বিশ্ব ডিম দিবস আজ, সুষম খাদ্যতালিকায় ডিমের গুরুত্ব তুলে ধরার উদ্যোগ

ডিমের পুষ্টিগুণ এবং সুস্বাস্থ্য বজায় রাখতে এর ভূমিকা সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা তৈরির উদ্দেশ্যে আজ শুক্রবার (৯ অক্টোবর) বিশ্বজুড়ে পালিত হচ্ছে বিশ্ব ডিম দিবস। প্রতিবছর অক্টোবর মাসের দ্বিতীয় শুক্রবার দিবসটি উদযাপন করা হয়। ১৯৯৬ সালে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় আন্তর্জাতিক এগ কমিশনের (আইইসি) এক সম্মেলনে দিবসটি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। সেই ধারাবাহিকতায় এবার দিবসটির ৩০তম আয়োজন অনুষ্ঠিত হচ্ছে।

এ বছর বিশ্ব ডিম দিবসের প্রতিপাদ্য—‘শক্তি ও পুষ্টিতে ভরপুর ডিম’। এই প্রতিপাদ্যের মাধ্যমে মানুষের দৈনন্দিন খাদ্যতালিকায় ডিমের গুরুত্ব এবং প্রাণিজ আমিষের সহজলভ্য উৎস হিসেবে এর ভূমিকা তুলে ধরা হচ্ছে। পাশাপাশি ডিমের পুষ্টিগুণ সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোগে দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। প্রাণিসম্পদ অধিদপ্তর, ওয়ার্ল্ডস পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশনের বাংলাদেশ শাখা (ওয়াপসা-বিবি) এবং বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিলের (বিপিআইসিসি) যৌথ উদ্যোগে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে এসব কর্মসূচি আয়োজন করা হচ্ছে।
দিবসটি উপলক্ষে রয়েছে সচেতনতামূলক শোভাযাত্রা, আলোচনা সভা, জাতীয় সেমিনার এবং বিভিন্ন কৃষি বিশ্ববিদ্যালয়ে পুষ্টিবিষয়ক বিশেষ আয়োজন। এসব কর্মসূচির মাধ্যমে ডিম খাওয়ার উপকারিতা এবং সুষম খাদ্যাভ্যাসে এর প্রয়োজনীয়তা তুলে ধরা হবে।
এ ছাড়া সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এতিমখানা, বৃদ্ধাশ্রম ও সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে বিনামূল্যে ডিম বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। আয়োজকদের লক্ষ্য, পুষ্টিকর খাবার হিসেবে ডিমের গুরুত্ব সবার কাছে পৌঁছে দেওয়া এবং মানুষের খাদ্যাভ্যাসে পুষ্টির বিষয়টিকে আরও গুরুত্ব দেওয়ার বিষয়ে উৎসাহিত করা।



