যবিত্ত মানুষের জীবন, সম্পর্ক ও সামাজিক বাস্তবতা তার নির্মাণের অন্যতম প্রধান বৈশিষ্ট্য।

‘টু-লেট’, ‘গোল্লাছুট’, ‘যেখানে সীমান্ত তোমার’ ও ‘প্রজ্ঞা পারমিতা’র মতো টেলিফিল্ম ও ধারাবাহিক নাটক রচনা ও পরিচালনা করেছেন তিনি। ২০২১ সালে ‘লাল মোরগের ঝুঁটি’ চলচ্চিত্রের প্রযোজক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন এই নির্মাতা।

Advertisements

সৃজনশীল কাজের মাধ্যমে দীর্ঘদিন দর্শকদের ভালোবাসা পাওয়া এই নির্মাতার চিকিৎসায় এবার পাশে দাঁড়িয়েছে চ্যানেল আই।

Advertisements