২৩ নভেম্বর, ২০২৬ | সোমবারবাংলা: ৮ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলাদেশ

তিন বিভাগে বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা

rain-20240430085755-202406181054371-20240620013208

দেশের তিনটি বিভাগে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আগামী কয়েক দিন দেশের বিভিন্ন এলাকায় দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য অঞ্চলে আকাশ সাময়িকভাবে আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাসের দ্বিতীয় দিন মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের কোথাও কোথাও আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে সামগ্রিকভাবে আবহাওয়া শুষ্ক থাকার কথা জানিয়েছে সংস্থাটি। এ সময় সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।

বুধবার (২৫ নভেম্বর) রাতের তাপমাত্রায় তেমন কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে। এদিনও দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে।

অন্যদিকে, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ও শুক্রবার (২৭ নভেম্বর) দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে এ দুই দিন আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। একই সঙ্গে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

Advertisements

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, বর্তমানে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আগামী পাঁচ দিনে আবহাওয়ার পরিস্থিতিতে উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের আভাস নেই।

এদিকে সোমবার সন্ধ্যা ৬টায় রাজধানী ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা রেকর্ড করা হয়েছে ৮৫ শতাংশ। এ সময় উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার গতিতে বাতাস প্রবাহিত হচ্ছিল।

Advertisements