২৩ নভেম্বর, ২০২৬ | সোমবারবাংলা: ৮ অগ্রহায়ণ ১৪৩৩
বিনোদন

প্রেমের পর ছয় বছরের সংসার, কেন বিচ্ছেদের সিদ্ধান্ত নিলেন নৃত্যশিল্পী স্বপ্না?

55-1795443917

ছয় বছরের দাম্পত্য জীবনের ইতি টানতে যাচ্ছেন ভারতের জনপ্রিয় হরিয়ানভি নৃত্যশিল্পী ও অভিনেত্রী স্বপ্না চৌধুরী। স্বামী বীর সাহুর সঙ্গে বিচ্ছেদের জন্য আদালতে আবেদন করেছেন তিনি। তবে হঠাৎ কেন এমন সিদ্ধান্ত, তা নিয়ে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে নানা প্রশ্ন। সম্প্রতি এক সাক্ষাৎকারে সম্পর্কের টানাপোড়েন, ভালোবাসা, বিশ্বাস এবং সংসার সামলাতে গিয়ে নিজের পরিচয় হারানোর অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন এই শিল্পী।

সংগৃহীত

বিচ্ছেদের কারণ সম্পর্কে স্বপ্না বলেন, তাদের সম্পর্ক কেন ভেঙেছে, তা শুধু তিনি ও বীর সাহুই জানেন। যত দিন সম্ভব তারা সংসার টিকিয়ে রাখার চেষ্টা করেছেন। কিন্তু একটা সময় পরিস্থিতি আর অনুকূলে না থাকায় আলাদা হওয়ার সিদ্ধান্ত নিতে হয়েছে।

সাক্ষাৎকারে ভালোবাসা নিয়েও নিজের উপলব্ধির কথা জানিয়েছেন স্বপ্না। তার মতে, ভালোবাসা কেবল শারীরিক সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ নয়; এর সঙ্গে আত্মিক টান ও আবেগ জড়িয়ে থাকে। তিনি বলেন, পুরুষেরা সাধারণত তুলনামূলক বাস্তববাদী হলেও নারীরা অনেক সময় আবেগের ভিত্তিতে সিদ্ধান্ত নেন।

স্বপ্না জানান, ‘বিগ বস’-এর ১১তম মৌসুমে অংশ নেওয়ার পর বীর সাহুর সঙ্গে বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। সে সময় তার জনপ্রিয়তাও ছিল তুঙ্গে। বিয়ের পর স্ত্রী, মা ও পুত্রবধূ হিসেবে পারিবারিক দায়িত্ব পালনে মনোযোগী হয়ে ওঠেন। তবে সংসার ও পেশাগত জীবনের ভারসাম্য বজায় রাখতে গিয়ে একসময় নিজের প্রতি মনোযোগ দেওয়াই বন্ধ করে দেন।

এই শিল্পীর ভাষ্য, পরিবারের দায়িত্ব পালন করতে গিয়ে ধীরে ধীরে নিজের স্বতন্ত্র পরিচয়, স্বপ্ন ও পেশাগত আকাঙ্ক্ষাগুলো আড়ালে চলে যায়। বিয়ের পর নিজের ইচ্ছা ও চাওয়াকে আগের মতো গুরুত্ব দিতে পারেননি তিনি। একপর্যায়ে বিষয়টি উপলব্ধি করে নিজের জীবন ও পরিচয় নিয়ে নতুন করে ভাবতে শুরু করেন।

উল্লেখ্য, ২০২০ সালে হরিয়ানভি গানের শিল্পী ও অভিনেতা বীর সাহুকে বিয়ে করেন স্বপ্না চৌধুরী। শুরুতে তাদের বিয়ের খবর গোপন রাখা হয়েছিল। প্রথম সন্তানের জন্মের পর বিষয়টি প্রকাশ্যে আসে। বর্তমানে তাদের দুই সন্তান রয়েছে।

Advertisements

হরিয়ানভি মিউজিক ভিডিও এবং বিভিন্ন নাচের অনুষ্ঠানে পারফর্ম করে পরিচিতি পান স্বপ্না। পরে জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’-এর ১১তম মৌসুমে অংশ নিয়ে দেশজুড়ে আলোচনায় আসেন তিনি। এরপর থেকে তার জনপ্রিয়তা আরও বাড়তে থাকে।

Advertisements