৮ অক্টোবর, ২০২৬ | বৃহস্পতিবারবাংলা: ২৩ আশ্বিন ১৪৩৩
জীবনযাপন

সম্পর্কে মন বসছে না? নিজের অজান্তেই যে ৫ পরিবর্তন আসে

images (7)

একটি সম্পর্ক ভেঙে যাওয়ার আগে সব সময় বড় কোনো ঝগড়া, বিশ্বাসভঙ্গ বা নাটকীয় ঘটনা ঘটে—এমন নয়। কখনো কখনো সম্পর্কের ভাঙন শুরু হয় একেবারেই নীরবে। একই ছাদের নিচে থেকেও দুজন মানুষের মধ্যে তৈরি হতে থাকে অদৃশ্য দূরত্ব। কথা হয়, দৈনন্দিন কাজ চলে, দায়িত্বও পালন করা হয়; কিন্তু কোথাও যেন আগের সেই টান, আগ্রহ কিংবা কাছাকাছি থাকার ইচ্ছেটা আর থাকে না।

মজার বিষয় হলো, এই পরিবর্তনগুলো অনেক সময় মানুষ নিজেও প্রথমে বুঝতে পারেন না। সম্পর্কের প্রতি আগ্রহ কমে গেলে আচরণে ধীরে ধীরে কিছু সূক্ষ্ম পরিবর্তন দেখা দিতে পারে। সেগুলো কী?

সঙ্গীর চেয়ে একাকিত্বই বেশি স্বস্তির মনে হয়

একসময় অবসর পেলেই সঙ্গীর সঙ্গে সময় কাটাতে ভালো লাগত। এখন সেই সময়টুকুই যেন এড়িয়ে যেতে ইচ্ছা করে। কাজের ব্যস্ততা, ফোন, ব্যক্তিগত কোনো কাজ কিংবা বন্ধুদের সঙ্গে সময় কাটানোর পরিকল্পনা—যেকোনো কিছুই তখন একসঙ্গে থাকার চেয়ে বেশি আকর্ষণীয় মনে হতে পারে। একা থাকা তখন আর নিঃসঙ্গতা মনে হয় না; বরং স্বস্তির জায়গা হয়ে ওঠে। সঙ্গী পাশে থাকলেও নিজের মতো করে থাকার তাগিদ বাড়তে থাকে।

জীবনের ছোটখাটো কথাগুলোও আর বলতে ইচ্ছা করে না

সম্পর্কে আবেগের ঘনিষ্ঠতার একটি বড় প্রকাশ হলো নিজের দিনের ছোট ছোট ঘটনা সঙ্গীর সঙ্গে ভাগ করে নেওয়া। অফিসে কী হলো, কার সঙ্গে দেখা হলো, কোনো মজার ঘটনা, হঠাৎ পাওয়া আনন্দ কিংবা সামান্য মন খারাপ—এসব বলার জন্য আলাদা কোনো কারণ লাগে না। কিন্তু সম্পর্কের প্রতি আগ্রহ কমতে থাকলে সেই স্বাভাবিক কথোপকথনও কমে যায়। গুরুত্বপূর্ণ বিষয় ছাড়া আর কিছু বলার প্রয়োজন বোধ হয় না। মনে হতে পারে, ‘বলেই বা কী হবে?’ এই অনীহা ধীরে ধীরে আবেগগত দূরত্বের ইঙ্গিত দিতে পারে।

Advertisements

সম্পর্কের বাইরের পৃথিবী বেশি আকর্ষণীয় হয়ে ওঠে

বন্ধু, পরিবার, শখ কিংবা নিজের জন্য সময়—এসব অবশ্যই একটি সুস্থ সম্পর্কের অংশ। সমস্যা তখনই তৈরি হয়, যখন সম্পর্কের বাইরে কাটানো সময়টাই সবচেয়ে কাঙ্ক্ষিত হয়ে ওঠে। সঙ্গীকে সঙ্গে না নিয়ে পরিকল্পনা করা, একা ঘুরতে যাওয়ার ইচ্ছা, বন্ধুদের সঙ্গে দীর্ঘ সময় কাটানো কিংবা নিজের জগতে ডুবে থাকা তখন শুধু পছন্দ নয়, বরং একধরনের মানসিক আশ্রয় হয়ে উঠতে পারে। কারণ সেই সময়টুকুতে সম্পর্কের চাপ বা অস্বস্তি অনুভব করতে হয় না।

যে বিষয়গুলো আগে কষ্ট দিত, সেগুলো নিয়েও আর কথা বলতে ইচ্ছা করে না

এটি অনেক সময় সবচেয়ে গভীর পরিবর্তন। আগে সঙ্গীর কোনো আচরণে কষ্ট পেলে মানুষ কথা বলতেন, অভিযোগ করতেন, বোঝানোর চেষ্টা করতেন। কখনো তর্কও হতো। কারণ তখনও মনে থাকত—কথা বললে হয়তো পরিস্থিতি বদলানো সম্ভব।কিন্তু একসময় সেই চেষ্টাটাও বন্ধ হয়ে যেতে পারে। তখন উত্তর আসে, ‘ঠিক আছে’, ‘যা ইচ্ছা করো’ কিংবা ‘কিছু না’। বাইরে থেকে মনে হতে পারে ঝগড়া কমেছে, সম্পর্ক শান্ত হয়েছে। অথচ এই নীরবতার পেছনে থাকতে পারে গভীর মানসিক ক্লান্তি এবং পরিবর্তনের আশা হারিয়ে ফেলা।

সম্পর্ক ছাড়া একটি নতুন জীবনের কল্পনা বারবার মনে আসে

মাঝেমধ্যে একা থাকা, অন্য কোথাও চলে যাওয়া বা নতুনভাবে জীবন শুরু করার কথা মনে আসা অস্বাভাবিক নয়। কিন্তু যদি বারবার মনে হতে থাকে—সঙ্গীকে ছাড়া জীবনটাই বুঝি বেশি শান্তির, বেশি আনন্দের—তাহলে নিজের অনুভূতিগুলো একটু থেমে দেখার প্রয়োজন আছে।

কোথায় যেন বদলে গেছে সম্পর্কের সমীকরণ? কেন একসঙ্গে থাকার চেয়ে দূরে থাকার চিন্তা বেশি স্বস্তি দিচ্ছে? এমন প্রশ্নের উত্তর খোঁজা জরুরি।

তবে এসব আচরণ দেখলেই যে সম্পর্কের প্রতি ভালোবাসা শেষ হয়ে গেছে, এমন সিদ্ধান্তে পৌঁছানো ঠিক নয়। মানসিক চাপ, ব্যক্তিগত সমস্যা, দীর্ঘদিনের ক্লান্তি কিংবা অন্য কোনো পরিস্থিতিও আচরণে এমন পরিবর্তন আনতে পারে। তাই লক্ষণগুলোকে চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে না দেখে নিজের অনুভূতি বোঝার সংকেত হিসেবে দেখা ভালো।

কারণ অনেক সময় সম্পর্ক ভাঙার শব্দ শোনা যাওয়ার আগেই মন তার অসন্তুষ্টির কথা খুব নীরবে জানাতে শুরু করে।

Advertisements