সম্পর্কে সুখী না হলে অজান্তেই যে ৫ পরিবর্তন আসে

সম্পর্ক ভেঙে যাওয়ার আগে সব সময় বড় কোনো ঝগড়া, বিশ্বাস ভঙ্গ কিংবা নাটকীয় ঘটনা ঘটে না। অনেক সময় খুব নীরবেই তৈরি হয় দূরত্ব। দুজন পাশাপাশি থাকেন, নিয়মিত কথা বলেন, এমনকি ভালোবাসার কথাও বলেন; কিন্তু ভেতরে ভেতরে একজন ধীরে ধীরে সম্পর্কটি থেকে নিজেকে সরিয়ে নিতে থাকেন। মনোবিজ্ঞানের দৃষ্টিতে, সম্পর্কের প্রতি আগ্রহ ও আবেগ কমে গেলে আচরণে কিছু সূক্ষ্ম পরিবর্তন দেখা দিতে পারে।
একা থাকতেই বেশি ভালো লাগে
সম্পর্কে অস্বস্তি বা অসন্তুষ্টি তৈরি হলে সঙ্গীর সঙ্গে সময় কাটানোর চেয়ে একা থাকা কিংবা বন্ধুদের সঙ্গে সময় কাটানো বেশি স্বস্তিদায়ক মনে হতে পারে। সঙ্গী বাড়িতে এলে কাজে ব্যস্ত হয়ে পড়া, অবসর পেলেই ফোনে ডুবে থাকা কিংবা নানা অজুহাতে বাইরে সময় কাটানোর প্রবণতা দেখা দিতে পারে।
ছোটখাটো বিষয়ও আর ভাগ করে নিতে ইচ্ছা করে না
একসময় দিনের ছোট ঘটনা, অফিসের অভিজ্ঞতা, কারও বলা মজার কথা কিংবা কোনো বিরক্তির বিষয়ও সঙ্গীর সঙ্গে ভাগ করে নেওয়ার আগ্রহ থাকে। কিন্তু সম্পর্কের প্রতি আগ্রহ কমে গেলে সেই তাগিদও হারিয়ে যেতে পারে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের পাশাপাশি দৈনন্দিন জীবনের ছোট আনন্দ, কষ্ট বা ভাবনাগুলোও আর সঙ্গীকে বলতে ইচ্ছা করে না। কথোপকথন যতটা সম্ভব কমিয়ে দেওয়ার প্রবণতা তৈরি হয়।
সম্পর্কের বাইরের জীবন বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে
বন্ধু, শখ ও ব্যক্তিগত সময় সুস্থ সম্পর্কের স্বাভাবিক অংশ। তবে সম্পর্কের মধ্যে সুখ না থাকলে বাইরের জীবনটাই কারও কাছে স্বস্তির জায়গা হয়ে উঠতে পারে। তখন এমন পরিকল্পনা করার প্রবণতা দেখা যায়, যেখানে সঙ্গীকে ছাড়াই বেশি সময় কাটানো সম্ভব। কারণ একাকী কিংবা সম্পর্কের বাইরের সময়টুকুই হয়তো তাকে মানসিকভাবে বেশি স্বস্তি দেয়।
যেসব বিষয় আগে কষ্ট দিত, সেসব নিয়েও আর কথা বলতে ইচ্ছা করে না
সম্পর্কের প্রতি আগ্রহ কমে যাওয়ার অন্যতম লক্ষণ হতে পারে এই নীরবতা। আগে সঙ্গীর কোনো আচরণে কষ্ট পেলে কথা বলা, বোঝানোর চেষ্টা করা কিংবা তর্ক করার প্রবণতা থাকলেও পরে কেউ শুধু ‘ঠিক আছে’ বা ‘যা ইচ্ছা করো’ বলে বিষয়টি এড়িয়ে যেতে পারেন। বাইরে থেকে মনে হতে পারে ঝামেলা কমেছে। কিন্তু এর পেছনে থাকতে পারে দীর্ঘদিনের মানসিক ক্লান্তি এবং কথা বলে কিছু পরিবর্তন হবে না—এমন বিশ্বাস।
একা জীবন কেমন হবে, তা কল্পনা করতে শুরু করা
সম্পর্কে সুখ না থাকলে নিজের মতো করে থাকা, অন্য কোথাও চলে যাওয়া, একা ভ্রমণ করা কিংবা সম্পূর্ণ নতুনভাবে জীবন সাজানোর চিন্তা বারবার মনে আসতে পারে। মাঝেমধ্যে এমন কল্পনা স্বাভাবিক হলেও, যখন একাকী জীবনকে বর্তমান সম্পর্কের চেয়ে বেশি আনন্দের ও স্বস্তির মনে হতে থাকে, তখন নিজের অনুভূতি নিয়ে ভাবার প্রয়োজন হতে পারে।
তবে এসব আচরণের কোনো একটি দেখা দিলেই সম্পর্ক অসুখী বা ভেঙে যাওয়ার পথে—এমন সিদ্ধান্তে পৌঁছানো ঠিক নয়। ব্যক্তিগত চাপ, কাজের ব্যস্ততা বা মানসিক ক্লান্তির কারণেও আচরণে সাময়িক পরিবর্তন আসতে পারে। গুরুত্বপূর্ণ হলো, পরিবর্তনগুলো দীর্ঘস্থায়ী কি না এবং সম্পর্কের মধ্যে নিজের অনুভূতি কেমন—সেদিকে মনোযোগ দেওয়া।



